আমার কোনো কথা নেই
দপ্তরবিহীনমন্ত্রীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর রিট দায়েরের প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আমি এখনো নিজের বাসায় থাকি, মন্ত্রিপরিষদের সভায় যাই না। তবে এ ব্যাপারে আদালত সুচিন্তিত মতামত দেবেন। এ নিয়ে আমার কোনো কথা নেই।’ বাসস।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লে¬ামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।শহীদ ময়েজউদ্দিনের ২৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি এ স্মরণসভার আয়োজন করে। দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত রামুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানিয়ে বলেনে, ‘দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মৌলবাদী গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা চালিয়েছে।’ সম্প্রতি কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধমন্দিরে হামলার ঘটনা ঘটে এবং এতে ১৯টি বৌদ্ধবিহার ও ৪৫টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মন্ত্রী আরও বলেন, ‘রামুতে সংখ্যালঘুদের বাড়িতে নারকীয় হামলার মাধ্যমে আমাদের সাড়ে ৩০০ বছরের সৌহার্দ্য ও সম্প্রীতির ঐতিহ্যে আঘাত হানা হয়েছে।’ এই ঘটনা সরকারের বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী চক্রের সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি এ অপশক্তির ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান।ময়েজউদ্দিনের মেয়ে মেহের আফরোজ বলেন, ‘আমার বাবার হত্যাকারী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে তত্কালীন রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এ মামলার প্রধান আসামি শুধু আমার বাবার হত্যাকারীই নয়, তিনি একাধিক মামলারও আসামি ছিলেন।’ তিনি তাঁর পিতার হত্যাকারীদের পুনরায় বিচার দাবি করেন।