আমাদের মূল্যায়ন আপনারা করবেন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, আগামী মে মাসের শেষ সপ্তাহে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। ৭ মের মধ্যে ভোলা সংসদীয় আসনেরও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপকূলীয় অঞ্চল থেকে শুরু হয়ে একনাগাড়ে চলবে এবং এ বছরেই তা সম্পন্ন হবে। কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আপনারা মূল্যায়ন করবেন। সামনে ভোলার একটি সংসদ, দুটি সিটি করপোরেশন, ৩০৫টি পৌরসভা, চার হাজার ৪০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশাসন কীভাবে কাজ করে, আমরা কীভাবে কাজ করি সেটা দেখে আপনারা মূল্যায়ন করবেন।’আজ শুক্রবার চাঁদপুরে অংকুর কচি-কাঁচার মেলা আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।নির্বাচন কমিশনার আরও জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এসব ইউনিয়নের কার্যক্রম অনেকটা তামাদি অবস্থায় রয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এটা যার যার ইচ্ছা। যারা নিবন্ধন করবে তারা নির্বাচন করার সুযোগ পাবে। গত বছর ১০৭টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৯টি দলকে নিবন্ধন দেওয়া হয়। কমিশনের শর্ত পূরণ করতে না পারলে নিবন্ধন প্রত্যাখ্যান করা হবে বলে তিনি জানান।