আমার কাছে বাবার গুরুত্ব ৩৬৫ দিনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাবা দিবস। এদিন এটিএন বাংলায় চঞ্চল চৌধুরী অভিনীত ধারাবাহিক নাটক নো প্রবলেম ডট কম দেখানো হবে। চঞ্চল চৌধুরীর বাবা দুই দিন আগে গ্রাম থেকে এসেছেন ছেলের বাসায়। তাই চঞ্চলের জন্য আজকের দিনটা খুব আনন্দের। কথা হলো চঞ্চল চৌধুরীর সঙ্গে।বাবা দিবসে আজ কী করছেন?বাবার গুরুত্ব ৩৬৫ দিনই সমান। তবে আজকের দিনের মজাটা অন্য জায়গায়। পরশুদিন বাবা হঠাৎ করেই ঢাকা এসেছেন। তিনি আজ আমার সঙ্গে থাকবেন। তাই আমার মধ্যে অন্য রকম অনুভূতি কাজ করছে।বাবাকে নিয়ে কোনো ঘটনার কথা মনে পড়ছে?অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। ভীষণ রাগী। অন্য ছাত্রদের মতো আমিও তাঁর সামনে যেতাম না। বৃত্তি পরীক্ষা দিতে যাইনি। বাড়ি ফিরে বাবা তো ভীষণ রেগে গেলেন। আমাকে বেদম পেটালেন। বাবার হাতের সেই মার খাওয়ার স্মৃতি এখনো ভুলতে পারিনি। আমার শিক্ষা হলো। মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম। বড় হয়ে বাবাকে খুশি করতে পেরেছেন?বাবা তো সন্তানের সাফল্যে সব সময়ই খুশি হন। তবে সম্প্রতি একটি ঘটনার জন্য খুব খুশি হয়েছেন। আমি বাড়ি গেলাম। প্রচণ্ড গরম। আমাদের বাড়িতে কোনো রেফ্রিজারেটর নেই। বিকেলে মনে হলো, আমরা ঢাকায় কত সুখে আছি! আর বাবা গ্রামে কষ্ট করছেন। তখনি পাবনা শহরে চলে গেলাম। বাবার জন্য রেফ্রিজারেটর কিনে আনলাম। এরপর বাবার হাসিমাখা মুখখানা দেখে শান্তিতে মনটা ভরে গেল। বাবাকে কোন কথাটা আপনি কখনোই বলতে পারেননি?‘বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি’—এ কথাটা এখনো বলতে পারিনি। কিন্তু নানাভাবে বোঝাতে চেষ্টা করি।এখন কী নিয়ে ব্যস্ত?এই মুহূর্তে একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি ঈদের নাটকের কাজও শুরু হয়েছে। এরই মধ্যে দু-তিনটি নাটকে কাজ করেছি। সামনে আরও ১০টি নাটকের কাজ করতে হবে। সমস্যা হলো, এখন আমি আর কাউকে সময় দিতে পারছি না। গত কয়েক বছরই ঈদ এলে এমন ঘটনা ঘটে। চলচ্চিত্রের খবর কী?মনের মানুষ ছবির কাজ শেষ করেছি। শুনেছি, ঈদের পর নাকি ছবিটি মুক্তি পাবে।