আমাদের সময়ের প্রকাশক থেকে বাদ নাঈমুল ইসলাম
দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশকের পদ থেকে বাদ পড়লেন নাঈমুল ইসলাম খান। নতুন প্রকাশক হলেন ব্যবসায়ী নূর আলী। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের সময়ের প্রকাশক পরিবর্তন নিয়ে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহাবুবুর রহমান এ আদেশ দেন। তবে আদেশের সময় নাঈমুল ইসলাম উপস্থিত ছিলেন না।প্রকাশকের পদ থেকে বাদ পড়ার পর নাঈমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আমাদের সময় ডাকাতি হয়ে যাচ্ছে। এখন সেটা হয়ে গেল। আমি ডাকাতি ঠেকাতে পারিনি। তবে আমি এখনো আস্থাশীল। আমি আইনের পথেই থাকব। সহকর্মীদের যাতে কোনো অসুবিধা না হয়, সে কারণে কোনো অস্থিরতা দেখাব না।’ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক সাংবাদিকদের জানান, ব্যবসায়ী নূর আলী কয়েক দিন আগে পত্রিকাটির প্রকাশকের নাম পরিবর্তনের জন্য আবেদন করেন। আজ এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আইন অনুযায়ী এখন থেকে নূর আলী হলেন এ পত্রিকার স্বত্বাধিকারী। প্রকাশক হলেন সৈয়দ মোহাইমেন বখশ কল্লোল। এ আদেশ দেওয়ার সময় নূর আলী ও সৈয়দ মোহাইমেন বখশ উপস্থিত ছিলেন।এর আগে গতকাল মঙ্গলবার নাঈমুলের বিরুদ্ধে ব্যবসায়ী এম এন এইচ বুলু প্রতারণার মামলা করেন। ওই মামলায় তিনি অভিযোগ করেন, পত্রিকার মালিকানার অংশ দেওয়ার কথা বলে নাঈমুল ইসলাম খান তাঁর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এ মামলায় ২১ নভেম্বর নাঈমুলকে আদালতে হাজির হতে বলা হয়েছে।