আমার ক্রিসমাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো আমি কৈশোরে, ক্লাস নাইনে পড়ি। থাকি রাজশাহীতে। সে রকম এক দিনে হঠাৎ পড়ে গিয়ে টের পেলাম, আমার সারা শরীর অবশ হয়ে গেছে। হাত-পা কিচ্ছু নাড়াতে পারছি না। মা-বাবা আমাকে নিয়ে সরকারি হাসপাতালে দৌড়ালেন। কিন্তু কপাল মন্দ। সরকারি ডাক্তাররা রোগনির্ণয়ে ব্যর্থ হলেন এবং তাঁরা চিকিৎসায় অপারগ হয়ে আমাকে হাসপাতালে ভর্তি করতে রাজি হলেন না। আমাকে তখন নেওয়া হলো রাজশাহী মিশন হাসপাতালে। তাঁরা আমার চিকিৎসার দায়িত্ব নিলেন। প্রায় দুই মাস আমি সেখানে থাকি। সেখানেই জানতে পারি খ্রিষ্টান মিশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ইউ এন মালাকারকে। সদাশয় মানুষ। একাত্তরে মুক্তিসংগ্রামের বন্ধু। মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহের বাংলাদেশে আসা নরওয়েজিয়ান সাংবাদিক অডভার মুঙ্কস গার্ড তাঁর আশ্রয় ও যত্নেই ছিলেন এবং রাজশাহী মিশন থেকেই টানা নয় মাস পাঠালেন যুদ্ধের খবর। মিশন হাসপাতালের চিকিৎসা নেওয়ার সময় থেকেই স্বদেশি খ্রিষ্টবিশ্বাসী প্রতিবেশীদের সংস্কৃতির সঙ্গে আমার পরিচয় ঘটে। আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম তাদের সেবার মানসিকতা আর বন্ধুতায়। আমি আমার সংস্কৃতির প্রতিবেশীর সঙ্গে সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হতে চাই, জানতে চাই। সেই জানার, সেই বন্ধুতার শুরু আমার অসুস্থতার সঙ্গে জড়িত সেই ঘটনায়।সেই জানাজানি সম্পর্ক পাতানোর পর্যায়ে পৌঁছে গেল আমার মেয়ে মুনার বিয়ের সময়। ওর বর কিম কানাডীয় নাগরিক। তো মেয়ের বিয়ে দিতে যখন কানাডায় গেলাম, সেখানেও সাংস্কৃতিক উদারতার আলিঙ্গন পেলাম। যাওয়ার সময় দেশ থেকে সমস্ত বাঙালি সাজ নিয়ে গিয়েছিলাম, সঙ্গে ছিল দেশি কেক, মিষ্টি ইত্যাদি। অবাক হয়ে দেখি, কিম আমার নেওয়া পাগড়ি, পাঞ্জাবি, নাগরা সব পরে বাঙালি সেজে বসে আছে। ওদের বাড়ির মেয়েরাও কম যায় না। তারা সবাই লাইন দিয়ে হাত পেতে আছে; বাংলাদেশি মেহেদি লাগাতে হবে ওদের হাতে।মুনা ও কিমের সন্তানদের সূত্রে বড়দিনের আনন্দ আমার পরিবারেও চলে এল সে সময় থেকেই। বাচ্চারা বড়দিনে আমাদের শুভেচ্ছা জানায়, আমরাও উপহার পাঠাই। আবার ঈদ এলে চলে ঈদের আয়োজন, নববর্ষে পুরো পরিবারই বাঙালি সাজে মেতে ওঠে। ঢাকার চার্চ তো আগেই দেখা ছিল। এবার বরিশাল থেকে ফেরার পথে বাকেরগঞ্জে থেমে দেখলাম পাদ্রি শিবপুর গির্জা। টি এস এলিয়টের মার্ডার ইন ক্যাথিড্রাল নাটক পড়ে আয়ারল্যান্ডে গিয়ে শখ হলো ক্যান্টারবেরি চার্চটা দেখব। বেশ ভালো লেগেছিল মস্কোর চার্চটি। পুরো দেয়ালে নীলাভ আলো, তার মাঝখানে অপার্থিব সুন্দর যিশুর মূর্তি। তুলনায় ক্যান্টারবেরির যিশুকে মনে হয়েছিল সাধারণ। সংস্কৃতির এই বৈচিত্র্য উপভোগের সুযোগ আমিও পেতে চাই। আমাদের বিশ্বাসের বন্ধন ভিন্ন ভিন্ন হলেও জীবনের উদ্যাপনে তো আমরা এক হতে পারি। দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমার মতো বড়দিন আমাদের সেই সুযোগ এনে দেয়।সেলিনা হোসেন: কথাসাহিত্যিক।