আমার কাউন্টি জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ডের বিপক্ষে ম্যাচ হেরে দলের সবাই তখন একদম বিধ্বস্ত অবস্থায়। হোটেলে গিয়ে সবার সঙ্গে কথা বলে মনটা যে একটু হালকা করব, সে উপায়ও নেই। ম্যাচ শেষ হতে না হতেই অ্যালেক্সি কারবেজি এসে বলল, ‘চলো, এখনই রওনা দিতে হবে।’মাঠেই ব্যাগট্যাগ ছিল। কাঁধে ঝুলিয়ে রওনা দিলাম। গ্লাসগো থেকে হিথরো, হিথরো থেকে ডার্বিতে। আমার সতীর্থরা সবাই হল্যান্ড থেকে রওনা দিল ঢাকায়। আর হল্যান্ডের খেলোয়াড়, উস্টারশায়ারে আমার সতীর্থ কারবেজিকে সঙ্গী করে আমি চললাম কাউন্টি খেলতে; শুরু হলো আমার কাউন্টি-জীবন।সেটা আক্ষরিক অর্থেই। ২০ জুলাই হল্যান্ডের বিপক্ষে খেললাম; পরদিনই ডার্বিশায়ারের বিপক্ষে শুরু হলো চার দিনের ম্যাচ। ডার্বিতে গিয়ে সবচেয়ে স্বস্তি পেলাম মইন আলীকে দেখে। ওর সঙ্গে আগে থেকে আমার খুব ভালো চেনা-জানা ছিল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশে খেলে গেছে, বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে দেখা-সাক্ষাৎ হয়েছে। ফলে ওকে দেখে মনে হলো, একজন আপনজনের দেখা পেয়েছি।মইনই আসলে পরিস্থিতিটা সহজ করে দিল। আরেকটু পরিস্থিতি সহজ হয়ে গেল প্রথম ইনিংসেই ৯০ রান করায়। মনে হলো, মানিয়ে নিতে পারব। কিন্তু মানিয়ে নেব কোথায়? উস্টারে আমার বাসায় পৌঁছালাম কাউন্টি খেলা শুরু করার পাঁচ দিন পর!ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচ শেষ করে সবার সঙ্গে মিলে উস্টারে গেলাম। ছোট্ট একটা শহর, ছিমছাম। মনে হলো, সিনেমায় দেখা কোনো শহরে চলে এসেছি। সেই শহরের এক পাশে আমাদের উস্টার ক্লাবের মাঠ, ক্লাব ভবন। ওখানেই পরিচয় হলো উস্টার্সের কর্মকর্তাদের সঙ্গে।টানা চার দিন খেলার পর সবাই ক্লান্ত। ফলে আনুষ্ঠানিকতা খুব বেশি হলো না। এক কর্মকর্তা আমাকে নিয়ে এলেন আমার বাসায়। দুই বেডরুমের বাসা, বেশ বড়। বাসার নিচেই সুন্দর একটা গাড়ি। যে কর্মকর্তা সঙ্গে এসেছিলেন, উনিই সব ঘুরিয়ে দেখালেন। গাড়ির চাবি বুঝিয়ে দিলেন, কোথায় স্টোর-রুম, কোথায় রান্না করতে হবে—সব দেখিয়ে দিলেন।পরদিনই আবার প্রো-৪০ ম্যাচ। ওই প্রো-৪০ ম্যাচের দিন উস্টারে এসে হাজির আশরাফুল ভাই (মোহাম্মদ আশরাফুল) আর তাঁর এক বন্ধু। লিগ খেলার জন্য আশরাফুল ভাই ইংল্যান্ডে থেকে গিয়েছিলেন। আমাকে ফোন করে ঠিকানা নিয়ে দিব্যি চলে এলেন। ওনাকে দেখে যে কী আনন্দ লাগছিল!আশরাফুল ভাইদের আসার ফলে আরেকটা ব্যাপার হলো, আমি ঘর গোছাতে শিখলাম! এর আগ পর্যন্ত আমি আসলে আমার বাসা নিয়ে খুব একটা ভাবিনি। আশরাফুল ভাইয়ের বন্ধু ইকবাল ভাই আমাকে নিয়ে বের হলেন। বাসায় যা যা প্রয়োজন, পেপার বক্স থেকে শুরু করে ডাস্টবিনের জন্য পলিথিন পর্যন্ত কিনে দিলেন।ওনাদের আবার এক বাসায় দাওয়াত ছিল। তাই বললেন, ‘চলো, তোমাকে বাংলাদেশি রেস্টুরেন্ট চিনিয়ে দিই।’ হাঁটতে হাঁটতে বেরিয়েছি। হঠাৎ আমাদের পাশে একটা ট্যাক্সি দাঁড়িয়ে পড়ল। জানালার কাচ নামিয়ে ড্রাইভার মুখ বের করে আমাকে ডাক দিলেন। ইংরেজিতেই বললেন, ‘আপনি কি বাংলাদেশি ক্রিকেটার?’ আমি বিস্মিত হয়ে ‘হ্যাঁ’ বলতেই ভদ্রলোক বললেন, ‘আমি পাকিস্তানি। আপনাকে টেলিভিশনে দেখেছি।’সাত সমুদ্র তের নদীর ওপারে এই ইংল্যান্ডের উস্টার শহরে এক পাকিস্তানি ট্যাক্সি ড্রাইভার আমাকে চিনে ফেললেন! ওই ভদ্রলোকই আমাদের এক বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে গেলেন।সেখানে আরেক মজা। দেখি মালিক, শ্রমিক অনেককেই আমি চিনি! কীভাবে? এঁরা ঠিকই খোঁজখবর নিয়ে উস্টারের মাঠে আমার খেলা দেখতে চলে গিয়েছিলেন। আমাকে দেখে তো হইহই করে উঠলেন সবাই। বিরিয়ানি খেলাম। বিল দিতে গিয়েই সমস্যা। কিছুতেই বিল নিলেন না।এর পর থেকে উস্টারে থাকলে বেশির ভাগ খাওয়াদাওয়া এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতেই করতাম। বাসায় রান্নারও চেষ্টা করেছিলাম। একদিন ডিম ভাজি করলাম। আরেক দিন আলু ভাজি করার চেষ্টা করলাম, কিন্তু তেল বেশি হয়ে গেল। এর পর থেকে আর রান্নার চেষ্টা করিনি।বাসায় আবার রান্না হলো মাগুরার এক বন্ধু ওখানে আসার পর। ও থাকে লন্ডনে। সঙ্গে আরেকটা বাংলাদেশি ছেলেকে নিয়ে এল বাসায়। ওরা তিন-চার দিন ছিল। ওই কদিনই বাসায় রান্নাটান্না হলো। বললে বিশ্বাস করবেন না, ওরা গিয়েছিল বলেই আমি প্রথম উস্টারের আশপাশে একটু বেড়াতে বের হলাম।শহরটার পাশেই একটা নদী আছে। এমনিতে আমাদের বড় বড় নদীর তুলনায় ছোট, কিন্তু ইংল্যান্ডের অন্য নদীগুলোর চেয়ে মনে হয় বড়। নদীতে নৌকায় ঘোরার ব্যবস্থাও ছিল। আমরা অবশ্য নৌকায় না চড়ে গেলাম পাশের পাহাড়ের দিকে। বন্ধুদের সুবাদে একটু বেড়ানো অন্তত হলো।আসলে বেড়াতে যাওয়া, সন্ধের পর ঘুরতে বেরোনো—এগুলো করার সময়ই পেতাম না। টানা ম্যাচ আর ম্যাচ। এর মাঝখানে যে দু-একটা দিন সময় পেতাম, বাসা থেকে বের হতে ইচ্ছা করত না। বসে বসে ইন্টারনেট ব্রাউজ করতাম, টিভি দেখতাম। বাংলাদেশি কিছু চ্যানেল দেখা যায় বলে সময়টাও বেশ কেটে যেত।আসলে সময়টা মাঠেই যেন বেশি ভালো কাটত। কাউন্টি খেলতে গিয়ে জীবনের অন্য একটা দিক তো দেখা হলো, ক্রিকেটেরও আসলে অন্য একটা দিক দেখে ফেললাম। আমাদের দেশে খেলাধুলার সঙ্গে আবেগ জিনিসটা অনেক বেশি জড়িয়ে আছে। কিন্তু ওদের ওখানে ব্যাপারটা পুরো পেশাদারি।সবচেয়ে বড় পার্থক্য হলো, কেউ ভালো করলে তাকে নিয়ে খুব বেশিক্ষণ মাতামাতি হয় না। আমাদের শেষ দিকে যে অধিনায়ক ছিল, সেই ড্যারেন মিশেল টানা তিন ম্যাচে সেঞ্চুরি করেছিল একটা পর্যায়ে। কিন্তু তাকে নিয়েও তেমন কোনো হইচই নেই। কিন্তু আমাদের এখানে চিন্তা করুন। কেউ একটা ক্লাবের হয়ে পরপর তিনটে সেঞ্চুরি করলে তাকে নিয়ে কী হতো!আমি খারাপ-ভালো বলছি না। তবে এই নিরাবেগ ব্যাপারটা আমি খুব উপভোগ করছি। কারও বাড়তি কোনো ব্যাপার নিয়ে মাথাব্যথা নেই। সবাই যার যার কাজ করছে। সবকিছু যেন আগে থেকে ঠিক করা। যন্ত্রের মতো কাজ করে যেতে হবে। আমার এটা ভালো লেগেছে।আবার এর মানে এই নয় যে, ওখানকার খেলোয়াড়েরা খুব যান্ত্রিক। খেলোয়াড়েরা কিন্তু পরস্পরকে খুবই সহযোগিতা করে। একটা উদাহরণ দিই। প্রথম দিন অনুশীলনে গিয়ে আমি ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি। তখনকার অধিনায়ক বিক্রম সোলাঙ্কি নিজে এগিয়ে এসে বলল, ‘তুমি নক করবে? আমি বল ছুড়ে দেব?’বুঝুন, একজন তারকা খেলোয়াড়, অধিনায়ক, সে দিব্যি এসে এই প্রস্তাব দিল। ওদের ব্যাপারটাই আসলে এ রকম। মুখে বাড়তি মাখামাখি নেই, কিন্তু আন্তরিকতা আছে। হইচই নেই, কিন্তু সবাই একসঙ্গে জিততে চায়।আমি অন্তত এই পেশাদারিত্বের টানে হলেও আবার কাউন্টি খেলতে যেতে চাই।