দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মেট্রো। নাটকটি লিখেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনা করেছেন ফাত্তাহ তানভীর। অভিনয় করছেন ওয়াহিদা মল্লিক। কথা হলো তাঁর সঙ্গে।‘মেট্রো’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকে আমার স্বামী রাজনীতিবিদ। আমি নিজেও একসময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু বিয়ের পর সংসারের দিকে বেশি ঝুঁকে পড়ি। তার চেয়েও বড় কথা, স্বামীর সব কিছুকেই কোনো প্রতিবাদ ছাড়া মেনে নিই। এদিকে মেয়ে নিজের পছন্দে বিয়ে করেছে। এ ব্যাপারেও আমার কোনো কথা নেই। এখন আবার মেয়ে স্বামীকে ছেড়ে ফিরে আসতে চাইছে। তবে একটা ফোন আমাকে আতঙ্কিত করে তোলে।দেশ টিভির ‘সীমান্ত’ ধারাবাহিকে আপনার চরিত্রটি একেবারেই অন্য রকম।ঠিকই বলেছেন। এর আগে শহীদুজ্জামান সেলিমের কর্ণেট ধারাবাহিকে আমি শতাব্দী ওয়াদুদের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। ওই নাটকে আমার গেটআপ প্রায় একই রকম ছিল। কিন্তু সীমান্ত নাটকে আমার চরিত্রের অনেকগুলো দিক। খুব জটিল। কারও ভালো কিছু সহ্য করতে পারি না। সম্পত্তির প্রতি দারুণ লোভ। আসলে এই মহিলার জীবনটা ঘটনাবহুল। অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। এসব কারণেই তার মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। নাটকের একটা দৃশ্যে সুবর্ণা মুস্তাফা আপনাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ওই দৃশ্যটা ধারণ করার ঘটনা শুনতে চাইছি।পর্দায় দেখে যে কেউ মনে করবে, সুবর্ণা আমাকে এমনভাবে শারীরিক নির্যাতন করেছে যে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। আসলে কিন্তু তেমন কিছুই হয়নি। পরিচালক সৌদ এমনভাবে দৃশ্যগুলোর শট নিয়েছেন, তা দেখে পর্দার দৃশ্যটার কথা ভাবাই যাবে না। আমার এখনকার চরিত্রগুলোর মধ্যে যথেষ্ট ভিন্নতা আছে।এখন আর কী কাজ করছেন?আমি রাজশাহীর মেয়ে। শহরের সাগরপাড়ায় আমাদের বাসা। এবার আমি সেই রাজশাহীর আঞ্চলিক ভাষার একটা নাটকে কাজ করছি। নাম জবের ব্যাপার। এ ছাড়া সীমান্তর পরিচালক সৌদের নতুন ধারাবাহিক উপসংহার-এ কাজ করছি। আর সকাল আহমেদের চৌমহল নাটকে আমি পুরান ঢাকার এক মহিলার চরিত্র করছি।আর চলচ্চিত্র?দুই দিন আগে মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ ছবির ডাবিং শেষ করেছি। আর নুরুল আলম আতিকের ডুবসাঁতার ছবির কাজ শেষ হয়েছে আরও আগে।