আমাদের বয়স আর বাড়ল না
অভিষেক টেস্ট! নিজের দেশের অভিষেক টেস্টে খেলার স্মৃতি কোনো ক্রিকেটারের জন্যই ভোলার উপায় নেই। আমার এই স্মৃতিটা আরও একটু বেশি রোমাঞ্চকর। আমি পরে বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব করেছি, বিশ্বের নানা প্রান্তে খেলে টেস্টে কম-বেশি কিছু রান করেছি; অথচ এর কিছুই না-ও হতে পারত।আমরা যখন ক্রিকেট শুরু করি, টেস্ট খেলার স্বপ্ন তখন আমরা দেখিনি। স্বপ্ন ঠিক বলব না, একটা গুঞ্জন তৈরি হলো ১৯৯৯ বিশ্বকাপের পর। এখানে-ওখানে আলোচনা শুনতাম, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে। শেষ পর্যন্ত গুঞ্জনটা সত্যি হলো, ঘোষণাটা পাওয়ামাত্র আমরা সবাই একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম।ঘরোয়া লিগে মোটামুটি রান করতাম, আন্তর্জাতিক ক্রিকেট টুকটাক যা হতো তাতেও কিছু রান ছিল; তাই আশা ছিল, প্রথম টেস্ট দলে ডাক পাব। আমরা তখন বিকেএসপিতে ক্যাম্প করছি। কথায় কথায় টেস্ট প্রসঙ্গ চলে আসে। কেউ হয়তো টানা তিনটা বল ডিফেন্স করল, অমনি ফিল্ডাররা স্লেজিং শুরু করত, ‘এই যে ১০ নভেম্বর চলে আসছে। উনি টেস্ট খেলতে নামছেন।’ এ ওকে খোঁচা দিত ‘হবু টেস্ট খেলোয়াড়’ বলে।অভিষেক টেস্টের কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলাম আমরা। যাচ্ছেতাই পারফরম্যান্স হলো, আমিও খারাপ করলাম। তার পরও ভাবিনি, আমি টেস্ট দলে থাকব না। আশাটা ছিল, স্বপ্ন ছিল। সব আশা, সব স্বপ্ন ভেঙে গেল ঢাকা থেকে আসা খবরে—টেস্ট দলে নেই সুমন! জীবনে এর পরে অনেক ধাক্কা খেয়েছি, অনেক কষ্ট পেয়েছি; কিন্তু ওই দিন যে কষ্ট পেয়েছিলাম, সেটির সঙ্গে আর কিছুর তুলনা চলে না।বিকেএসপি থেকে পালিয়ে আসার মতো করে বাসায় চলে এলাম। তখন মোবাইল ফোনটোন নেই। ভাড়া বাসায় থাকি, ল্যান্ড ফোনও নেই। তাই দুনিয়ার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেই বাসায় মুখ গুঁজে থাকলাম। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছা করত না, বাইরে বেরোতে ইচ্ছা করত না। মাঝেমধ্যে শুধু ভাবতাম, ক্রিকেট বোধহয় এখানেই শেষ।আরেকটা ধাক্কা খেলাম। বাসায় হঠাৎ হাজির বুলবুল ভাইয়ের (আমিনুল ইসলাম) পাঠানো এক ড্রাইভার। সে এসে বলল, ‘স্যার, আপনাকে সবাই খোঁজে। বুলবুল স্যার বলছে, আপনি টেস্ট দলে আছেন।’কী বলবেন একে! স্বপ্ন, মিথ্যা সান্ত্বনা, নাকি অন্য কিছু! আমি ওই বিস্ময়ের ঘোর আর কাটিয়ে উঠতে পারলাম না। বিশ্বাস করুন, এরপর টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত আর এই ঘোর থেকে বের হতে পারিনি। কী অনুশীলন করছি, কী প্ল্যানিং হচ্ছে—কিছুই বুঝতে পারতাম না। মনে হতো, এসব ঘটনা স্বপ্নের মধ্যে দেখছি। ওই স্বপ্নের মধ্যেই হেঁটে হেঁটে ১০ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামলাম টেস্ট ব্যাটসম্যান হিসেবে। সবাই বলবে, ব্যাট করতে নামার পরই ঘোর কেটে গেল। আমার ঘোর কাটেনি।কাটবে কী করে, সে কি আর এখনকার মতো দিন! তখন শচীন টেন্ডুলকারদের দেখা মিলত টেলিভিশনে, না হয় বছরে-দুই বছরে একবার এশিয়া কাপে। সেই ক্রিকেট-নায়কদের মাঝে ব্যাটিং করতে নামছি, ঘোর কী করে কাটে!বিশ্বাস করুন, ঘোরের মধ্যে ব্যাট করেছি। কোথায় ব্যাট চালাচ্ছি, কোথায় বল যাচ্ছে, বুঝতে পারছিলাম না। বুঝতে পারছিলাম, মাঝেমধ্যে বাউন্ডারি হচ্ছিল। একসময় আউটও হয়ে গেলাম। পরে বুঝেছি ৭১ রান করেছি।প্রথম ইনিংসটা শেষেই অবশ্য ঘোরটা কেটে গেল। বুঝলাম, বেশ ভালো রান করেছি আমরা। ওই ‘ভালো’ অনুভূতিটাই আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। আরও একটা ইনিংস যে আছে, সেটা যেন ভুলেই গিয়েছিলাম। ফল কী হয়েছিল, সবাই জানেন।অভিষেক টেস্ট গেল। আমি কিন্তু তখনো বুঝতে পারিনি, টেস্ট দলে নিয়মিত খেলতে পারব। সত্যি কথা হলো, আমি ঘরোয়া ক্রিকেটেও খুব লম্বা ইনিংস খেলার জন্য খ্যাত ছিলাম না, সেভাবে ধারাবাহিকও ছিলাম না; ফলে আশাটা কম ছিল।নিয়মিত টেস্ট খেলতে পারব—এই বিশ্বাসটা তৈরি হলো জিম্বাবুয়ে সফর শেষে। ওই সফরে এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমরা। ঘাসের উইকেট, উইকেটে পেস আছে—এমন কন্ডিশনে এর আগে খেলিনি। একেবারে নতুন এই অভিজ্ঞতার মধ্যেও যখন রান করতে পারলাম, তখন বুঝলাম, টেস্টটা আমাকে দিয়ে হবে।হয়েছে কি না, কে জানে! তবে এরপর মাঝেমধ্যেই রান করেছি। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের বেশ কিছু টেস্ট মাইলফলকের সাক্ষী হয়েছি। তারপর অনেক পানি গড়িয়েছে বুড়িগঙ্গায়। আপাতত আমি ক্রিকেট থেকে দূরে। এই সময়ে মাঝেমধ্যে পেছনে ফিরে দেখতে ইচ্ছা করে, কী পেলাম এই ১০ বছরে।নির্জলা সত্যি কথা বলি, কিচ্ছু পাইনি। ওয়ানডেতে আমরা এখন খুব ভালো দল, কিন্তু টেস্টে মনে হয় সেই ২০০০ সালেই পড়ে আছি। কেন এমন হলো? অনেক জবাব আছে। কেউ বলেন প্রথম শ্রেণীর ক্রিকেট-কাঠামো ঠিক নেই, কেউ বলেন উইকেটের মান এখনো ভালো হলো না, কেউ বলেন ওয়ানডে নিয়ে আমরা বেশি ভাবছি। আমার কাছে একটা কারণই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়—টেস্ট অভিষেকের পর থেকে আমাদের দলটা নিয়ে বড় বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।১০ বছর হয়ে গেল, কিন্তু বলুন তো এখনকার এই দলটার আন্তর্জাতিক ক্রিকেটে বয়স কত! হিসাব করে দেখবেন দেড়-দুই বছরের বেশি হবে না। কখনোই সেটা ছিল না। চিরকাল আমরা ওই দুই বছর বয়সী দল রয়ে গেলাম।সিনিয়র ক্রিকেটাররা সামান্য খারাপ করলেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। আকরাম ভাই, বুলবুল ভাই, দুর্জয়, রফিক—সবাই আরও বেশ কিছুদিন অনায়াসে খেলে যেতে পারতেন। তাঁদের ছায়ায় আরেকটা প্রজন্ম প্রস্তুত হতো। সেসব কিছুই হয়নি।হতাশ হবেন না। হয়নি বলে হবে না, তা তো নয়। আজ ১০ বছর পার করে এসে আমরা প্রার্থনা করি, বর্তমান দলটা যেন অভিজ্ঞ দল হয়ে উঠতে পারে। সত্যিকার টেস্ট দল হয়ে উঠতে পারে।