আমাদের শফিউল মায়ের সুহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল হতে না-হতেই একটা ছেলে ছুটে যায় মাঠে। বগুড়া শহরের জয়পুরপাড়ায় ছোট্ট একটা মাঠ আছে। পুরোটা বিকেল সেখানেই ব্যাট-বল নিয়ে সেই ছেলের দাপাদাপি। তা দেখে যারপরনাই চিন্তিত তার মা। এত করে চেষ্টা করেন ছেলেটাকে ঘরে রাখতে, পারেন না! ছেলে মাঠে চলে গেলে শেষমেশ তিনিও আর ঘরে বসে থাকতে পারেন না, ঘর থেকে বেরিয়ে চলে যান ছেলের কাছে, মাঠে। মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, ছোট্ট ছেলেটা কী দুরন্ত রূপ নেয় বল কিংবা ব্যাট হাতে! এই হয়তো একটা ছক্কা হাঁকিয়ে বলটাকে পাঠিয়ে দিল পাশের রাস্তায়, আবার বল হাতে দেখা গেল তিনটি স্ট্যাম্পই উপড়ে ফেলল বিপুল বিক্রমে! মায়ের চোখে বিস্ময় খেলা করে, আর মনে মনে কামনা করেন—হে খোদা, তুমি যদি চাও তো ছেলেটাকে বড় খেলোয়াড়ই বানাও।বছর দশেক পরের ঘটনা। বগুড়ার জয়পুরপাড়ার ছোট্ট সেই মাঠটা এখনো আছে। তবে ছোট্ট সেই ছেলেটা আর ছোট্ট নেই, অনেক বড় হয়ে গেছে। যদিও ছেলেটা এখনো সময় পেলেই সেই মাঠে ছুটে যায়। এখন অবশ্য মায়ের সেই নিষেধাজ্ঞা নেই। মাঠে গিয়ে সে পাড়ার যত ছেলেপুলে আছে তাদের জড় করে ফেলে। শুরু হয় ফাটাফাটি একটা ম্যাচ। ছোট ছোট ছেলেপুলেরা অবশ্য আগেই শর্ত জুড়ে দেয়—ভাইয়া, তোমাকে কিন্তু বাঁ হাতে বল করতে হবে! তাতেই সই, বাঁ হাতেই বল করে ছেলেটা। আর মা সেই আগের মতোই মাঠের পাশে দাঁড়িয়ে ছেলের অমন কাণ্ড-কীর্তি দেখে মুগ্ধ হন, মনে মনে কামনা করেন—হে খোদা, আমার ছেলেটা যেন দেশের মুখ আরও উজ্জ্বল করে।ছেলেটা শফিউল ইসলাম, ক্রিকেটার শফিউল ইসলাম। মা সাজেদা বেগমের কাছে কেবলই ‘সুহাস’। মায়ের প্রার্থনা সত্যি করে সেই সুহাস বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করলেন, এবারের বিশ্বকাপে প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে চার উইকেট নিয়ে, দ্বিতীয়বার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ব্যাট হাতে চড়াও হয়ে, আর তৃতীয়বার হল্যান্ডের বিপক্ষে মিতব্যয়ী বোলিং করে। শফিউলের এই পারফরমেন্সে দেশের মানুষ তো আনন্দে ভাসছেই, মা সাজেদা বেগমেরও তাই আনন্দের সীমা নেই, ‘দেশের মানুষ খুশি মানে আমিও খুশি। আমার ছেলে ভালো খেলেছে, বাংলাদেশ জয় পেয়েছে—এর থেকে আনন্দের বিষয় আর কী-ই বা হতে পারে!’ আনন্দের তো বটেই, তার ওপর এবারই প্রথম বিশ্বকাপের ময়দানে নেমেছেন শফিউল ইসলাম, আনন্দের ঝুড়িতে এটাও আরেক উপাদান। এবার বিশ্বকাপে ছেলে যখন প্রথম বল করতে শুরু করলেন, তখন নিশ্চয়ই মায়ের অনুভূতি ছিল আর দশজনের থেকে একদম আলাদা। সাজেদা বেগমের নাকি তখন খানিকটা বোধশূন্যই লাগছিল, ‘বিশ্বকাপের মতো আসরে আমার সুহাস প্রথম বল করতে দৌড়াচ্ছে, এটা দেখে তো বুকের ভেতর কেমন কেমন করছিল, ঠিক বোঝাতে পারব না সেই অনুভূতিটা! সব সময় দোয়া করছিলাম, ছেলেটা ভালো করুক! সবার দোয়ায় ও ভালো করেছে, আমার আনন্দের, গর্বের শেষ নেই।’ তবে প্রথম ম্যাচের পর খানিকটা দুশ্চিন্তাই ভর করেছিল মায়ের মনে। শফিউলের সামান্য চোট ছিল সেই দুশ্চিন্তার কারণ। তখন ঢাকায়, ছেলের পাশেই ছিলেন সাজেদা বেগম। ছেলেকে শুধু একটা কথাই বলেছিলেন, ‘সাহস হারাবে না।’ সাহস হারাননি শফিউল। সাহসে বুক বেঁধে তুলে নিয়েছেন উইকেট, সপাটে হাঁকিয়েছেন ব্যাট। আর তাই বগুড়ায় তো রীতিমতো উৎসবের ধুম পড়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর দর্শক, সমর্থক, আত্মীয়স্বজন তো বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়েছেই। শুভেচ্ছার জোয়ারে বেশি ভাসতে হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বুক ঢিবঢিব জয়ের পর। সাজেদা বেগম তা হাসিমুখেই বরণ করছেন, ‘আমার ছেলেকে ভালোবেসে সবাই আসছে, এটা ভাবলেই নিজেকে খুব গর্বিত মনে হয়। বাংলাদেশ ম্যাচটা জেতার পরই সারা শহরে মিছিল শুরু হলো সেদিন। সবার মুখেই একটা নাম—শফিউল! শফিউল! প্রতিদিনই অনেক চেনা-অচেনা মানুষ আসছে ফুল আর মিষ্টি নিয়ে। সবার চোখেই দেখি আনন্দের ঝিলিক। ভালো লাগে, আমার সুহাস দেশের মানুষকে এভাবে আনন্দ দিতে পারছে ভেবে।’ বছর দশেক আগে কি এমনটা স্বপ্নেও কল্পনা করেছিলেন সাজেদা বেগম? না, এমন কল্পনা করেননি বটে, তবে আর দশজন মায়ের থেকে একটু অন্য রকম স্বপ্ন দেখেছিলেন ঠিকই। স্বপ্নের কথা বললেন মা, ‘স্বপ্ন ছিল—ছেলে যদি খেলোয়াড়ই হয়, তাহলে ভালো খেলোয়াড়ই হোক, ওই যে বললাম, মাঠের পাশে দাঁড়িয়ে তেমনটাই প্রার্থনা করতাম প্রতিদিন! আর একটা সুবিধা ছিল, আমাদের পরিবারের সবাই খেলাধুলা ভালোবাসত। সুহাসের বাবাও খেলাধুলা করতেন একসময়। তাই ছেলের খেলাধুলার প্রতি আগ্রহ আমাকে কখনো কখনো দুশ্চিন্তায় ফেলে দিলেও হতাশ করেনি। ছেলের পছন্দকে ঘিরেই স্বপ্ন দেখতাম, সুহাসকে সব সময় বলতাম—খেলোয়াড় হলে ভালো খেলোয়াড়ই হও।’মায়ের কথা রেখেছেন শফিউল ইসলাম। মায়ের মুখে হাসি ফুটেছে, দেশের মানুষের বুকেও আনন্দের বান। তবে একটা আনন্দ থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন শফিউল নিজেই! ১২ মার্চ বড় বোন জাফরিনা ইসলামের বিয়ে হয়ে গেছে হঠাৎ করেই। ফোনে অবশ্য বেশ কিছুক্ষণ কথা হয়েছে সবার সঙ্গে। মা ঠিকই টের পেয়েছেন, বিশেষ সময়ে বড় বোনের পাশে না থাকতে পেরে শফিউল কষ্টই পেয়েছেন, ‘ফোনে ওর সঙ্গে কথা হয়েছে, বুঝেছি ও আমাদের মিস করেছে। কিন্তু বিশ্বকাপ বলে কথা, আর বিয়েটাও হুট করে হলো। যা-ই হোক, বিশ্বকাপটা ভালোয় ভালোয় শেষ হোক—এটাই আপাতত চাওয়া। আর ও আরও ভালো করুক, বাংলাদেশের সবাই ভালো করুক—এটাই প্রার্থনা।’