২ এপ্রিল শেষ হয়েছে অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত বছরের ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৫৩৯টি স্কুলের আট হাজার ৫০ জন খুদে ক্রিকেটার নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘চ্যাম্পিয়ন’ হয়ে শেষ হাসিটি হেসেছে বিকেএসপির তরুণ তুর্কিরা। অভিনন্দন বিজয়ী দলকে।তবে ছোট ক্রিকেটারদের নিয়ে দেশের সবচেয়ে বড় এ টুর্নামেন্ট নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার অবকাশ নেই। কারণ দেশের অন্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের মতোই হাজারো সমস্যায় আকীর্ণ আমাদের এই স্কুল ক্রিকেট। যে উদ্দেশে এই টুর্নামেন্ট, সেই উদ্দেশ্য কি আসলেই পূরণ হচ্ছে? আমরা কি পারছি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে, কিংবা পারছি আহরিত মুষ্টিমেয় প্রতিভাবান ক্রিকেটারদের সঠিক পরিচর্যা করতে? স্কুল ক্রিকেটের মান কি আগের চেয়ে বেড়েছে? এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া খুব কঠিন।বলাই বাহুল্য, ক্রিকেটে শক্তিশালী দেশগুলোর অনেক তারকাই এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আবিষ্কার। পাশের দেশগুলোতে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। স্কুল টুর্নামেন্টে জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বিনোদ কাম্বলির সেই রেকর্ড রানের জুটি আজও সবার মুখে মুখে ফিরে। শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারাও তো এই স্কুল ক্রিকেট থেকেই উঠে এসেছেন। এই তো কদিন আগেও ভারতের স্কুল ক্রিকেটে সর্বোচ্চ রান করে ভারত তথা পুরো ক্রিকেট বিশ্বেই হইচই ফেলে দিয়েছেন ‘খুদে বিস্ময়’ সরফরাজ। আসলে অন্য দেশগুলোতে স্কুল টুর্নামেন্টকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় আমাদের দেশে ঠিক সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। আমাদের স্কুল ক্রিকেটে চলে অনিয়ম-দুর্নীতিও। আম্পায়ারের পক্ষপাতিত্ব, ক্রিকেটের অনুপযোগী মাঠে খেলা আয়োজনের অভিযোগ তো প্রায়ই শোনা যায়। তবে আশার কথা, অন্যবারের তুলনায় এবার এ সমস্যাগুলো খুব কমই দেখা গেছে। যারা এবার স্কুল ক্রিকেটে ব্যাটে ভালো রান করেছে, বল হাতে নিয়মিত উইকেট নিয়েছে কিংবা পুরো টুর্নামেন্টেই দেখিয়েছে অলরাউন্ড নৈপুণ্য—তাদের সঠিক দেখভালটা যেন নিশ্চিত করা হয়। মেধাবী কিশোরেরা যাতে অকালে ঝরে না পড়ে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করতে পারলেই আমাদের স্কুল ক্রিকেটও অর্থবহ হয়ে উঠবে।রানা আব্বাসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়