আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘কাজের ব্যস্ততায়, বেখেয়ালে তামাক রপ্তানির শুল্কহার কমানোর নোটে সই করেছিলাম। সচেতনভাবে করলে আমি তামাকের ওপর শুল্ক কমানোর পক্ষে মত দিতাম না। বাজেট বক্তৃতায়ও আমি তা বলেছি। এখানে আমার ত্রুটি হয়েছে। অনেক ফাইলের ভিড়ে আমি ওই নথিটিও স্বাক্ষর করে ফেলি। আর ওটিই মন্ত্রণালয়ের জবাব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে যায়। তবে এটা ঠিক যে, আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।’ আজ রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়কে তামাক রপ্তানিতে শুল্কহার কমানোর কোনো চিঠি কৃষি মন্ত্রণালয় দেয়নি। অথচ একটি দৈনিকে ‘মতিয়া তামাকের শুল্ক কমাতে চিঠি দেন মুহিতকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি পত্রিকাটিকে আরও সতর্কভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।কৃষিমন্ত্রী বলেন, প্রথমবারের মতো এনবিআর তাদের একক সিদ্ধান্তে তামাকের ওপর রপ্তানি শুল্ক ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ আরোপের সিদ্ধান্ত নেয়। আরোপিত কাঁচা তামাকের ওপর ১০ শতাংশ শুল্ক প্রত্যাহার করা সমীচীন হবে কি না, সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের মতামত চায় এনবিআর। এটি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষরের পর সর্বশেষ সচিবের স্বাক্ষর শেষে কৃষিমন্ত্রীর কাছে যায়। মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল তিনি নথিতে সই করেন। কৃষিমন্ত্রী বলেন, পত্রিকায় ছাপা হয়েছে যে, তামাকের শুল্কহার কমাতে আমি অর্থমন্ত্রীকে অনুরোধ করে চিঠি দিয়েছি। সেটা ‘অসত্য’। ভবিষ্যতে তারা যেন এ ধরনের অসত্য তথ্য পরিবেশন না করে, সেজন্য তিনি তাদের অনুরোধ জানান। প্রসঙ্গত, গতকাল শনিবার বসুন্ধরা গ্রুপের দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তামাক রপ্তানির ওপর শুল্কহার কমাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি লেখেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে অনুরোধ করেন। অর্থমন্ত্রী মুহিত তাঁর অনুরোধ রেখেছিলেন।