আমাদের বিএনপির স্টাইলে কাজ করলে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সড়ক ভবনের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমাদের বিএনপির স্টাইলে কাজ করলে হবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দল থেকে বের করে কারাগারে পাঠাতে হবে। এদের স্থান দলে নয়, কারাগারে। দুয়েক জনের জন্য একটা দলের ভাবমূর্তি নষ্ট করা যাবে না।’আজ বৃহস্পতিবার সেগুনবাগিচায় খাজা নাজিম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বিএনপি-জামায়াতের গণবিরোধী কর্মকাণ্ড, খালেদা জিয়ার মিথ্যাচার: দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। জীবন থাকতে অনির্বাচিত কারও হাতে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে না। তাই খালেদা জিয়াকে বলি, রাস্তায় সময় নষ্ট করবেন না। দাবি থাকলে সংসদে এসে উপস্থাপন করুন। দাবি যদি যৌক্তিক হয় তা সরকার অবশ্যই মেনে নেবে।’সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনই গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের একমাত্র পথ। তা ছাড়া সাধারণ মানুষকে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারি না। তাই আগামী নির্বাচন নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে।’বিএনপির আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘রাজপথে হরতাল নৈরাজ্য করে আওয়ামী লীগের কিছুই করতে পারবেন না। এটাও ভাবার কোনো কারণ নেই, আমরা কোনো অযৌক্তিক দাবির মুখে ক্ষমতা হস্তান্তর করব।’বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা লায়ন মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।