আমান দম্পতি, শাহজাহান ওমর ও মুফতি শহীদুলের সাজা বাতিল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির সাবেক সাংসদ আমানুল্লাহ আমান, তাঁর স্ত্রী সাবেরা আমান, সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর ও খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত আমির মুফতি শহীদুলের সাজার রায় বাতিল করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আপিল মঞ্জুর করে এই রায় দেন। আদালতে আপিলকারীদের পক্ষে আইনজীবী আহসানুল করিম, খায়রুল আলম চৌধুরী, শাহ মঞ্জুরুল হক ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে আনিসুল হক ও এম এ আজিজ খান মামলা পরিচালনা করেন। আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, যেসব অভিযোগের ভিত্তিতে তাঁদের সাজার রায় দেওয়া হয়েছিল, সেসব অভিযোগের সত্যতা না থাকায় হাইকোর্ট তাঁদের আপিল মঞ্জুর করে সাজার রায় বাতিল করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা করে। এ মামলায় বিচারিক আদালত আমানুল্লাহ আমানকে ১৩ বছর ও তাঁর স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আমান দম্পতি হাইকোর্টে আপিল করেন। একই বছরের ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে শাহজাহান ওমরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে। ২০০৮ সালের ১৪ মে বিচারিক আদালতের রায়ে শাহজাহান ওমরকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজার বিরুদ্ধে তিনিও আপিল করেন। ২০০৭ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুফতি শহীদুলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে। ২০০৮ সালের ১৯ মার্চ বিচারিক আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। এই সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।