ছোটবেলায় অনেক চেষ্টা করতাম অঙ্কে ভালো করার। আমার চেয়ে আমার মা-ই মনে হয় বেশি চেষ্টা করতেন আমাকে অঙ্কে ভালো করানোর, গণিতের প্রভাষক বলে কথা! প্রতিবছর বার্ষিক পরীক্ষার পরে নানার কাছে গিয়ে সামনের বছরের অঙ্ক বই শেষ করে ফেলতাম! কিন্তু পরীক্ষা কেন যেন কখনোই ভালো হতো না। ক্লাস ফাইভে একবার ১০০-তে ৯৩ পেয়েছিলাম। ব্যস, ওই একবারই। এরপর ৮০ তুলতে গিয়েই জানের পানি শুকিয়ে যেতে লাগল।ক্লাস নাইনে হঠাৎ কী হলো জানি না, অঙ্কের প্রতি খুব ঝুঁকে পড়লাম। নিজে নিজে সমস্যা বানাতে লাগলাম। ক্লাসের অন্য ছেলেদের অঙ্কগুলো দিতাম। তারা যখন পারত না, ভালোই মজা লাগত। এ সময় পত্রিকায় দেখতাম, ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের খবর। খুব ইচ্ছা করত অংশ নিতে, কিন্তু তত দিনে রেজিস্ট্রেশনের সময় শেষ। কী আর করা, সামনের বছরের জন্য অপেক্ষা করতে লাগলাম। বাংলাদেশ প্রথমবারের মতো আইএমওতে দল পাঠাল। ইশ! আমি যদি যেতে পারতাম! আইএমওর সমস্যাগুলো কবে পেপারে ছাপাবে, তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কয়েকটা নিশ্চয়ই পারব। কিন্তু কিসের কী! যেদিন পেপারে সমস্যাগুলো ছাপাল, আমার সব আশায় গুড়েবালি! কী আজব ধরনের সমস্যা! কীভাবে শুরু করতে হবে তা-ই বুঝতে পারছিলাম না!যাহোক, আমার বেশি দিন অপেক্ষা করতে হলো না। একদিন প্রথম আলোয় খবর এল যে ফার্মগেটে সামার ম্যাথ স্কুলের ক্লাস হবে। আমাকে আর পায় কে! সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে প্রথম আলোয় গিয়ে নাম দিয়ে এলাম। অপেক্ষার প্রহর গুনতে গুনতে একসময় ক্লাস শুরু হলো। প্রথম দিন গিয়ে দেখি, কাউকেই চিনি না! সবাই আমার চেয়ে বড়, অনেকেই কলেজে পড়ে। গোঁফওয়ালা একজন লোক সবাইকে কিছু বলছেন। সেদিনের সেই অপরিচিত মুখগুলো যে আজ এত আপন হবে কে জানত! এই গোঁফওয়ালা লোকটি ছিলেন মুনির হাসান স্যার। আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল ড. মাহবুব মজুমদারের, কিন্তু তিনি তখনো আসেননি। এদিকে মুনির স্যার আইএমওতে প্রথম বাংলাদেশ দলের গল্প বলছেন। ক্লাস শেষ হওয়ার ১০ মিনিট আগে মাহবুব স্যার এলেন! প্রথমবারের মতো জীবনে তাঁকে দেখলাম; টি-শার্ট, জিনস পরা; কাঁধে ব্যাগ, চোখে চশমা, ঠিকমতো বাংলা বলতে পারেন না, এই চিরচেনা বেশভুষার লোকটার ভূমিকা যে আমার পরবর্তী জীবনে এত বড় হবে, তখন কি কল্পনা করতে পেরেছিলাম? যাহোক, লোকটাকে আমার খুবই ভালো লাগল। যেহেতু ক্লাস নেওয়ার আর সময় নেই, তাই প্রথম দিন সবাইকে একটি করে হোমওয়ার্কের শিট দিয়ে দেওয়া হলো, তারপর আমরা চলে এলাম।বাসায় এসে শিটটা নিয়ে বসলাম। দেখি আজব ধরনের প্রশ্ন। কোনোটিই পারি না। পরের সপ্তাহে গেলাম। দেখি অনেকেই কয়েকটি করেছে! কয়েকজন বোর্ডে তাদের সমাধান দেখাল। মাহবুব স্যারও কয়েকটার সমাধান করে দিলেন। ওই দিন শুধু সবকিছু খাতায় তুলছিলাম, মাথায় কিছু ঢুকছিল না! এভাবেই যেতে লাগল। অল্প অল্প করে হলেও কিছু বুঝতে লাগলাম। কিছু কিছু সমস্যার সমাধানও করতে পারলাম! এই সামার ম্যাথ স্কুল ছিল আমার জীবনের এক স্মরণীয় ঘটনা। কিন্তু দুঃখজনকভাবে তা এক মাস পর শেষ হয়ে গেল। এরপর বাসায় নিজে নিজে জিনিসগুলো বই পড়ে পড়ে শিখতে চেষ্টা করতাম।এভাবে এক পা, দুই পা করে পরের বছর বিভাগের ধাপ অতিক্রম করে জাতীয় অলিম্পিয়াডে যাই, সেকেন্ড রানারআপ হই, ক্যাম্পে ডাক পাই। ক্যাম্পে গিয়ে দেখি, আবার সেই পরিচিত মুখগুলো। গণিত ক্যাম্প যে কত আনন্দের একটা জায়গা, সেটা আমার পক্ষে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়। জীবনে এর চেয়ে বেশি মজা মনে হয় আর কোথাও করিনি, এর চেয়ে বেশি জ্ঞান মনে হয় আর কোথাও থেকে অর্জন করিনি। ক্যাম্পে সবাই মিলে যেন একটা পরিবার, সেই বন্ধন কখনো ছিন্ন হওয়ার নয়। ক্যাম্প থেকে বাসায় এসে প্রায় এক মাস কোনো কাজে ঠিকমতো মন দিতে পারিনি! সারা দিন ক্যাম্পের কথা মনে পড়ত।এভাবেই দেখতে দেখতে একদিন আইএমও দলে ডাক পেলাম। প্রথমবার কিছু করতে পারলাম না। পরের বছর আবার সুযোগ এল। এবার বাংলাদেশ প্রথমবারের মতো পদক পেল। তাও একটি নয়, দু-দুটি ব্রোঞ্জ! সেই দিনটি ছিল ২১ জুলাই ২০০৯, আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন। গণিত উৎসবে শপথ করতাম প্রতিদিন একটি ভালো কাজ করার, দিনে একবার মাকে খুশি করার। কিন্তু সবচেয়ে বড় শপথটি ছিল দেশের জন্য জীবনে একবার হলেও কিছু করার। কাজটি হয়তো আদৌ সহজ নয়, কিন্তু তাই বলে কি হাল ছেড়ে দেব? গণিত উৎসব তো এটাও শিখিয়েছে, ‘গণিত শেখো, স্বপ্ন দেখো।’ স্বপ্ন দেখেই তো এত দূর এসেছি। তাই স্বপ্ন দেখে যাই।শিক্ষার্থী, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং ২০০৯ সালে জার্মানিতে অনুষ্ঠিত ৫০তম আইএমওতে ব্রোঞ্জ পদক বিজয়ী