আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক শিয়াল পণ্ডিত। এটি লিখেছেন শাহীন জামান, পরিচালনা করেছেন আল হাজেন। নাটকে অভিনয় করছেন সীমানা। কথা হলো তাঁর সঙ্গে।কোনো নাটকের শুটিং করছেন?হ্যাঁ, নাটকের নাম একটি আদর্শ মেসবাড়ি (ধূমপানমুক্ত)। এটি পরিচালনা করছেন বিক্রম খান। ঢাকার মিরপুরে নাটকটির শুটিং করছি। একটি পরিবারের চারজন এবং পাশের মেসের কয়েকজনকে ঘিরে দারুণ মজার গল্প। নাটকটি লিখেছেন আহসান হাবিব। আমরা দুই বোন আর বাবা-মাকে নিয়ে আমাদের পরিবার। পাশের মেসে থাকেন তৌকীর আহমেদ। আজই (রোববার) শুটিং শুরু হলো।‘শিয়াল পণ্ডিত’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে কাজ শুরু করার আগে পরিচালক আমাকে সাভারে এক বেদেপল্লিতে নিয়ে গিয়েছিলেন। তারা কীভাবে কথা বলে, তাদের চলাফেরা, সাপ ধরা—এমনি নানা কিছু কাছ থেকে দেখাতে। নাটকে আমার চরিত্রটি সাপুড়ে মেয়ের। প্রথম দিনই শুটিং ছিল সাপের সঙ্গে। সাপকে আমি কিন্তু খুব ভয় পাই। কিন্তু আমাকে সাপ ধরতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করেও পারিনি। শেষে বিকেল নাগাদ সফল হয়েছি। আশা করছি, এখন আর অসুবিধা হবে না, যদি বিষদাঁত না থাকে।আজ তো ‘খোঁয়াড়’ নাটকটিও দেখানো হবে।নাটকটির প্রথম কাজ করেছি গাজীপুরের মাওনাতে, খুব প্রত্যন্ত এলাকায়। যেতে যেতেই অনেকটা সময় লেগে যেত। আমরা সবাই হাঁপিয়ে যেতাম। এখন নাটকটির কাজ করছি পুবাইলের ডাক্তারবাড়িতে। এই নাটকে আমি আর শশী দুই বোন। নাটকটির কাজের সময় দারুণ মজা হয়। এদিকে বাংলাভিশনে গুলশান এভিনিউ নাটকে আমি যে চরিত্রটি করছি, ওটাতে আগে শশী অভিনয় করেছে। তাই আমাদের মধ্যে সম্পর্কটাও চমৎকার।‘গুলশান এভিনিউ’ নাটকে কত দিন ধরে অভিনয় করছেন?পাঁচ মাস হলো। নাটকে আমি একজন আদর্শ স্ত্রী। পরিবারের সবার ভালোমন্দের দিকেই আমার যত খেয়াল। এরই মধ্যে অন্য মেয়ের সঙ্গে স্বামীর সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু সেই কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছি। এই নাটকে কাজ করতে আমার দারুণ লাগছে।