আমানুর রহমানকে বহিষ্কার করল আ.লীগ
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ঘাটাইল গণ পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলামের শেষ নির্বাচনী সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এই বহিষ্কারের ঘোষণা দেন। শেখ সেলিম তাঁর বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। শহিদুল ইসলাম যদি সন্ত্রাসী কাজ করেন, তবে তাঁকেও বহিষ্কার করা হবে।শহিদুল ইসলামের প্রধান নির্বাচন সমন্বয়কারী শহীদুজ্জামান খান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই ঘোষণাটির অপেক্ষায় ছিলেন। শেখ সেলিম এই ঘোষণা দেওয়ার ফলে আওয়ামী লীগের দোদুল্যমান নেতা-কর্মী ও সমর্থকেরা নৌকার পক্ষে সিদ্ধান্ত নিতে আর কোনো সংকটে থাকবেন না।’বহিষ্কারের ঘোষণা প্রত্যাখ্যান করে বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান বলেন, হঠাৎ করে এই ঘোষণা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী। তিনি দাবি করেন, এতে তাঁর কর্মীদের মনোবল আরও বাড়বে এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি তাঁর সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নিতে পারবে না। কেউ ভোট চুরির চেষ্টা করলে কর্মীরা তা প্রতিহত করবে বলেও জানান তিনি । আওয়ামী লীগের সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা বেগম, কণ্ঠশিল্পী মমতাজ বেগম প্রমুখ।