আমাদের লাল কার্ড দেখানো অত সহজ নয়: শ্রমমন্ত্রী
‘পৌরসভা নির্বাচনে জিতে কেউ কেউ লাল কার্ড দেখাতে চান। কিন্তু আমাদের লাল কার্ড দেখানো অত সহজ নয়। পৌরসভায় আমরাও খারাপ করিনি। বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী।’আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরে ‘পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। ফরিদপুর পৌরসভায় মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জেতায় ভালো হয়েছে।’ পাশাপাশি বিএনপি-সমর্থিত প্রার্থী জিততে না পারার দিকে ইঙ্গিত করে শ্রমমন্ত্রী বলেন, ‘গম লুটের জবাব দেওয়া হয়েছে।’শহরতলির গোবিন্দপুর গ্রামে এ সংগ্রহশালার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘জসীমউদ্দীন গ্রামবাংলার মানুষের প্রাণের কবি। কবি তাঁর বিভিন্ন কবিতায় শহরের মানুষকে গ্রামে যেতে অনুরোধ করেছেন। এর আগে আমারও এখানে আসা হয়ে ওঠেনি। আজ এসে ভালো লাগছে। এ সংগ্রহশালা নির্মিত হওয়ার পর পল্লিকবির বিশাল রচনা নিয়ে গবেষণা করার পথ সুগম হবে।’ফরিদপুর সদরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে কবির পৈতৃক বাড়ি সংলগ্ন চার একর জমির ওপর ‘পল্লিকবি জসীমউদ্দীন সংগ্রহশালা’ নির্মাণ করা হবে। জাতীয় জাদুঘরের উদ্যোগে গণপূর্ত বিভাগ এটি নির্মাণ করবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট কোটি টাকা। সংগ্রহশালার নির্মাণকাজ আগামী ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা।