আমার অবাক লাগছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিতে সংসদ অধিবেশনে অসংসদীয় শব্দের ব্যবহার বন্ধে কার্যপ্রণালি বিধি সংশোধনের একটি নোটিশ স্থগিত হয়ে গেছে। আজ সোমবার অধিবেশনে নোটিশটি উত্থাপন করেন সরকারি দলের জুনাইদ আহমেদ। স্পিকার শিরীন শারমিন চৌধুরী নোটিশটি উত্থাপনের জন্য জুনাইদ আহমেদকে অনুমতি দেন। এ সময় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় স্পিকার, কার্যপ্রণালি বিধি যদি সংশোধন করতে হয়, এভাবে হয় কি না জানি না। একজন সংসদ সদস্য এভাবে নোটিশ দিতে পারেন কি না? আমার অবাক লাগছে। কারণ, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সংশোধনের জন্য নোটিশ উত্থাপনের কোনো নজির নেই।’স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলেন, নোটিশটি উত্থাপনের পর তা কার্যপ্রণালি বিধি-সম্পর্কিত কমিটিতে পাঠানো হবে।জুনাইদ আহমেদ তাঁর নোটিশে সংসদের কার্যপ্রণালি বিধির ১৫ ও ২৭০ ধারা সংশোধনের প্রস্তাব করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘কার্যপ্রণালি বিধি সংশোধন করতে হলে স্পিকারের সঙ্গে কথা বলে এটা করা যেতে পারে। এ জন্য একটি কমিটি আছে।’ এ পর্যায়ে স্পিকার প্রধানমন্ত্রীকে বলেন, ‘সংসদ সদস্য একটি নোটিশ দিয়েছেন। এটা কমিটিতে পাঠানো যায়।’স্পিকারের কথার জবাবে সংসদ নেতা বলেন, এমন নজির অতীতে নেই। সবশেষে স্পিকার বলেন, ‘তাহলে আমরা এটা স্থগিত রাখছি।’তখন শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি উদ্যোগ নেবেন। তারপর আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’কার্যপ্রণালি বিধির ১৫ বিধিতে বলা আছে, স্পিকারের বিবেচনামতে কোনো সদস্য গুরুতর বিশৃঙ্খল আচরণ করলে স্পিকার তাঁকে অবিলম্বে সংসদ থেকে চলে যেতে আদেশ দিতে পারবেন। আদিষ্ট হওয়ামাত্র সংশ্লিষ্ট সদস্য সংসদ থেকে চলে যাবেন এবং সেই দিনের বৈঠকে স্পিকার কর্তৃক নির্ধারিত সময়ের জন্য অনুপস্থিত থাকবেন। আর জুনাইদ আহমেদের প্রস্তাবে বলা হয়েছে, কোনো সদস্য তাঁর বক্তব্যে কোনো অসংসদীয়, এক্সপাঞ্জযোগ্য অথবা অশ্লীল শব্দ পর পর তিনবার ব্যবহার করলে স্পিকার তাঁকে সংসদ ত্যাগের নির্দেশ দিতে পারবেন।২৭০ বিধির ৮ উপবিধি সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, ‘কোনো সংসদ সদস্য আক্রমণাত্মক, দেশদ্রোহমূলক, রাষ্ট্রবিরোধী, মানহানিকর বা অশ্লীল শব্দ ব্যবহার করলে স্পিকারের বিবেচনামতে এক্সাপাঞ্জযোগ্য প্রতিটি শব্দের জন্য অনধিক ৩০ হাজার টাকা সংশ্লিষ্ট সদস্যের মাসিক পারিতোষিক ভাতা থেকে কর্তনযোগ্য হবে।’এর আগে গত ২৪ জুন সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে জুনায়েদ আহমেদ জাতীয় সংসদে প্রতিটি ‘অশালীন’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে ৩০ হাজার টাকা জরিমানা করার প্রস্তাব দেন। ওই দিন সংসদ নেতা শেখ হাসিনাসহ অন্য সাংসদেরা টেবিল চাপড়ে তাঁকে সমর্থন দিয়েছিলেন। ১৩৯টি হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা ২০১২ সালে হজে অনিয়মের কারণে ১৩৯টি এজেন্সিকে শাস্তি দেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টি প্রতিষ্ঠানকে জামানত বাজেয়াপ্তসহ লাইসেন্স বাতিল ও জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মানব পাচাররোধ আইনে ফৌজদারি মামলা করা হয়েছে। ৩৫টি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা, ৫১টি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা, ৩৫টি এজেন্সিকে তিন লাখ টাকা এবং সাতটি এজেন্সিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিএনপির লুত্ফর রহমানের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া জানান, চলতি হজ মৌসুমে ৮৮ হাজার ৯১৩ জন হজ পালন করবেন। তাঁদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।