আমাদের হূদয় বেদনায় ভারাক্রান্ত, প্রতিবাদে বিক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অনেক দিন পর আমরা একত্র হয়েছিলাম ১৪ জুন ঠিক সকাল সাড়ে ১০টায়। কোনো উৎসবে অংশ নিতে নয়, মিলিত হয়েছিলাম মানববন্ধনের মাধ্যমে আমাদের (আন্তর্জাতিক সম্পর্ক) বিভাগের তরুণ শিক্ষিকা রুমানা মনজুরের ওপর যে পাশবিক অত্যাচার চালানো হয়েছে তার প্রতিবাদ জানাতে, সরকার ও প্রশাসনের কাছে বিচার দাবি করতে। যে বিভাগে আমরা প্রতিনিয়ত কেন আন্তর্জাতিক রাজনীতির পুরোনো ধারা বদলানো উচিত, সামরিক শক্তি বৃদ্ধির বদলে কেন দুটি রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্বকে গুরুত্ব দেওয়া উচিত, কেন যুদ্ধ নয় বরং শান্তিকে বিশ্বরাজনীতিতে বেশি গুরুত্ব দেওয়া উচিত তা নিয়ে ক্লাসে শিক্ষক-ছাত্র বিতর্কে মাতি, যে বিভাগে বাধ্যতামূলকভাবে প্রতিটি শিক্ষার্থীকে জেন্ডার স্টাডিজ পড়তে হয়, যাতে আমরা প্রত্যেকে জেন্ডার সংবেদনশীল হয়ে উঠি, সেই বিভাগের একজন তরুণ শিক্ষিকা এ ধরনের নির্যাতনের শিকার হতে পারেন তা মেনে নেওয়া শিক্ষার্থী হিসেবে আমাদের পক্ষে অত্যন্ত কঠিন। আমরা এই ঘটনার বিচার চাই, আমরা ওই পাশবিক মানুষটির কঠিন শাস্তি দাবি করি। দেশজুড়ে অসংখ্য সংবেদনশীল মানুষ, যাঁরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করে চলেছেন, আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। আমরা গণমাধ্যমকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম এই ঘটনাটি সবার সামনে তুলে ধরার জন্য। তবে বিশেষভাবে অনুরোধ থাকবে, দয়া করে ম্যাডামের বর্তমান অবস্থার ছবি দেখাবেন না। তাঁর সাক্ষাৎকার টিভি চ্যানেলে প্রচারিত হওয়ার সময় আমি একজন ছাত্রী হিসেবে স্ক্রিনের দিকে তাকাতে পারিনি। একবার ভাবুন, ম্যাডামের ছোট মেয়েটি কীভাবে তাঁর মায়ের এই চেহারা সহ্য করবে? আমরা বিশ্বাস করতে চাই এ দেশে অন্যায়ের বিচার হয়। আমরা দেখতে চাই, এ দেশে অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে না। যে লোক তার স্ত্রীর চোখে আঙুল ঢুকিয়ে অন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে, সে যে কারও জন্য নিরাপত্তাহীনতার কারণ হতে পারে। সবশেষে এটুকু বলে শেষ করতে চাই, আমাদের বিভাগের করিডরে শিক্ষার্থীদের হাসির শব্দ থেমে গেছে, বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের চোখগুলো কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। আমাদের হূদয় বেদনায় ভারাক্রান্ত, প্রতিবাদে বিক্ষুব্ধ। এই বিভাগের আগের আনন্দময় পরিবেশ ফিরিয়ে আনতে, ম্যাডামের ছোট্ট মেয়েটির মুখে হাসি ফোটাতে, দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের পক্ষেউপমা মাহবুব