সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ-ভারত সম্পর্কে বিশেষ উন্নতি চোখে পড়েছে। গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর আগামী মাসে ফিরতি সফরে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ সফরে পানিবণ্টন ও সীমান্ত বিরোধের মতো অমীমাংসিত সমস্যার সমাধান হওয়ার কথা। সম্প্রতি ঢাকায় এসেছিলেন দেব মুখার্জি ও শ্রীরাধা দত্ত। সোহরাব হাসান ও রাহীদ এজাজের সঙ্গে আলাপচারিতায় তাঁরা মূল্যায়ন করেছেন বাংলাদেশ-ভারত সম্পর্ক।প্রথম আলো: বাংলাদেশ ও ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ পর্যায়ে পৌঁছেছে দ্বিপক্ষীয় সম্পর্ক। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ সম্পর্কে সম্প্রতি কিছু মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ মন্তব্য কি সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে? দেব মুখার্জি: ভারতীয় প্রধানমন্ত্রীর মন্তব্য যে দুঃখজনক, সেটা অনেকেই স্বীকার করেছেন। এ সম্পর্কে ঢাকায় ভারতীয় হাইকমিশন একটি বিবৃতি দিয়েছে। তবে এ জিনিসটাকে পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উনি যা বলেছেন তাতে কোনো কোনো জায়গা ভিত্তিহীনও ছিল। কাজেই আমার মনে হয় না যে এ বিষয়কে আলোচিত করে দেখার প্রয়োজন আমাদের আছে। শ্রীরাধা দত্ত: আমি জানি বাংলাদেশে কথাটি বারবার উল্লেখ হবে। তাদের এ ব্যাপারে দুঃখজনক একটা জায়গা আছে। তবে দুই দেশের সরকারি পর্যায়ে বিভিন্ন বিষয়ে যে আলোচনা ও কাজ চলছে, ওই বক্তব্য তাতে প্রভাব ফেলবে না। কিন্তু দুঃখের একটা জায়গা থেকে যাবে। সেটা হয়তো হতে পারে। প্রথম আলো: বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটার ব্যাপারে মনমোহন যে মন্তব্য করেছেন, তার কোনো ভিত্তি রাষ্ট্রীয় পর্যায়ে রয়েছে কি?শ্রীরাধা দত্ত: আমি যতটা বুঝি, কোথাও কোনো ধরনের ভুল-বোঝাবুঝি হয়েছিল। দেব মুখার্জি: আমি তাঁর সঙ্গে সম্পূর্ণ একমত। আমি তো আগেই বলেছি, তাঁর মন্তব্যের কতগুলো বিষয় আমার কাছে ভিত্তিহীন বলে মনে হয়েছে। প্রথম আলো: কিন্তু মনমোহনের মুখ থেকে কথাটা এসেছে বলেই সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে?দেব মুখার্জি: সে জন্যই তো বললাম, পুরো ঘটনাটাই দুঃখজনক।প্রথম আলো: নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান সরকারের আমলে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে মনে করা হয়, দিল্লিতে শীর্ষ বৈঠকের পর সিদ্ধান্ত বাস্তবায়নে ভারত যথাযথ সহযোগিতা করছে না। শ্রীরাধা দত্ত: দেরি হওয়ার বিষয়টি শুধু একপক্ষের ওপর নির্ভর করে না। এতে দুই দেশেরই ভূমিকা রয়েছে। ধরা যাক, ১০০ কোটি ডলারের ঋণচুক্তি বাস্তবায়ন। এটি তো নিশ্চয়ই রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়। তবে এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একধরনের তাগিদ রয়েছে। আমি জানি বিভিন্ন বিষয়ে কাজ চলছে। হয়তো একটু ধীরগতিতে কাজ চলছে। তবে কাজ কিন্তু হচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, তা বাস্তবায়নে কিছু সময় লাগে। বিশেষ করে বড় ধরনের কোনো অবকাঠামোর ক্ষেত্রে। দেব মুখার্জি: আমি মনে করি, বিষয়গুলো আরেকটু দ্রুত হওয়া উচিত ছিল। সব জায়গাতেই কাজ হচ্ছে। তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন, সীমান্ত সমস্যার সমাধান। আমি নিজে তো বিশ্বাস করি, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার আগেই এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছানো যাবে। ’৭৪-এর সীমান্ত চুক্তি যেটা বহুদিন ধরে অমীমাংসিত রয়েছে, তা যত দ্রুত সম্ভব সমাধান করা যায়, সে ব্যাপারে দুই দেশকেই যথেষ্ট আন্তরিক মনে হচ্ছে। আমি এটা আশা করি, মনমোহন সিং যখন ঢাকায় আসবেন, বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের যেসব বক্তব্য আছে, সে ব্যাপারে তিনি আরও কিছু করতে পারবেন।প্রথম আলো: সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে কাজ করলে কি বাস্তবায়ন-প্রক্রিয়া আরও দ্রুত হতো না? দেরি নিয়ে দুশ্চিন্তার বিষয়কে কতটা যৌক্তিক মনে করেন?শ্রীরাধা দত্ত: পালাটানার বিদ্যুৎকেন্দ্রের জন্য পণ্য পরিবহনসহ বেশ কিছু বিষয়েই সিদ্ধান্ত ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। অন্য বিষয়েও কাজ এগোচ্ছে। আর সময়ের যে বিষয়টি বললেন, সুনির্দিষ্ট সময় ধরে বাস্তবায়ন এগিয়ে চললেও সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে।দেব মুখার্জি: দুশ্চিন্তা বা উৎকণ্ঠার কোনো কারণ নেই। বিভিন্ন বিষয়ে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। আবার প্রকল্পের বাস্তবায়ন কিন্তু রাতারাতি হয় না—বিষয়টি ভুলে গেলে চলবে না। প্রথম আলো: টানাপোড়েন কিংবা সন্দেহ-অবিশ্বাস কাজ করছে কি?দেব মুখার্জি: সন্দেহ-অবিশ্বাসের কোনো প্রশ্ন এখানে নেই। এটা সন্দেহ-অবিশ্বাসের প্রশ্ন নয়। যে বিষয়টা আমাদের দেখতে হবে, এখন দুই দেশে দুই সরকার ক্ষমতায় আছে। বাংলাদেশে বর্তমান সরকার ক্ষমতায় আছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কে আমরা খানিকটা উন্নতি দেখতে পাই। গত দুই-আড়াই বছরে নিরাপত্তার ব্যাপারে, বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনের বিষয়ে বাংলাদেশ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, ভারতের সবাই সেটা স্বীকার করছে। তবে আমাদের প্রধানত দেখতে হবে আমরা একে অন্যকে কীভাবে দেখি। আমরা কি একে অন্যকে সন্দেহের চোখে দেখি, নাকি সুযোগের চোখে দেখি? আমার মনে হয়, আমরা সন্দেহের চোখ থেকে সুযোগের চোখে দেখার পর্যায়ে উত্তরণ করেছি। সেটাকে বাস্তবায়িত করতে হবে। এখানে সবার একটা ভূমিকা আছে। রাজনৈতিক সদিচ্ছার একটা ভূমিকা আছে। আমরা আজকে দুই সরকারের মধ্যেই সেই সদিচ্ছা দেখতে পাচ্ছি। আমি আশাবাদী, আমাদের সম্পর্ক একটা অন্য পর্যায়ে উন্নীত হবে। প্রথম আলো: দুই দেশের মধ্যে সহযোগিতার সমন্বিত রূপরেখা বলতে আসলে কী বোঝাতে চাইছে ভারত সরকার?শ্রীরাধা দত্ত: আমার মনে হয়, দুই দেশের পক্ষ থেকেই বিষয়টিকে পুরো প্যাকেজের আওতায় দেখা হচ্ছে। পানি, সীমান্তসহ দীর্ঘদিনের সব বিষয় এর আওতায় থাকবে। ভারত হয়ে নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত হয়েছিল, তার বাস্তবায়ন শুরু হয়েছে। বাণিজ্যের বিষয়টিও সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে।দেব মুখার্জি: এখন ভারতে যে বিষয়টি আলোচিত ও লেখালেখি হচ্ছে, যাতে আমাদের সম্পর্ক বিনিময় থেকে উন্নত করে অংশীদারির সম্পর্কে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমি যথেষ্ট আশাবাদী। প্রথম আলো: মিয়ানমার ও চীনের তুলনায় বাংলাদেশের প্রতি ভারতের আগ্রহ কম কি?দেব মুখার্জি: দেখুন, আগ্রহ কথাটা আমি ঠিক ব্যবহার করব না। আমি এ কথাটা এতবার বলেছি, সেটা আপনি দেখেছেন বলেই প্রশ্নও করছেন। যেটা আমার অস্বীকার করার উপায় নেই। দেখুন, ভারত ঐতিহ্যগতভাবে একটা প্রতিবেশী নিয়ে এত বেশি চিন্তা করে যে অন্য প্রতিবেশীদের ওপর তাদের আরও নজর দেওয়া উচিত। প্রথম আলো: সমন্বিত সহযোগিতার রূপরেখার কথা বলার মধ্য দিয়ে ভারত এটা কি বোঝাতে চাইছে যে বাংলাদেশ, নেপালসহ অন্য প্রতিবেশীদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে?শ্রীরাধা দত্ত: আমরা ভাবি যে বন্ধুর সঙ্গে রোজ দেখা না হলেও বন্ধুত্ব থাকবে। বেসরকারি পর্যায়ে এখন বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে। সেটা ব্যবসায়ী বলুন, চলচ্চিত্র অথবা সংস্কৃতি বিনিময় বিষয়ে বলুন। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের সঙ্গে আগে থেকে প্রচুর যোগাযোগ রয়েছে। ইদানীং ঢাকার সঙ্গে বিভিন্ন পর্যায়ে দিল্লির যোগাযোগ বাড়ছে। দেব মুখার্জি: সম্প্রতি দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান খুব দৃশ্যমান হচ্ছে। প্রথম আলো: পশ্চিমবঙ্গের সঙ্গে যতটা, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সম্পর্কটা আমাদের ততটা নিবিড় নয়। ট্রানজিট কার্যকর হলে এ সম্পর্ক জোরালো হবে বলে মনে করেন কি?দেব মুখার্জি: আমি শুনেছি, গুয়াহাটি ও ত্রিপুরাতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বিষয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে।প্রথম আলো: ট্রানজিট নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কি বাস্তবায়ন-প্রক্রিয়াকে বিঘ্নিত করবে? শ্রীরাধা দত্ত: আমি তো একটু আগেই বলেছি, নেপালের সঙ্গে ট্রানজিটের চুক্তিটি সই হয়েছে। এটি কার্যকর করতে ভারত-নেপাল সীমান্তে আরেকটি সড়ক তৈরি হচ্ছে। এ বিষয়গুলোকে ভারত কিন্তু আঞ্চলিক যোগাযোগের কাঠামো হিসেবেই দেখছে।দেব মুখার্জি: গণমাধ্যমের দায়িত্ব পুরো বিষয়টিকে সমন্বিতভাবে দেখা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং আপনাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, তাতে আমি কোনো ভিন্নমত দেখছি না। দুই দিকেই কাজ চলছে। নেপাল-ভুটানে আপনাদের পণ্য যাতায়াত শুরু হয়েছে।প্রথম আলো: অভিন্ন নদীর পানি সমস্যার সমাধান কীভাবে করা যায়?দেব মুখার্জি: যদি আমরা ভবিষ্যতের কথা বিবেচনা করি, পানি বণ্টনের বিষয়টিকে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে—নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারত—অদূর ভবিষ্যতে আমি সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সেদিকেই এগোতে হবে। নদী রাষ্ট্রীয় সীমানা মানে না। সব বিষয়ে স্বচ্ছতা থাকা দরকার। একই বিষয়ে যাতে ভুল-বোঝাবুঝি না হয়, সেদিকটা দেখতে হবে। আমি মনে করি, টিপাইমুখ বাঁধ সম্পর্কে বাংলাদেশের যে ভিন্নমত আছে, ভারতের তা খতিয়ে দেখা উচিত। ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন নদীতে যে পানি আসে, সে ব্যাপারে বন্যা সতর্কীকরণের বিষয়ে বাংলাদেশকে আগাম তথ্য দেওয়া উচিত। অর্থাৎ এ ব্যাপারে স্বচ্ছতা থাকা উচিত। প্রথম আলো: সুযোগের সদ্ব্যবহার ও সংকটকে কীভাবে মোকাবিলা করা যেতে পারে?দেব মুখার্জি: দেখুন, টিপাইমুখে অগমেন্টেশন হতে পারে। কিন্তু ভারতে অগমেন্টেশনের সুযোগ তেমন নেই। ব্রহ্মপুত্রে আছে যেটা হতে পারে উত্তর-পূর্বাঞ্চলে। কাজেই পানির প্রবাহ বাড়ানোর সুযোগ ভারতে নেই। আছে নেপালে।প্রথম আলো: বলা হচ্ছে মনমোহনের সফরে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনে চুক্তি হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিষয়ে বিতর্ক রয়েছে। এ প্রেক্ষাপটে তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টন চুক্তি কিসের ভিত্তিতে হওয়া উচিত?দেব মুখার্জি: চুক্তির বিষয়টি নির্ভর করবে পানির ওপর কে কতটা নির্ভরশীল। ১৯১২ সালের হেলসিংকি চুক্তি রয়েছে আন্তর্জাতিক পানি বণ্টনের বিষয়ে। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়ে কোনো আন্তর্জাতিক চুক্তি নেই। আর চুক্তি না থাকার কারণে প্রতিবারই আপনাকে আলোচনা করতে হয়। কাজেই তিস্তা ও ফেনীর পানি বণ্টন চুক্তির সময় দেখতে হবে, ভারতের মানুষ কতটা ওই নদীর ওপর নির্ভর করে আর বাংলাদেশের মানুষ কতটা নির্ভর করে। এর ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কারণ এ ক্ষেত্রে অভিন্ন কোনো নিয়ম নেই।শ্রীরাধা দত্ত: আমিও মনে করি, অভিন্ন কোনো নিয়ম না থাকায় আমরা ৫৪টি অভিন্ন নদীর পানির সমস্যা একসঙ্গে সমাধান করতে পারছি না। আশা করছি, মনমোহনের সফরের সময় তিস্তা ও ফেনী নদীর পানি বণ্টনে চুক্তি হবে।প্রথম আলো: বারবার আশ্বাসের পরও সীমান্তে বাংলাদেশি হত্যা তো থামছে না। এটি কীভাবে রোধ করা যায়? শ্রীরাধা দত্ত: আমাদের দেশে এ নিয়ে ইদানীং যথেষ্ট আলোচনা হচ্ছে। ব্যাপারটি আমাদের দুই পক্ষের জন্যই দুঃখজনক। বাংলাদেশি অথবা ভারতীয় নাগরিক মারা যাচ্ছে—এভাবে না দেখে আমরা বিষয়টিকে প্রাণহানির দৃষ্টিকোণ থেকে দেখছি। সম্প্রতি সীমান্তে রাবার বুলেট ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। তবে একটা বিষয় উল্লেখ করতে চাই, সীমান্তে প্রাণহানির যেসব ঘটনা ঘটে, তার সবই কিন্তু বাংলাদেশের নয়। এর মধ্যে ৪০ শতাংশই হচ্ছে ভারতের নাগরিক। আর প্রাণহানির বেশির ভাগ ঘটনাই ঘটে রাতে। অথচ ওই সময় সান্ধ্য আইন জারি থাকার কথা। কাজেই ওই সময় অপরাধমূলক তৎপরতা রোধ করতে গিয়েই প্রাণহানির ঘটনাগুলো ঘটে। তাই দুঃখজনক হলেও রাতের বেলা চলাচল বন্ধের বিষয়টিতে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া উচিত। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে লোকজনকে সতর্ক করার ব্যাপারে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। দেব মুখার্জি: আমিও তাঁর সঙ্গে সম্পূর্ণ একমত। প্রথম আলো: সীমান্তের দীর্ঘদিনের সমস্যার কথা যখন বলছি তখন আবার কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। কাজেই সীমান্ত বিরোধের নিষ্পত্তির ক্ষেত্রে কাঁটাতারের বেড়া নির্মাণ কতটা সংগতিপূর্ণ?দেব মুখার্জি: ভারতের অভিমত, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সেটাকে প্রতিহত করতে ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার একটা প্রয়োজন বোধ করেছে। একটা অভিমত যে কাঁটাতারের বেড়ার কারণে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্য হারে কমেছে। তার দুটো কারণ থাকতে পারে। এটা শুধু কাঁটাতারের বেড়া নয়, বাংলাদেশে সাম্প্রতিক কালে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি ঘটেছে, তাতে করে এখানকার মানুষ বাইরে যাওয়ার ততটা প্রয়োজন মনে করে না।শ্রীরাধা দত্ত: একটা প্রবাদ আছে, ভালো বেড়া ভালো বন্ধু তৈরি করে। দুই দেশের ক্ষেত্রেই কথাটা প্রযোজ্য। অহেতুক প্রাণহানি কমবে, যদি সীমান্তের পুরোটাতেই বেড়া থাকে এবং চলাচল নিয়ন্ত্রিত হয়।প্রথম আলো: সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিকে কীভাবে দেখছেন?শ্রীরাধা দত্ত: দীর্ঘ বিরতির পর ২০০৭ সালে আলোচনা শুরু হয়। প্রথমে অনড় থাকলেও পরে ছাড় দেয় ভারত। আমরা ভেবেছিলাম বাংলাদেশ আলোচনায় ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হঠাৎ করে জাতিসংঘে সালিসের সিদ্ধান্ত নেয়। অথচ আমাদের আলোচনা কিন্তু ইতিবাচকভাবে এগোচ্ছিল। হঠাৎ করে বাংলাদেশ কেন সালিসি-প্রক্রিয়া বেছে নিল, তাতে আমরা অবাক হয়েছি। দেব মুখার্জি: আমি মনে করি সালিসিটাই এখন শ্রেয়। কারণ দ্বিপক্ষীয়ভাবে হলে তখন এক দেশ হয়তো বলত, আমরা এটুকু ছাড় দিয়েছি। বিষয়টি তো তিন দশকের বেশি ঝুলে থাকার পর সালিসি-প্রক্রিয়ায় গেছে। এখন সেটিকে তার মতো করে এগোতে দেওয়া উচিত। প্রথম আলো: বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য-বৈষম্যের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে বলা হলেও বৈষম্য বাড়ছে। এ সমস্যার সমাধান কীভাবে সম্ভব?দেব মুখার্জি: দেখুন, আমি বাণিজ্য-বৈষম্যের বিষয়টিকে সেভাবে বড় করে দেখতে চাই না। এটার একটা রাজনৈতিক একধরনের ফলও আছে। আমি এটার গুরুত্ব বুঝি। কিন্তু আপনি যখন কোনো পণ্য কিনবেন, লাভ আছে বলেই কিনবেন। ক্ষতি করে তো কিনবেন না। বিষয়টাকে আমাদের সব সময় মনে রাখা উচিত। তাই বাণিজ্য-বৈষম্যের ইস্যু তোলা উচিত বলে আমি মনে করি না। আমি তো মনে করি আপনারা উন্নতি করলে, আপনারা লাভবান হলে ভারতই লাভবান হবে। সেই পরিপ্রেক্ষিতে ভারত বাণিজ্যিক ক্ষেত্রে কিছু ছাড় দিলে আমি খুশি হব। আমি আশা করি, ভারত সে ছাড় দেবে। শ্রীরাধা দত্ত: আমি মনে করি, প্রধানমন্ত্রী যখন আসবেন, আপনাদের দেওয়া প্রস্তাব অনুযায়ী ৬১টি পণ্য নেতিবাচক তালিকা থেকে বাদ দেওয়া হবে। এ প্রসঙ্গে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। ভারতের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। আর বাণিজ্যের পরিমাণ বেড়ে যাওয়ায় ওই রাজ্যের জন্য ঘাটতি তৈরি হয়েছে। তবে এতে ত্রিপুরা এতটুকু দুঃখিত নয়। কারণ, বাণিজ্য বাড়ার কারণে অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার আমাকে জানিয়েছেন, এখন বাংলাদেশ থেকে ১৫ মিলিয়ন ডলারের পণ্য কেনা হয়। আগামী দুই বছরের মধ্যে তিনি ৩০ মিলিয়ন ডলারের পণ্য কিনবেন। তা ছাড়া অবকাঠামোর যেভাবে উন্নয়ন শুরু হয়েছে, তা শেষ হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশের পণ্যের এক বিশাল বাজার তৈরি হবে।দেব মুখার্জি: এ প্রসঙ্গে আমি বলব, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জনসংখ্যা সব মিলিয়ে আড়াই কোটি। আর সমগ্র ভারতের জনসংখ্যা ১২০ কোটি। কাজেই বাংলাদেশের উচিত ভারতের ১২০ কোটি জনগণের বাজারের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া। শুধু উত্তর-পূর্বাঞ্চলের ওপর মনোযোগ দিলে সেটি খুব সংকীর্ণ ভাবনা হয়ে থাকবে।প্রথম আলো: বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ভারতের কোনো দ্বিধা কাজ করছে কি? দেব মুখার্জি: এ নিয়ে বাংলাদেশে যদি থাকে, তবে তার উত্তর আমি দিতে পারব না। ভারতের দিক থেকে এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই—সেটা আমি নিশ্চিত করেই বলতে পারি। প্রথম আলো: আপনাদের ধন্যবাদ। দেব মুখার্জি ও শ্রীরাধা দত্ত: ধন্যবাদ।