আমাদের ভিন্নমত ছিল, আমরা তখন ভিন্ন অবস্থানে ছিলাম: আজহার
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা কী কর্মকাণ্ড করেছেন, তা জানতে সে সময়কার পত্রিকা পড়ার পরামর্শ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় তাঁদের ভিন্ন অবস্থান ছিল, তবে তাঁরা কোনো অপরাধ করেননি। আর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী লাখ লাখ মানুষ হত্যা ও নারী ধর্ষণ করলেও নানা কারণে জামায়াত এর প্রতিবাদ করতে পারেনি।আজ বুধবার দুপুরে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে এ টি এম আজহার এসব কথা বলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের চারজন শীর্ষ নেতার বিচারপ্রক্রিয়া সম্পর্কে নানা অভিযোগ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।লিখিত বক্তব্যের পর সাংবাদিকেরা একাত্তরে জামায়াতের অবস্থান নিয়ে নানা প্রশ্ন করেন, তবে অনেক প্রশ্নেরই সুনির্দিষ্ট কোনো জবাব মেলেনি। এক প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘তখন আমাদের ভিন্নমত ছিল। আমরা ভিন্ন অবস্থানে ছিলাম।’ তখন রাজনৈতিক দল হিসেবে জামায়াতের কর্মসূচি কী ছিল, জানতে চাইলে তিনি বলেন, ‘সে সময়ের পত্রিকা পড়ে দেখেন কী অবস্থানে ছিলাম।’কেন যুদ্ধকালীন অপরাধের বিচারের বিরোধিতা করছেন, জানতে চাইলে জামায়াত নেতা বলেন, ‘শেখ মুজিবুর রহমান সাহেব এই প্রক্রিয়ার ইতি টেনে গেছেন। তাঁর আমলে পাকিস্তানি সেনাবাহিনীর ১৯৫ জনকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তাদেরকে পাকিস্তান চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল।...যারা ’৭১ সালে যুদ্ধ করেছিল, লাখ লাখ মানুষকে হত্যা করেছিল, মা-বোনদের ধর্ষণ করেছিল, তাদেরকে ছেড়ে দিয়ে এখন রাজনৈতিক কারণে জামায়াতকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামায়াত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী সদস্য ছিল না। তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো এলাকায় শান্তি কমিটির চেয়ারম্যান জামায়াতের ছিল না। আওয়ামী লীগ বা মুসলিম লীগের নেতারাই এসব কমিটির চেয়ারম্যান ছিলেন। কাজেই শান্তি কমিটি কোনো অপকর্ম করলে সেটার দায় আওয়ামী লীগ বা মুসলিম লীগের, জামায়াতের না।