আমাদের সন্তানদের কথা ভাবতে হবে সবার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন মেসে অবস্থান করে পড়াশোনা করে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন এলাকা থেকে তারা আসে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবাসিক ব্যবস্থা ঠিকমতো করা সম্ভব হয় না বলেই মেসগুলোর সৃষ্টি হয়েছে। মেস আছে বলেই গ্রামগঞ্জ ও উপজেলা থেকে আসা শিক্ষার্থীরা অবস্থান করে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। তাই মেসের পরিবেশ ও বিরাজমান নানা সমস্যা সমাধানের জন্য প্রশাসন ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা রাখতে হবে।’ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান বলেন, ‘আমদের ভাইবোনেরাও উচ্চশিক্ষাসহ জীবনের তাগিদে ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে। তাদের প্রতিনিয়ত সমস্যা মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। এ কথা চিন্তা করে শহরের বিভিন্ন মেসে অবস্থানকারী নিবাসীদের প্রতি শহরের একজন বাসিন্দা হিসেবে আমাদের অবশ্যই সদয় ব্যবহার করা কর্তব্য। যাঁরা মেস দিয়েছেন, তাঁদের নিবাসীদের নিজের ছেলে বা মেয়ের মতোই ব্যবহার করতে হবে।’প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ বলেন, ‘শিক্ষাজীবন একদিকে যেমন পরিশ্রমের ও কষ্টের, অপরদিকে ব্যক্তি মানস গঠনের সোপান। অভিভাবকেরা বহু কষ্ট করে তাদের উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছেন। গরিব বাবা-মা বহু কষ্টে টাকা রোজগার করে সন্তানের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাই তাদের পড়াশোনাই মূল ব্রত হওয়া উচিত। বেহিসেবি খরচ যেমন করা যাবে না, তেমনি বেপরোয়া, বল্গাহীন জীবন যাপন করা তাদের চলবে না। তাদের মূল কাজ হবে পড়া, পড়া এবং পড়া।’জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম বলেন, ‘মেসে অবস্থানকারীদের একটি বড় অংশ নারী। তাদের সঠিকভাবে গাইড দিতে হবে। এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যেমন দায়িত্ব রয়েছে, তেমনি সমাজের অভিভাবকদের ভূমিকাও জোরাল। নিজের সম্মান নিজে বজায় না রাখলে অন্যে তাকে সম্মান করবে না—এই সত্য সব সময় মাথায় রাখতে হবে। প্রতিটি পদক্ষেপেই তাই চিন্তা করে ফেলতে হবে। কেননা, জীবনের তাত্ক্ষণিক অবেগ বা ভুল সারা জীবনের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াতে পারে।’