আমাদের লাগানো গাছ কেটেছে জোট সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দলীয় কর্মীসহ প্রত্যেককে অন্তত তিনটি করে—অর্থাত্ একটি ফলদ, একটি ভেষজ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ শুক্রবার সকালে গণভবনে বাংলাদেশ কৃষক লীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রোধ করে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে গাছের চারা লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে কৃষক লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো নানাবিধ প্রাকৃতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে পতিত জমিতে নারিকেল, তাল ও ঝাউগাছ রোপণের মাধ্যমে সামাজিক বনায়ন বৃদ্ধি করারও আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষক লীগ ১৯৮৫ সাল থেকে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে এবং তাঁর সরকার গত মেয়াদে সারা দেশে বিপুল সংখ্যক গাছের চারা রোপণ করেছে। বিগত সরকারের আমলে বৃক্ষরোপণ কার্যক্রমের অবস্থা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আমাদের বিগত সরকার সারা দেশে বিপুল সংখ্যক গাছ রোপণ করলেও বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কেবল রাজনৈতিক প্রতিহিংসার বশে ওই সব গাছ কেটে ফেলে। তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য পরিচর্যাসহ সবার মৌলিক চাহিদার নিশ্চয়তা বিধান। এ লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।জানা গেছে, কৃষক লীগের সভাপতি মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এবং বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাসিমও বক্তব্য দেন।পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষক লীগের নেতা-কর্মীদের মধ্যে চারা বিতরণ এবং গণভবন প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন।