আমার আব্বা
শিল্পী আব্বাসউদ্দীন কী মাপের শিল্পী ছিলেন, কতটা জনপ্রিয় ছিলেন, কত হাজার গান রেকর্ড করেছেন, মানুষের হূদয়কে তাঁর কণ্ঠ এবং গান দিয়ে আজও ছুঁতে পেরেছে কি না বা সফল হয়েছিলেন কি না—তিনি নিছকই একজন গায়ক ছিলেন, নাকি তাঁর অসংখ্য গান দিয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, সত্যিকার অর্থে বাঙালিদের, বিশেষ করে নজরুলের সঙ্গে মুসলমান বাঙালিদের, তাঁদের সংগীত দিয়ে জাগাতে পেরেছিলেন কি না—এগুলো সব মূল্যায়ন করবেন আব্বাসউদ্দীনের শ্রোতারা, দেশের আপামর জনসাধারণ, যাঁরা এখনো তাঁর গান শুনলে মুগ্ধ হন—তাঁরা।আমি বলছি আমার আব্বা, আব্বাসউদ্দীনের কথা। তাঁর সন্তান হিসেবে যাঁকে অন্যভাবে মূল্যায়ন করতে চাই, সব সন্তানের কাছেই তাঁদের বাবা-মা শ্রেষ্ঠ। কিছুদিন আগে টিভিতে একটা বিজ্ঞাপনে দেখলাম, ছোট্ট একটা মিষ্টি মেয়ে, দুটো ছোট ছোট হাত আকাশে ছুড়ে বলল, My father greatest কিংবা my father strongest আর দশটা সন্তানের মতো আমার ইচ্ছে করে চিৎকার করে বলি, My father is the best কিন্তু সত্যিই কি তাই? কেন? কেন সে best? এ জন্যই কি তিনি একজন মস্ত বড় শিল্পী ছিলেন? সবাই তাঁকে চেনে এবং একজন দেশপ্রেমিক মানুষ বলে জানে। না, ওসব তো কখনো ছোটবেলায় উপলব্ধি করিনি। শুধু তাঁকে কাছে থেকে দেখেছি, তাঁর অশেষ স্নেহ-মমতা পেয়েছি, প্রতিটি কাজে তাঁর সাহচর্য এবং সাহায্য তো একজন সন্তানের বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি বন্ধুত্ব, সেইটে দিয়েছেন আব্বা, অন্তত যত দিন তিনি বেঁচেছিলেন। হ্যাঁ, আরও বন্ধুবান্ধব যে ছিল না আমার, তা নয়; কিন্তু আব্বার সঙ্গে সব-সব-সব কথা অকপটে বলতে পারতাম, আর আমার আব্বা? সবচেয়ে ভালো বন্ধুর মতো মন দিয়ে শুনতেন এবং মজার মজার মন্তব্য করতেন; মন খারাপ থাকলে ভালো করে দিতেন।আজকাল কজন মা-বাবা আছেন, যাঁরা তাঁদের সন্তানকে অনেক সময় দিতে পারেন? আপনারা বলবেন, এই ব্যস্ততার মধ্যে হয় না সন্তানদের বেশি সময় দেওয়া। কিন্তু আমার আব্বাও তো প্রচণ্ড ব্যস্ত মানুষ ছিলেন। চাকরি, গান, অসংখ্য অনুষ্ঠানে ছুটে যাওয়া; কিন্তু এর মধ্যেও আমাদের জন্য তাঁর সময়ের কমতি ছিল না। স্কুল থেকে ফিরে তাঁকে বলতে হতো কী হলো স্কুলে—মজার কিছু ঘটল কি না। দেখতাম, তিনি রীতিমতো সব উপভোগ করছেন। কলেজ থেকে ফিরলেও একই ব্যাপার। তারপর গেলাম বিশ্ববিদ্যালয়ে, যে সময়টা একটা মানুষের বয়ঃসন্ধিকাল। সেই সময়টাতেই সবচেয়ে বেশি বন্ধুত্ব পেয়েছি আব্বার কাছে। সব কথাই আব্বার কাছে না বলা পর্যন্ত শান্তি পেতাম না এবং আব্বাও খুব ধৈর্য ধরে শুনতেন। আমার মনের সব সংকট তিনি মিষ্টি করে বুঝিয়ে দূর করে দিতেন।আব্বা সত্যিই তাঁর সন্তানদের ভীষণ ভালোবাসতেন। প্রতিটি ব্যাপারেই তাঁর প্রখর নজর ছিল। আমাদের খাওয়া-দাওয়া, বেড়ানো, মাঝেমধ্যে ঢাকার বাইরে গিয়ে বেড়িয়ে আসা। বিদেশি কোনো শিল্পী এলে তাঁদের যেমন চট্টগ্রাম, সিলেট, দার্জিলিং—এসব জায়গায় নিয়ে যাওয়া ও অনুষ্ঠানে নিয়ে যাওয়া—সব। মনে পড়ে, আব্বার সঙ্গে ম্যাজিশিয়ান পি সি সরকারের ম্যাজিক দেখতে যাওয়ার কথা। মনে পড়ে, একজন নামকরা রাশিয়ান নৃত্যশিল্পীর নাচ দেখতে যাওয়ার কথা, বাড়িতে উপমহাদেশের নামকরা সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খানকে আনার কথা—কলকাতায় উপমহাদেশের বিরাট ওস্তাদ বড়ে গোলাম খানের সঙ্গে আলাপ করতে নিয়ে যাওয়ার কথা। মনে পড়ে, কলকাতায় নামকরা কমলা সার্কাসে সার্কাস দেখতে যাওয়ার কথা।ফুল কার না ভালো লাগে? কে না ফুল ভালোবাসে? কিন্তু কজন ভালোবাসে ফুল ফোটাতে? সকাল-বিকেল নিজের হাতে বাগান করতে? সকাল-বিকেল গাছে পানি দিতে। আমার আব্বাকে তা-ই করতে দেখেছি। সকালবেলা উঠেই দেখতেন, কোন ফুলের কোন কলিটা ফুটল। কোন গাছটার গোড়া পরিষ্কার করতে হবে। শুধু কি ফুলের গাছ? আমাদের পুরানা পল্টনের বাড়ির ভেতরদিকে অনেকখানি জায়গা ছিল। সেখানে আব্বা সবজি, তরকারির বাগান করতেন। টমেটো ধরলে সবাইকে কেটে সেটা খাওয়াতেন। একটা মজার গল্প বলি, একদিন বিকেলে আব্বা বাগানে লুঙ্গি পরে কাজ করছিলেন। এমন সময় এক বিদেশি ভদ্রলোক এসে তাঁকে আব্বার কথা জিজ্ঞেস করলে আব্বা মেহমানকে সসম্মানে ঘরে বসিয়ে ভেতরে চলে গেলেন। একটু পরেই তিনি ধোপদুরস্ত হয়ে সাদা শার্ট, সাদা প্যান্ট, যা আব্বার খুব প্রিয় পোশাক ছিল, তা পরে সাহেবের সামনে আসতেই তিনি অবাক হয়ে গেলেন যে একটু আগে বাগানে যিনি মালীর কাজ করছিলেন, তিনিই স্বনামধন্য আব্বাসউদ্দীন। ভদ্রলোক সত্যিই অবাক হয়েছিলেন সেদিন।আপনাদের যদি জিজ্ঞেস করি, আপনাদের বউকে বা স্ত্রীকে কতখানি ভালোবাসেন। হয়তো অবাক হবেন, এ আবার কেমন প্রশ্ন? হয়তো অনেকেই বলবেন, বউকে তো ভালোবাসিই, এ আবার জাহির করতে হবে নাকি? কেন বলছি এই কথা? দেখেছি মায়ের প্রতি আব্বার যে ভালোবাসা, তার কোনো তুলনাই হয় না। মায়ের নাম লুৎফুন্নেসা খাতুন। আব্বা আদর করে ডাকতেন আলেয়া বলে। স্ত্রীকে যে কতখানি সম্মান করা যায়, করতে হয়—আব্বাকে দেখে তা অবাক হয়েছি। এমন কোনো কাজ নেই, যা মাকে না বলে করেছেন। সব কথায় মাকে জিজ্ঞেস করতেন, ‘আলেয়া তুমি কী বলো?’ মায়ের প্রতি আব্বার যে ভালোবাসা, শ্রদ্ধা, তা বুঝতে পেরেছি মায়ের কাছে লেখা আব্বার কতগুলো চিঠিতে। আব্বা কলকাতায়, মা দাদার বাসায়, বলরামপুরে। ‘প্রাণের আলেয়া’কে তাঁর লেখা চিঠিগুলো পড়ার মতো। যদি কখনো সুযোগ হয় ওগুলো ছাপিয়ে দেব, তখন আপনারাও বুঝতে পারবেন তাঁর স্ত্রীর প্রতি ভালোবাসার গভীরতা। তবে হ্যাঁ, দুজনের মধ্যে মনোমালিন্য যে কখনো হয়নি, তা বলব না। তবে সন্তানদের সামনে কখনো তাঁদের ঝগড়া করতে দেখিনি। দরজা বন্ধ করে, যা কিছু বোঝাপড়া করা। দেখতাম আব্বা মাকে রিকশা করে নিয়ে চলে গেলেন বেড়াতে কিংবা সিনেমা দেখতে। আব্বা সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। আমাদের হয়তো বলে গেছেন, ‘মাগো, তোমরা পড়াশোনা করো, আমরা একটা সিনেমা দেখে আসি।’ পরের দিন হয়তো আমাকে আর আব্বাসী ভাইকে পয়সা দিয়ে পাঠিয়ে দিলেন সেই সিনেমা দেখতে। ছবিতে গান ভালো হলে সেই ছবি আব্বা তিনবার, চারবার দেখতেন। আমাকেও সঙ্গে নিতেন। আমাদের ছোটবেলায় সুচিত্রা-উত্তম ছিলেন নামকরা নায়ক-নায়িকা আর সন্ধ্যা মুখার্জির গান ছিল আব্বার ভীষণ প্রিয়। তাঁর রেকর্ড বাজারে বেরোলেই কিনে নিয়ে এসে আমাকে সেই গান শিখে ফেলতে বলতেন। পরে আবার তাঁকে সেই গান গেয়ে শোনাতে হতো। হুবহু না তুললে আবার দেখে নিতে বলতেন।হ্যাঁ, আমার গানের কথায় চলে এসেছি, তাই না? আব্বা তাঁর মেয়েকে শিল্পী বানাবেন, সেটা তাঁরই স্বপ্ন ছিল। একটি মাত্র মেয়ে—কী করে যে তাকে সম্পূর্ণ একজন মানুষ এবং একজন কণ্ঠশিল্পী বানাবেন, তা ছিল তাঁরই সাধনা। সেই সাধনা, আব্বার সেই স্বপ্ন, আমি পূরণ করতে পেরেছি কি না, জানি না, বা কতটুকু পেরেছি, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। শুধু আমাকে নয়, আমাদের তিন ভাইবোনকেই তিনি মনের মতো করে মানুষ করতে চেয়েছেন এবং সে জন্যই হয়তো আমাদের সব ভালোমন্দের দিকে খেয়াল রেখেছেন। কজন মা-বাবা এখন তা করেন? টিউটোরিয়াল ক্লাসে পাঠিয়েই দায়িত্ব শেষ করি আমরা। কিন্তু আব্বা নিজের হাতে বড় বড় খাতা বানিয়ে তাতে প্রতিটা ইংরেজি শব্দের মানে লিখে বলতেন, মুখস্থ করতে, যাতে আমার ইংরেজিটা ভালো হয়। কারণ ছিল ইংরেজি মিডিয়াম, কনভেন্ট স্কুলে ভর্তি করালেন, যেটা সেই সময় ঢাকার সবচেয়ে ভালো স্কুল ছিল এবং সত্যিই আমি তিন মাসের মধ্যে উঁচু ক্লাসে প্রমোশন পেয়ে গেলাম। এই ছিলেন আমার আব্বা। আমি প্রতিটি পরীক্ষায় ভালো করলে দেখতাম তাঁর আনন্দ। সব কবি-সাহিত্যিক-শিল্পীকে বলতেন তাঁর মেয়ের সাফল্যের কথা।খেতে কে না ভালোবাসে? আমরা সবাই খেতে ভালোবাসি। আব্বা ভালোবাসতেন সবাইকে খাওয়াতে। ভালোবাসতেন বাজার করতে। প্রচুর বাজার করতেন, সবচেয়ে নতুন সবজিটা, সবচেয়ে বড় মাছটা আসত বাসায়। সে সময় ফ্রিজ ছিল না। তাই মা হিমশিম খেতেন এসব মাছ-সবজি টাটকা রাখতে। বাজার করেই হয়তো ফোন করে দিলেন, কবি গোলাম মোস্তফা চাচার পরিবারকে কিংবা জসীমউদ্দীন চাচা এবং তাঁর পরিবারকে। সবাইকে নিয়ে হইচই করে খাওয়াতে ভালোবাসতেন। আব্বা ট্যুরে যেতেন প্রায়ই ঢাকার বাইরে। যেখানে যেটা ভালো সেই খাবার নিয়ে আসতেন—সিলেট থেকে কমলা ও দিনাজপুর থেকে আম-লিচু, চট্টগ্রাম থেকে আব্বার প্রিয় শুঁটকি মাছ, এখানকার চমচম, ওখানকার দই, সেখানকার মন্ডা, সন্দেশ এসব। আব্বা ট্যুর থেকে এলে তাই আমাদের আনন্দের সীমা ছিল না। আর যেসব খাবার আসত, তা মা ধরে—হাঁড়ি ভরে দিয়ে-থুয়ে খাওয়া হতো।শিল্পীরা যে ভীষণ আত্মকেন্দ্রিক হন—এটা আমরা সবাই জানি। তাঁরা নিজের সাফল্য ছাড়া আর কারও কথা ভাবেন না। কে কাকে টেক্কা দেবেন, এটাই সবার ভাবনা। আব্বার দেখতাম উল্টোটা। নিজে তো বিরাট শিল্পী। প্রথমে আধুনিক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ—তারপর নজরুলের বিভিন্ন ধরনের গান, বিশেষ করে ইসলামি গান, যা সব দেশের ঘুমন্ত মুসলমানকে জাগিয়ে তুলল। তারপর পল্লীসংগীত, ভাটিয়ালি, ভাওয়াইয়া, চটকা, জারি-সারি, মুর্শিদি—সব ধরনের গান তিনি গ্রাম-গ্রামান্তর থেকে এনে শহরের মানুষের মধ্যে ছড়িয়ে দিলেন এবং শ্রোতারা তা ভীষণভাবে গ্রহণ করল। কিন্তু তিনি একা গেয়েই ক্ষান্ত হননি। গ্রাম থেকে আরও প্রতিভাবান শিল্পীদের কলকাতায় এনে তাঁদের কণ্ঠে সেসব গান রেকর্ড করালেন। কারও মধ্যে সামান্যতম প্রতিভা দেখলেই তাঁকে উৎসাহে ভরিয়ে দিতেন। এসব কথায় প্রখ্যাত শিল্পীরা, যেমন সোহরাব হোসেন, বেদারউদ্দীন, আবদুল আলীম, আবদুল লতিফ আর এই রকম বহু শিল্পীর নাম করা যেতে পারে, যাঁরা আব্বার কাছে উৎসাহ পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এ রকম আরও বহু গুণের কথা আব্বার সম্পর্কে বলতে পারি—কিন্তু সেসব সম্পর্কে আগেও লিখেছি এবং বলেছি।বাংলার বুলবুল, পল্লীসম্রাট, জনদরদি শিল্পী, সমাজসচেতন শিল্পী—এসব ভূষণে ভূষিত আব্বাসউদ্দীনের কথা লিখলাম না, লিখলাম শুধু আমার আব্বার কথা, যা এই মুহূর্তে মনে হলো, আগে বলা হয়নি, শিল্পী আব্বাসউদ্দীন নয়—মানুষ আব্বাসউদ্দীন, আমার প্রাণপ্রিয় আব্বা।