আমাদেরও প্রতিষ্ঠিত হতে সময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১ জুন নারীমঞ্চে প্রকাশিত মিতা মেহজাবিন এবং ৬ জুলাই সাবিনার লেখার সঙ্গে আমিও একমত। আমিও চাই, সব মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপর সংসারজীবনে প্রবেশ করুক। কিন্তু এ সমাজে মেয়েদের ইচ্ছার কতটুকুই বা মূল্য আছে। সবেমাত্র আমি এমএসসি শেষ করেছি, জীবনে কিছু করার চেষ্টা করছি। কিন্তু আমার পরিবারের ইচ্ছা, আমি এখনই বিয়ে করি। কারণ, চাকরির চেষ্টা করতে অনেক সময় চলে যাবে, বিয়ের বয়স থাকবে না। একটা ছেলে কি এই সমস্যার মধ্যে পড়ে? না, পড়ে না। পড়াশোনা শেষ করে আমার ছেলে সহপাঠীরা যে সময়টা পাচ্ছে জীবনে ভালো কিছু করার, আমি বা আমার মেয়ে সহপাঠীরা সে সময়টা পাচ্ছি না। এই মুহূর্তে আমার বিয়ে হয়ে গেলে স্বামী যদিও-বা চাকরি করার সুযোগ দেয়, কিন্তু সংসার সামলে আমি চাকরির প্রস্তুতি নেওয়ার কতটুকু সুযোগ পাব জানি না। তাই, এই সমাজের সবার প্রতি অনুরোধ, ‘এত বয়স হয়েছে মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন’ বলে মেয়ের বাবা-মাকে বিব্রত করবেন না। আমাদেরও কিছুটা সময় দিন, নিজেদের মেধা-মনন কাজে লাগানোর। নিজেকে যাচাই করার জন্য আমাদের সুযোগ দিন।সাবরিনা তামান্নাসরকারি বাঙলা কলেজ, ঢাকা।তাহলে নিরাপত্তা কোথায়?৬ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘ভিকারুননিসার সেই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা, আরও সাত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা’ শিরোনামের লেখাটি পড়ে বিস্মিত ও ব্যথিত হলাম। ছাত্রী-শিক্ষকের সম্পর্ক পিতা-সন্তানের মতো। অথচ আজকাল বর্বরতার শেষবিন্দুতে ছাত্রী ধর্ষিত হয় শিক্ষকের কুৎসিত রুচির কাছে। এ ছাড়া মেয়েদের সরলতার সুযোগ নিয়ে প্রেমিক সেজে ধর্ষণের মতো ঘটনা পত্রপত্রিকা খুললেই দেখা যায়। ভিকারুননিসার মতো দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যদি এমন নিন্দনীয় ঘটনা ঘটিয়ে ফেলেন, তাহলে মেয়েদের নিরাপত্তা কোথায়? শিক্ষা আর প্রযুক্তির চরম উৎকর্ষের যুগেও একটা মেয়ে শিক্ষকের কাছে ধর্ষিত হয়, কর্মক্ষেত্রে সহকর্মীদের কটাক্ষ বা যৌন হয়রানির শিকার হয়, ঘরে ফিরেও রুমানা মনজুরের মতো শিকার হতে হয় নৃশংস নির্যাতনের। যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকার এই দশা, সেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে নারীর অবস্থান সচেতন বিবেকবানদের চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে কি?রুকাইয়া সুলতানা সরকারি বিএম কলেজ, বরিশাল।