আমার গানের রিংটোন পাওয়া যাবে ১৭টি দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে শুক্রবার বাজারে এসেছে কণার নতুন অ্যালবাম সিম্পলি কণা। এটি কণার তৃতীয় একক অ্যালবাম। প্রথমটি জ্যামিতিক ভালোবাসা (২০০৬) আর দ্বিতীয়টি ফুয়াদ ফিচারিং কণা (২০০৮)। দ্বিতীয় অ্যালবামের ‘বরষা’ এবং ‘এখনই সময়’ গান দুটি দারুণ জনপ্রিয়তা পায়। সিম্পলি কণা বাজারে এনেছে ডেডলাইন মিউজিক। কথা হলো কণার সঙ্গে।অ্যালবামটির নাম ‘সিম্পলি কণা’ কেন?আমি যে ধরনের গানের চর্চা করি, তা এই অ্যালবামে তুলে আনার চেষ্টা করেছি। আর এই অ্যালবামের গানের মধ্য দিয়ে কণাকেই তুলে ধরেছি। এই দুটি কারণে অ্যালবামটির এমন নাম করা হয়েছে। অ্যালবামে গান রয়েছে ১০টি—একটি নজরুলসংগীত, অন্যগুলো মৌলিক গান। পাঁচটি গানের সুর ও সংগীত এবং নজরুলসংগীতের সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। দুটি করে গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং শ্রীলঙ্কার শিল্পী-সংগীত পরিচালক ইরাজ উইরারাথনে।‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১১’-এর জন্য নাকি আপনার একটি গান মনোনয়ন পেয়েছে?হ্যাঁ, প্রতিযোগিতার ‘পপ গান’ বিভাগে আমার ‘ইয়োর লাভ’ গানটি মনোনয়ন পেয়েছে। প্রতিযোগিতার এই বিভাগে পাঁচটি গানের মধ্যে এশিয়া থেকে আমার গানটি মনোনীত হয়েছে। বাকি চারটি গান মনোনয়ন পেয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে। আগামী ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ড ২০১১’ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার শিল্পী ইরাজ ও মার্কির সঙ্গে সিম্পলি কণা অ্যালবামের জন্য ‘ইয়োর লাভ’ গানটি করেছিলাম। তাঁরাই সম্প্রতি গানটি আন্তর্জাতিকভাবে প্রকাশ করেন।গানটি যেহেতু আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে, তাহলে বিভিন্ন দেশের শ্রোতারা আপনার গানটি শুনতে পারছে।শুধু কি তাই! এরই মধ্যে রিংটোন সেবাদাতা প্রতিষ্ঠান ডিএনএস-এর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে আমার সিম্পলি কণা অ্যালবামের গানগুলো রিংটোন হিসেবে ১৭টি দেশে পাওয়া যাবে। যে কেউ মুঠোফোনে গানগুলো রিংব্যাক টোন হিসেবে সেট করতে পারবেন। এবার ঈদে আর কোনো অ্যালবামে গান করেছেন?সিম্পলি কণা ছাড়া এবার ঈদে দুটি মিশ্র অ্যালবামে আমার গান থাকবে। একটি প্রিন্স মাহমুদের নির্বাচিতা, অন্যটি চলচ্চিত্রের গান নিয়ে, নাম খুঁটি।