প্রথম আলোয় ‘বদলের শপথ’ আয়োজনে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছিলেন, তিনি সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের জন্য কাজ করবেন। ২০০৮ সালে করা ওই অঙ্গীকার পালন করেছেন বন্যা। ‘উন্নয়নের জন্য সংগীত’ প্রকল্পের মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত ২৮ জন শিশুকে গত এক বছর রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারায় তিনি গান শিখিয়েছেন। পাশাপাশি তাদের উন্নয়নের চেষ্টা করেছেন। তাঁর এক বছরের এ প্রকল্প শেষ হচ্ছে। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব নিয়ে কথা হলো বন্যার সঙ্গে।সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ধরনের উদ্যোগ কেন নিয়েছিলেন?আমার মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের সমাজে মানুষ হিসেবে জায়গা করে দেওয়া। তাদের মানসিক উৎকর্ষ বাড়ানো, আত্মসম্মানবোধ তৈরি, সংস্কৃতি ও ঐতিহ্যকে চেনানো, মাদক ও সন্ত্রাসের ব্যাপারে সাবধান করা এবং স্বাস্থ্য, পুষ্টি ও বিভিন্ন অধিকারের ব্যাপারে সচেতন করা। ইউএনডিপির সহযোগিতায় ‘উন্নয়নের জন্য সংগীত’ নামের প্রকল্পের মাধ্যমে পুরো কাজটিই করেছি পরীক্ষামূলকভাবে। প্রথম পর্যায়ে আমরা ২৮ জন শিশুকে নিয়েছিলাম। এই শিশুরা কোন এলাকার?তাদের সবার বাসা মোহাম্মদপুর বেড়িবাঁধ বস্তিতে। কেউ কেউ আবার বিভিন্ন বাসায় কাজ করে।এক বছর পর এই শিশুদের কতটা উন্নতি হয়েছে?এটা দেখানোর জন্যই আজকের অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ তারা গান করবে, আবৃত্তি করবে, নাচবে। তাদের উচ্চারণ, কথা বলার ধরন, বাচনভঙ্গি— সবকিছুতেই আমূল পরিবর্তন এসেছে। আমার একটা স্বপ্ন পূরণ হলো। আজ আমিও তাদের সঙ্গে গান করব। এই শিশুদের জন্য ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে?শুরুতে আমার এ প্রকল্পটি ছিল এক বছরের জন্য। কিন্তু তাদের উন্নতি দেখে ভাবছি, এই শিশুদের নিয়ে আরও এক বছর কাজ করব। তাদের মধ্যে অনেকেই পড়াশোনা করছে। তারা পড়াশোনা যাতে অব্যাহত রাখতে পারে, সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা করব। সবাই যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই চেষ্টাও করব। ভবিষ্যতেও এ প্রকল্পটি চালু থাকবে। সুবিধাবঞ্চিত আরও নতুন ছেলেমেয়েকে নিয়ে নিয়মিত কাজ করব।