আমার চিন্তা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নিয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাস সাধারণ জনগণের সেবা করার জন্য। সাধারণ মানুষের যোগাযোগ ও জীবনযাত্রাকে আমি সুন্দর করতে চাই। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সেদিকেই আমরা দৃষ্টি দিতে চাই।’আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারত থেকে বিআরটিসির জন্য আনা ৩৩টি নতুন দোতলা বাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তায় যানজটে আটকে গাড়িতে বিত্তশালীরা কষ্ট পায়, এটা নিয়েই অনেকের বেশি দুশ্চিন্তা থাকে। কিন্তু আমার চিন্তা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের নিয়ে। বিআরটিসিকে তাঁদের দিকে বিশেষভাবে নজর দিতে হবে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সফর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা সুসম্পর্ক ও ভালো যোগাযোগ বজায় রাখতে চাই। তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগের উন্নতি না হলে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়। সমস্যা সব জায়গায়ই থাকবে। সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।