শিয়াল (Jackal) নামের ধূর্ত স্তন্যপায়ী প্রাণীটির সঙ্গে এ দেশের প্রায় সবারই কমবেশি পরিচয় আছে। ছড়া-গল্পগাথার বদৌলতে এরা আমাদের কাছে অত্যন্ত চতুর প্রাণী হিসেবেই বিবেচিত। শিয়াল এ দেশে শেয়াল, পাতিশিয়াল বা শৃগাল নামেও পরিচিত। চতুরতা বা বুদ্ধিমত্তার জন্য এদের ‘শিয়াল পণ্ডিত’ও বলা হয়। আবার কেউ কেউ ‘শেয়াল মামা’ বলেও ডাকে। সন্ধ্যারাতে শিয়ালের হুক্কাহুয়া ডাক শোনেনি, এমন লোক বোধ হয় এ দেশের গ্রামবাংলায় একজনও পাওয়া যাবে না।শিয়াল কুকুর ও নেকড়ের জাতভাই এবং একই পরিবার ক্যানিডির (Canidae) সদস্য। পৃথিবীতে তিন প্রজাতির শিয়াল আছে। কালো-পিঠ (ব্ল্যাক-বাকেট) ও পাশ-ডোরা (সাইড-ট্রাইপড) প্রজাতি দুটোর বাস আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলোতে। আর সোনালি বা এশীয় প্রজাতিটির (Golden or Asiatic Jackal) বিস্তৃতি পূর্ব ইউরোপ, উত্তর-পূর্ব আফ্রিকা থেকে দক্ষিণ-পূর্ব ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়া পর্যন্ত। আমাদের দেশের শিয়াল পণ্ডিত এই এশীয় প্রজাতিভুক্ত। এদের বৈজ্ঞানিক নাম ক্যানিস অরিয়াস (Canis aureus)। এ দেশের প্রায় সব অঞ্চলেই কষ্টে হলেও এখনো এরা টিকে আছে।শিয়াল দেখতে নেকড়ের মতো হলেও আকারে কুকুরের চেয়ে কিছুটা ছোট; অনেকটা দেশি নেড়ি কুকুরের সমান। এদের মুখ লম্বাটে। লেজ ফোলা এবং সব সময় নিচের দিকে নামানো থাকে। গায়ের রং গাঢ় বাদামি, দেহের ওপরের অংশ কালচে আর নিচের অংশ হালকা বাদামি, যা অনেকটা সাদাটে দেখায়। মুখমণ্ডলের নিচ থেকে গলা পর্যন্ত অংশটি সাদাটে। গলায় একটা সাদা মালার মতো আছে। লেজ বাদে প্রাপ্তবয়স্ক একটি শিয়াল ৬০-৭৫ সেন্টিমিটার লম্বা হয়; লেজের দৈর্ঘ্য হয় ২০-২৮ সেন্টিমিটার। দাঁড়ানো অবস্থায় ঘাড় বরাবর উচ্চতা হয় ৩৫-৪০ সেন্টিমিটার। ওজনে এরা ৭-১১ কেজি পর্যন্ত হতে পারে।শিয়াল খোলামেলা অঞ্চলের বাসিন্দা। দিনে সাধারণত ঝোপঝাড় বা গর্তে লুকিয়ে থাকে। সন্ধ্যার পর শিকারে বের হয়। সন্ধ্যারাত ও ভোররাতে উচ্চস্বরে হুক্কাহুয়া বা কেক-কেক-কা-হু স্বরে ডাকে। এরা একাকী, জোড়ায় বা দলে থাকে। অনেক সময় বিশেষ করে বৃষ্টির দিনে দল বেঁধে দিনের বেলায়ও বেরোয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) ক্যাম্পাসে বর্তমানে ৪০ থেকে ৫০টি শিয়াল বাস করছে। ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিমেল সায়েন্স অনুষদের আশপাশের ঝোপঝাড়ে সকাল থেকে রাত পর্যন্ত সব সময়ই এদের দেখা মেলে। শিয়াল মূলত মাংশাসী হলেও এরা সর্বভুক প্রাণী। ইঁদুর, পাখি, হাঁস-মুরগি, গুইসাপ, সাপ, কাঁকড়া, মাছ ইত্যাদি খেয়ে থাকে। শকুন, চিল বা অন্যান্য শিকারি প্রাণীর শিকারের উচ্ছিষ্টাংশ, মরা-পচা প্রাণী, ডাস্টবিনের ময়লা খাবার, এমনকি কবর খুঁড়ে মরা লাশও খেয়ে থাকে। এ ছাড়া ভুট্টা, আখ, তরমুজ, আম-কাঁঠাল, খেজুরের রস—এসবও খায়। শিয়াল বিশেষ কৌশলের মাধ্যমে কুকুর-ছাগল-ভেড়ার বাচ্চা চুরি করে নিয়ে যায়। এরা কুকুরকে বেশ ভয় পায়। বশেমুরকৃবি ক্যাম্পাসে আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ করেছি। গরু, ছাগল, ভেড়া, কুকুর ও নানা ধরনের পাখির সঙ্গে এরা সহাবস্থান করছে। কিন্তু কেউ কাউকে তাড়া করছে না। আমি আজ পর্যন্ত শুনিনি, এরা ক্যাম্পাসের বা আশপাশের গ্রামের কারও হাঁস-মুরগি চুরি করেছে। ক্যাম্পাসে এদের খাদ্যঘাটতি নেই বলেই হয়তো এই পরিস্থিতি বিরাজ করছে।চালাক-চতুর হলেও শিয়াল কিছুটা ভীতু স্বভাবের। এদের ঘ্রাণশক্তি প্রবল। লেজের নিচের দিকের গ্রন্থির দুর্গন্ধ দিয়ে শত্রুদের তাড়ায়। এরা দ্রুতগতির প্রাণী; কুকুরের চেয়েও দ্রুত দৌড়ায়। কুকুরের মতো শিয়ালও জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে। আর তাই পাগলা কুুকুরের মতো পাগলা শিয়ালের কামড়েও মানুষ বা অন্যান্য পশুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।শিয়াল মাটিতে গর্ত খুঁড়ে বাস করে। বছরে দুবার বাচ্চা দেয়। স্ত্রী শিয়াল ৫৭-৭০ দিন গর্ভধারণের পর চার থেকে ছয়টি বাচ্চা দেয়। প্রায় ১২ দিনে বাচ্চার চোখ ফোটে। চোখ ফোটার পর বাচ্চারা গর্তের বাইরে এসে যখন খেলা করে, দেখতে বেশ লাগে। এরা সাধারণত ১০-১৫ বছর পর্যন্ত বাঁচে।একসময় এ দেশের প্রায় সবখানেই শিয়ালের বিচরণ ছিল। এমনকি আশির দশকে ঢাকার আজিমপুর গোরস্থানেও এদের নিয়মিত দেখা যেত। কিন্তু বর্তমানে মানুষের আগ্রাসী মনোভাবের কারণে বন-জঙ্গল, ঝোপঝাড় কমে যাওয়ায় ক্রমেই এদের বিচরণক্ষেত্র ও সংখ্যা কমে যাচ্ছে। এ ছাড়া প্রতিনিয়তই মানুষের নির্যাতনের শিকার হচ্ছে। অথচ মরা-পচা খেয়ে এরা কিন্তু আমাদের তথা পরিবেশের উপকারই করছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কাজেই সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমাদের এই শিয়াল পণ্ডিতদের নির্যাতন বা হত্যা করবেন না। এরা মোটেও আমাদের শত্রু নয়; বরং পরম বন্ধু। এদের রক্ষা করাই আমাদের কর্তব্য। ড. আ ন ম আমিনুর রহমানঅধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানিমেল সায়েন্স বিভাগ বশেমুরকৃবি, সালনা, গাজীপুর-১৭০৬E-mail: [email protected]