আমার কিছু কথা আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বছর আগে অন্তঃপুর ছিল নারীর একমাত্র জায়গা। বর্তমানে সে অবস্থার যথেষ্ট পরিবর্তন হয়েছে। আজকের নারীরা অনেক এগিয়েছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার ইত্যাদি অনেক কিছুই নারীরা হয়েছেন, হচ্ছেন। কিন্তু অগ্রগতি আর অধিকারপ্রাপ্তি, মুক্তি এক কথা নয়। তা ছাড়া গুটিকয়েক নারীর অগ্রগতিতে পুরো নারীসমাজের পরিবর্তন সম্ভব নয়। এই পরিবর্তনের জন্য চাই সম্মিলিত চেষ্টা আর প্রতিটি নারীর অগ্রগতি। এ জন্য প্রয়োজন সুশিক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া। অর্থাৎ সব নারীরই নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করে, কর্মক্ষম করে তুলতে হবে। বেগম রোকেয়া ছিলেন নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ। তিনি মনে করতেন, কেবল শিক্ষাই পারে নারীর অগ্রগতি ও মুক্তি ঘটাতে। এই শিক্ষা মানসিক ও শারীরিক দুভাবেই হবে। যাতে করে নারীরা আদর্শ কন্যা, আদর্শ বোন, আদর্শ স্ত্রী এবং আদর্শ মা হতে পারেন। সেই সঙ্গে নিজের অন্ন-বস্ত্রের ব্যবস্থা নিজেরাই করতে পারেন, কারও গলগ্রহ তাঁদের হতে হবে না। বর্তমানে অনেক নারীই নিজেকে শিক্ষিত করে তুলছেন। কিন্তু কজন নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন? অর্থনৈতিক পঙ্গুত্ব মানসিক পঙ্গুত্ব এনে দেয়। আর যে মানুষ মানসিকভাবে পঙ্গু, সে কীভাবে নিজের অগ্রগতি ঘটাবে আর কীভাবে সমাজের অগ্রগতি ঘটাবে? অনগ্রসর নারীরা তাই সমাজে ভীষণ গুরুত্বহীন, অবহেলিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘নারীর মূল্য’ প্রবন্ধে পুরুষকে, সমাজকে যথেষ্ট কটাক্ষ করেছেন। প্রবন্ধটির প্রথম কয়েকটি লাইন এ রকম, ‘মণি-মাণিক্য মহামূল্য বস্তু, কেননা তাহা দুষ্প্রাপ্য। এই হিসাবে নারীর মূল্য বেশি নয়, কারণ সৎসারে ইনি দুষ্প্রাপ্য নহেন। জল জিনিসটা নিত্যপ্রয়োজনীয়, অথচ ইহার দাম নাই। কিন্তু যদি কখনও ঐটির একান্ত অভাব হয়, তখন রাজাধিরাজও বোধকরি এক ফোঁটার জন্য মুকুটের শ্রেষ্ঠ রত্নটি খুলিয়া দিতে ইতঃস্তত করেন না। তেমনি ঈশ্বর না করুন, যদি কোনো দিন সংসারে নারী বিরল হইয়া উঠেন, সেই দিনই ইহার যথার্থ মূল্য কত, সে তর্কের চূড়ান্ত নিষ্পত্তি হইয়া যাইবে—আজ নহে। আজ ইনি সুলভ।’সত্যিই তো, সংসারের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নারীর উপস্থিতি। এমনকি পুরুষের উন্নতির পেছনেও রয়েছে নারীর প্রেরণা, উৎসাহ। অথচ সমাজে, সংসারে নারী বড় মূল্যহীন, অধিকারহীন। কোনো কিছুর ওপরই নারীর অধিকার নেই, এমনকি নিজেদের ওপরও না। আর নেই ঘর, নিজের কোনো ঘর। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি—এভাবে পরপর সবার ঘরে নারী আশ্রিতা মৃত্যু অবধি। মৃত্যুর পর সাড়ে তিন হাত ঘরটাই কেবল নিজের হয়। আমি মনে করি, অধিকার, মুক্তি, স্বাধীনতা—কেউ কাউকে দিয়ে দেয় না। বরং এসব অর্জন করে নিতে হয়, জিতে নিতে হয়। আর এই জয়ের জন্য প্রয়োজন শিক্ষা। প্রতিটি নারী নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেই নিজেদের অগ্রগতিতে এবং সমাজের অগ্রগতিতে অবদান রাখতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে, পুরুষের সঙ্গে নারীর কোনো দ্বন্দ্ব নেই। পুরুষ অগ্রসর হয়েছেন তাঁর শিক্ষা দিয়ে, কর্ম দিয়ে, তেমন নারীকেও এগোতে হবে শিক্ষিত হয়ে, নিজেদের কর্ম দিয়ে। পৃথিবীতে, সমাজে, সংসারে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে, অধিকার আদায় করে নিতে হবে, সেও কেবল নিজের কর্ম দিয়েই। পুরুষ, নারী উভয়ই যদি পরস্পরকে মানুষ হিসেবে দেখে, বন্ধু হিসেবে দেখে, সহকর্মী হিসেবে দেখে, তাহলে অনেক সমস্যারই সহজ সমাধান হয়। অনেক নারীই আছেন, যাঁরা কেবল রান্না করাকেই সুনিপুণ শিল্প বলে ভাবেন। রান্না তো অবশ্যই শিল্প কিন্তু গান, কবিতাও যে শিল্প, সেটা খুব করে বুঝতে হবে এবং হূদয়ঙ্গম করতে হবে। পৃথিবী, সমাজ, সংসার—সবকিছুতে নারী-পুরুষ সবারই সমান অধিকার। সবকিছুর ওপর সমান দায়িত্ব। প্রত্যেক নারীকেই বলছি, আসুন, নিজেদের শিক্ষিত করে তুলি, পরিপূর্ণ মানুষ হই। পৃথিবীতে এসেছি, পৃথিবীর প্রতি, সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে আমাদের। কেবল আদর্শ কন্যা, আদর্শ স্ত্রী, আদর্শ মা হলেই কর্তব্য শেষ হবে না, সেই সঙ্গে আদর্শ মানুষও হতে হবে। সমাজের প্রতি, নিজেদের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, তা পালন করতে হবে। শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য, বিজ্ঞান—সব ক্ষেত্রেই নারীকে পারদর্শী হতে হবে। লৈঙ্গিক পার্থক্যটুকু বাদ দিলে নারী-পুরুষ সবাই সমান। স্বাধীনতার অভাবে নারীরা অনেকাংশে পিছিয়ে রয়েছেন। সমাজে নারী-পুরুষে যে বৈষম্য, তা দূর করে সাম্যাবস্থা আনতে হবে। নারীর স্বাধীনতা, নারীর অধিকার নিশ্চিত করতে হবে। তা হলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব।