আমাদের বেশি কথা বলতে হচ্ছে না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের বেশি কথা বলতে হচ্ছে না। তাঁদের লোকজন সংসদে ব্যর্থ মন্ত্রীদের পদত্যাগ চেয়েছেন। অথচ প্রধানমন্ত্রী নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে। তাঁকে (প্রধানমন্ত্রী) পরিষ্কার করে বলতে চাই, ভাঙা রেকর্ড অনেক শুনিয়েছেন। আর শুনতে চাই না। এই সরকারের আমলে রাস্তাঘাটের বেহাল দশার কারণে একের পর দুর্ঘটনায় মানুষ মরছে।’আজ শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধাপরাধের বিচার করা হচ্ছে। আমরাও যুদ্ধাপরাধের বিচার চাই। কিন্তু ১৯৫ যুদ্ধাপরাধীকে আপনাদের নেতা পাকিস্তানে চলে যেতে সুযোগ করে দিয়েছেন। তবে একজন নিরীহ ব্যক্তি যেন প্রতিহিংসার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। যুদ্ধাপরাধের নামে যাঁদের ধরা হয়েছে তাঁদের আইনি সুযোগ দেওয়া হচ্ছে না। বিদেশ থেকে আসা আইনজীবী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।’ ভারতের সঙ্গে চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার কোনো চুক্তি জনগণের সামনে উপস্থাপন করছে না। বন্ধুত্ব আমরাও চাই। আর তা হতে হবে সমতার ভিত্তিতে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বুকের ওপর দিয়ে ট্রানজিট দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া হবে। এর বদলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে, তার কোনো ব্যাখ্যা নেই।’নগরের জিমনেসিয়াম প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এতে বিএনপি নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফরহাদ কাদের চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। আর অনুষ্ঠান পরিচালনা করেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী।