আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে হরতালের ক্রেডিট আছে: সুরঞ্জিত
‘আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সব ধরনের হরতালের ক্রেডিট আছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘২৯ নভেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হবে, আর ৩০ তারিখে হরতাল। এটার মানে কী? তাহলে এই হরতাল কার জন্য? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটানো, তাঁকে টেলিফোনে প্রাণের হুমকি দেওয়া। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সব রকমের হরতালের ক্রেডিট আছে। কিন্তু জুডিশিয়ারির বিরুদ্ধে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে হরতাল অতীতে কোনো দিন হয় নাই এবং এটি অভিনব।’বিএনপির সাংসদেরা গণপদত্যাগ করতে পারেন বলে সালাউদ্দিন কাদের চৌধুরী যে মন্তব্য করেছেন সে বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘পদত্যাগ করার হুমকি দেওয়া যেতে পারে। তার পরও তারা যদি পদত্যাগ করতে চান, তাহলে আমার করার কিছুই নাই (আই হ্যাভ নাথিং টু ডু)। তাহলে ৯০ দিনের মধ্যে আরেকটা নির্বাচন (ইলেকশন) হবে।’