হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির বিষয়ে সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবীর বলেছেন, ‘আমার একসুতা পরিমাণও দোষ নেই।’ হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজ মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুদকের উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিটি হুমায়ুন কবীরকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। সকাল ১০টা ২০ মিনিটে তিনি দুদক কার্যালয়ে আসেন। হলমার্কের এই দুর্নীতির সময় সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মো. হুমায়ুন কবীর।দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, মূলত হুমায়ুন কবীর হলমার্কের কাছ থেকে কী পরিমাণ সুযোগ-সুবিধা পেয়ে তাঁদের অর্থ আত্মসাতে সাহায্য করেছেন, তা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ক্ষেত্রে সরকারি উচ্চপর্যায়ের কোনো চাপ ছিল কি না, বা কারও কাছ থেকে কোনো নির্দেশ পেয়ে তিনি কাজ করেছেন কি না, তা-ও জানতে চাওয়া হয়।সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলমার্ক গ্রুপের নামে প্রতিষ্ঠানটির মালিক তানভীর মাহমুদ দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নেন। এই অভিযোগ সম্পর্কে জানতে তানভীর মাহমুদ ও তাঁর স্ত্রী জেসমিন ইসলাম এবং হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদকে গত রোববার দুদক কার্যালয়ে ডাকা হয়।এর আগে গত ১২ আগস্ট সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের তদন্ত দল।হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে দ্রুত জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।