আমার আনন্দও কম ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফুলের স্বপ্নের সূচনা নিয়ে স্মৃতিচারণা করছেন সেই টেস্টে বাংলাদেশের অধিনায়ক নাঈমুর রহমানএশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে মোহাম্মদ আশরাফুল আমাদের সঙ্গে জিম্বাবুয়ে সফরেও ছিল। বাংলাদেশ দলের প্রথম টেস্ট সফর ছিল ওটা। সবাই খুব আগ্রহী ছিল ওখানেই ওকে খেলানোর জন্য। কিন্তু আমার এবং কোচ ট্রেভর চ্যাপেলের একটু আপত্তি ছিল। দলে আসার সঙ্গে সঙ্গেই ওকে আমরা খেলাতে চাইনি। আশরাফুল তখন একদমই বাচ্চা ছেলে, যদিও রেডিমেড খেলোয়াড় পেলে আমাদের দেশে সঙ্গে সঙ্গেই খেলিয়ে দেওয়ার ‘নিয়ম’। কিন্তু আমরা চাচ্ছিলাম, সাইড ম্যাচ খেলুক, আন্তর্জাতিক ক্রিকেটের আবহাওয়াটা বুঝুক।এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মনে হলো, ও একটা সুযোগ পেতেই পারে। প্র্যাকটিস ম্যাচ দেখে আশরাফুলকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, আমরাও কিছুটা আস্থা রাখতে পারলাম ওর ওপর। এরপর ম্যাচে যা করল, সেটা তো অবিশ্বাস্য!শুরু থেকেই আশরাফুল আমার খুব ঘনিষ্ঠ। ক্রিকেট নিয়েই বেশির ভাগ কথা হতো আমাদের। সব সময়ই এটা-ওটা জানতে চাইত। ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় আমরা দুজনই তৈরি ছিলাম। পরে আমি না নেমে ওকে আগে নামালাম। জাতীয় লিগে ওর লম্বা ইনিংস ছিল। ওই টেস্টের প্রথম ইনিংসেও ভালো খেলেছে। এসবই কাজ করছিল মনে। তবে ও টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়ে যাবে, এটা ভাবতেও পারিনি।ওর সঙ্গে একটা পার্টনারশিপও হয়েছিল আমার। এত ভালো ব্যাটিং করছিল আশরাফুল! উইকেটে দাঁড়িয়ে আসলে ওর ব্যাটিংই দেখছিলাম আমি। তখনই মনে হচ্ছিল ও অনেক দূর যাবে। টেকনিক ভালো, বিশেষ করে মুরালিকে যেভাবে খেলল—অসাধারণ! ভাস-মুরালি সবাই তখন বড় বড় বোলার। আর আশরাফুল একদমই নতুন। সেট হওয়ার পরই আমি ওকে বলি, সেঞ্চুরি কর। উইকেটটাও খুব ভালো ছিল। একজন নতুন খেলোয়াড়ের অভিষেকের জন্য আদর্শ উইকেট। আশরাফুল সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। সেট হওয়ার পর মনেই হয়নি, কোনো বোলার ওর সমস্যা করতে পারবে। মাঝেমধ্যে মনে হয় এখনকার চেয়েও তখন বুঝি বেশি পরিণত ছিল আশরাফুল!অভিষেক টেস্টে সেঞ্চুরি করে আশরাফুলের খুশিটা স্বাভাবিকভাবেই সবার চেয়ে বেশি ছিল। তবে আশরাফুলের সেঞ্চুরির পর আমার আনন্দও কম ছিল না। ওই রাতে হোটেলে একজন ফোন করে আমাকে বলল, ‘আশরাফুলের সেঞ্চুরির পর যেভাবে আনন্দ করলে, মনে হলো সেঞ্চুরিটা তোমারই!’ আমি বললাম, আমাদের একটা ছেলে এমন ইতিহাস গড়ে ফেলল, আমি খুশি হব না? দুর্ভাগ্য, আশরাফুল এত ভালো ইনিংস খেলার পরও টেস্টটা তিন দিনে শেষ হয়ে গেল। এ কারণে এত ভালো একটা ঘটনা ঘটার পরও আমরা হতাশ ছিলাম। সবারই মনে হচ্ছিল, আরও ভালো কিছু হওয়া উচিত ছিল। আশরাফুলের সেঞ্চুরিটা তা হলে আরও ভালোভাবে উদ্যাপন করতে পারতাম।