আমার কোনো বাহিনী থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি সারা জীবন চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। আমার কোনো বাহিনী থাকবে না। জনতাকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করব।’গতকাল সোমবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নিজ বাসভবনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আইভী এ কথা বলেন।প্রথম আলো: নির্বাচনে নিজ দলের সমর্থন পাননি। এখন দলের সঙ্গে আপনার সম্পর্ক কী হবে?আইভী: আমি সারা জীবন আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব। আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেনি।প্রথম আলো: আপনি দলীয় নেত্রী, কিন্তু সবার মেয়র। মেয়রের কার্যক্রমে রাজনীতিকে কীভাবে অগ্রাহ্য করবেন?আইভী: আমি যখন মেয়রের চেয়ারে বসব, তখন আমি আওয়ামী লীগের মেয়র নই। নারায়ণগঞ্জবাসীর মেয়র। সে সময় আমি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।প্রথম আলো: নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ন নিয়ে আপনার কোনো ভাবনা আছে কি?আইভী: নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য আমার স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা আছে। আর বিশেষজ্ঞদের সহায়তায় দীর্ঘ মেয়াদে অর্থাৎ ১৫ বা ২০ বছর মেয়াদি একটি উন্নয়ন পরিকল্পনা করতে চাই।নির্বাচনী প্রচারের সময় দেখেছি, রাস্তাঘাটের সমস্যা ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা ও জলাবদ্ধতা একটা বড় সমস্যা। তাই প্রথমে এসব সমস্যা সমাধানের চেষ্টা করব। এ ছাড়া ভালো মানের স্কুল-কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করব। এ ছাড়া প্রতিটি এলাকার মানুষের সঙ্গে আলোচনা করব। তাদের সমস্যাগুলো চিহ্নিত করব। সেই অনুযায়ী কাজ করব।প্রথম আলো: সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকার উন্নয়নে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন?আইভী: বন্দর ও সিদ্ধিরগঞ্জে ব্যাপকভাবে কাজ করতে চাই। শুনেছি, সেখানকার আগের জনপ্রতিনিধিরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। উন্নয়নকাজে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করা হবে।প্রথম আলো: মেয়র হিসেবে কাজ করার ক্ষেত্রে সামনে কোনো বাধা দেখেন কি না?আইভী: কাজ করার সময় কিছু কিছু বাধা আসবে। তাই করপোরেশন এলাকার বাসিন্দাদের কিছু সমস্যা সমাধানের জন্য সরকার ও প্রশাসনের সহযোগিতা দরকার। বিশেষ করে, অবৈধ বাস-ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ, সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের জন্য এই সহযোগিতা প্রয়োজন হবে। প্রশাসনের সহায়তা পেলে খুব শিগগির এই কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রথম আলো: শামীম ওসমান আপনাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বিষয়টি কীভাবে দেখছেন?আইভী: নির্বাচনে জয়-পরাজয় আছে। তাঁর সহযোগিতার আশ্বাস গণতন্ত্রের বিজয়। এতে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। তবে শামীম ওসমানের এই সহযোগিতার আশ্বাস যেন রাজনৈতিক স্টান্টবাজি না হয়। এটা যেন মন থেকে হয়।প্রথম আলো: আপনি বলেছেন, এই নির্বাচনে খেটে খাওয়া মানুষের জয় হয়েছে। তাদের জন্য কী করবেন?আইভী: নারীর ক্ষমতায়নের জন্য কিছু প্রশিক্ষণমূলক কাজ এবং জাতিসংঘের বিভিন্ন প্রকল্পকে সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির ইচ্ছা আছে। আর শ্রমিকদের জন্য কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের কথা ভাবছি। কী ধরনের কাজ সৃষ্টি করা যায়, তা করপোরেশনের আইন দেখে সিদ্ধান্ত নেব।প্রথম আলো: তরুণদের জন্য আপনার কোনো চিন্তা আছে কি?আইভী: তরুণদের পড়াশোনা করার ব্যাপারে উৎসাহিত করব। এ জন্য সমৃদ্ধ লাইব্রেরি করার পরিকল্পনা আছে। তাদের সংস্কৃতিমনা ও ক্রীড়াক্ষেত্রে প্রবেশ করানোর পরিবেশ সৃষ্টি ও উদ্যোগ নেওয়া হবে। কয়েকটি খেলার মাঠ ও বিনোদন পার্ক করার চিন্তা আছে।প্রথম আলো: নারায়ণগঞ্জবাসীর কাছে আপনার প্রত্যাশা কী?আইভী: নারায়ণগঞ্জের মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তাতে আমি কৃতজ্ঞ। এখন মেয়র হিসেবে সবার সহযোগিতা চাই।