আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটি ঘোষণার শতবর্ষ পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পথিকৃত্ কয়েকজন নারীর লেখা থেকে নির্বাচিত অংশ প্রকাশিত হচ্ছে। আজ থাকছে ইলা মিত্রর (১৯২৫—২০০২) লেখা
আমার জানা পূর্ববাংলা
রাজশাহী জেলার অধীন একটি অজ, অখ্যাত গাঁয়ে আমার শ্বশুরবাড়ি। যদিও কলেজে পড়া, বিএ পাস করা এবং খেলাধুলা, লাফঝাঁপেও তুখোড়া বলে আমি পরিচিতা ছিলাম, তবু বিয়ের পর আমার করুণ বন্দিনী দশা সহজে কাউকে বোঝানো যাবে না। সাত-মহলা জমিদারবাড়িতে আমার অতীত জীবন কবরে চাপা পড়ে গেল। শ্বশ্রূমাতার কাছে নানা আজব কাহিনী শুনে শুনে আমি তখন তাঁদের পরিবারের বধূ হওয়ার উপযুক্ততা অর্জনের পাঠ নিচ্ছি। কোনো এক কালে তিনি একবার স্টিমারে কোম্পানির বাষ্পীয় জলযানে বাপের বাড়িতে গিয়েছিলেন। তার ফলে তল্লাটজুড়ে রটে গেল, জমিদার গিন্নিদের বদন দেখা যায় না কথাটা ফাঁকা। কারণ, তাঁদের অনেকেই স্টিমারে সেই মুখ দেখে ফেলেছেন। আমার জ্যেষ্ঠ শ্বশুর ক্ষোভ ও উষ্মায় টং হয়ে গেলেন। তিনি আদেশ জারি করলেন, আর কোনো দিন ঘরের বউ যেন সাধারণ মানুষের পাইকারি যাতায়াতের স্টিমারে না ওঠে। তারপর যতবার শাশুড়ি ঠাকুরানী বাপের বাড়ি গেছেন, তাঁকে নৌকায় যেতে হয়েছে। তাতেও একটা বিপত্তির সৃষ্টি হয়েছিল। জলের ঢেউয়ে নৌকার দোলায় ভারি ভয় লাগে। সে জন্যই হুকুম ছিল, নৌকা হাঁটুজলে চালাতে হবে এবং নৌকার আগে আগে বাড়ির একজন জোয়ান পাহারাদার হেঁটে হেঁটে বউকে অভয় দেবে। এখানে এমন জল নেই যে মানুষ ডুবে মরতে পারে।আমার এমন যে শ্বশ্রূঠাকুরানী, পাকিস্তানে জন্ম কিন্তু তিনি সম্পূর্ণ নির্ভয়। সহজ বিশ্বাসেই তিনি বললেন, ‘মুসলমানদের মধ্যে চিরজীবন কাটিয়েছি, তারা ছাড়া বাইরের কেউ তো আমার রাজত্বে আসছে না।’ গৃহকর্ত্রীর এই রায় শিরে ধারণ করা ছাড়া গতি নেই। আমরা পাকিস্তানের মানুষ হলাম। নড়াচড়ার কোনো কথাই উঠল না।১৪ আগস্ট, সাতচল্লিশ সাল। আমাদের অখ্যাত পাড়াগাঁয়েও এমন এক বিশাল সভা হলো, কোনো দিন কেউ যা দেখেনি। মহাল ছেড়ে গৃহবধূর বাইরে আসার কথাটা অবান্তর। তবু সেই বিরাট মানবতার ছন্দময় সংগীত ‘কানের ভিতর দিয়া মরমে পাশিতে’ বাধা রইল না। এই সমাবেশে পতাকা উত্তোলনের ভার পেলেন আমার স্বামী রমেন মিত্র। হিন্দু-বিদ্বেষ কোথায় কর্পূরের মতো উবে গেছে। বরং সে কী কৃতজ্ঞতার জোয়ার, সম্পূর্ণ সুযোগ থাকতেও আমরা পাকিস্তান ছেড়ে যেতে চাইনি। এ তো শুধু একটি পরিবারের কথা নয়। আমরা থাকলেই তল্লাটের সহস্রটা পরিবার সাহস পাবে, নিরাপত্তা বোধ করবে। একবার সুযোগ পেলে তারা নিশ্চিতই বুঝিয়ে দিতে পারবে, কেউ আর বিভেদ ও বিবাদ চায় না। এবার সুখী, স্বাধীন, সমৃদ্ধ পাকিস্তান সৃষ্টির জন্য হাতে হাত ধরা।তারপর মাত্র দুটি বছর যখন পাকিস্তানি জনমানসের অভূতপূর্ব ভাবাবেগ, প্রচণ্ড উচ্ছ্বাস, প্রবল কর্মোদ্যোগ ও মহা উল্লাসের তরঙ্গে তরঙ্গে আমি ভেসে বেড়িয়েছি, চারপাশের জমিদারবাড়ির দেয়াল কখন যে লুপ্ত হয়ে গেছে, আমি নিজে মুক্ত হয়েছি, কৃষক আন্দোলনের কর্মী বনেছি এবং শেষ পর্যন্ত পাকিস্তানেরই উচ্চমহলের শাসকদের আকাঙ্ক্ষার বিঘ্নরূপে পুনরায় পাকিস্তানি করার অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছি। দেড় যুগ পর সেই অতীতের দিনগুলো পর্দার ছবির মতো নিজের কাছেই রোমাঞ্চকর মনে হয়।বিএ পাস করা একটি মেয়ে তাদের গ্রামে নিষ্কর্মা বসে থাকবে, নবীন পাকিস্তান তা কি মেনে নিতে পারে? আমাদের বাড়ির চত্বরেই একটি বালিকা বিদ্যালয় খোলা হলো। তিনজন ছাত্রী, আমি হেডমিস্ট্রেস। যদিও বাড়ির দালান থেকে বিদ্যালয়ের ঘর ৪০০ গজের বেশি ছিল না, তবু পরিবারের মর্যাদা রক্ষার্থে আমাকে গরুর গাড়িতে আসতে হতো। এই রাস্তাটুকু হেঁটে চলার অনুমতি পেতে আরও তিন মাস লেগেছিল। ছাত্রীসংখ্যাও তত দিনে পঞ্চাশের কোঠায় উঠেছে।এই বালিকা বিদ্যালয়কে কেন্দ্র করেই গ্রামে আমি পাকিস্তানের গরিব গৃহস্থদের সংস্পর্শে এসেছিলাম। কিন্তু সে যে আসলে রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের মধ্যেও প্রবেশ, তা কি সেদিন জানতাম?গ্রামের যে সমাজদ্বন্দ্ব শ্রেণীদ্বন্দ্বে রূপান্তরিত হতে থাকে, আমি তাতে আকণ্ঠ ডুবে গেলাম। সাধারণ মানুষ পাকিস্তানকে নিজেদের সাধ্যমতো গড়তে গিয়ে আমাকেও আগুনে গড়েপিটে মানুষ করে নিচ্ছিল।গরিবের কৃষক আন্দোলনেও কখন সুড়ি সুড়ি ঢুকে পড়েছিলাম, টেরও পাইনি। রাজনৈতিক কর্মীর সিদ্ধান্ত নিয়ে নেমে পড়ার পারিবারিক প্রতিকূলতাকে কি সাধ্য আমি নিজে ছিঁড়ব? কিন্তু দেশের বানই ঘরকে ভাসিয়ে দিল। মেয়েদের স্কুল নিয়ে দুই দলের ঝগড়া নতুন পল্লবে! নতুন নতুন দিগন্ত প্রসারিত হতে থাকে। বড় সাহেবরা ঋণ টাকার সুদ খায়। গরিব দল হেঁকে বলল, শরিয়তে সুদ খাওয়া হারাম। ধিকিধিকি এই প্রচার ক্রমেই গ্রামে গ্রামে দাবানলের সৃষ্টি করে। তখনই দেখেছি, এমনকি যারা মৌলবি ও মোল্লা, তারাও দলে দলে ছুটে গেছে এবং কৃষক আন্দোলনের কাগজ হাতে নিয়ে গরিব শ্রেণীর একতা সংগ্রামের বাণী প্রচার করে বেড়িয়েছে।পাকিস্তান বলতে গ্রামের গরিব গৃহস্থরা যা বুঝেছিলেন, স্বভাবতই তা সহজে হওয়ার ছিল না। সমাজ দুটো বিবদমান শিবিরে ভাগ হয়ে গেল। সুদের পর এল ফসল ভাগের প্রশ্ন। তারই মাঝে এক জঙ্গি সংগ্রামের অভিযোগে আমরা গ্রেপ্তার হলাম। ইতিমধ্যে কখন ঘর ছেড়ে বাইরে এসেছি, শুধু তা-ই নয়, অচিন পল্লিতে পলাতক অবস্থায় নতুন মানবতার মধ্যে সম্পূর্ণ ডুবে মিশে একাকার হয়ে গেছি।পূর্ববাংলার মানুষ আজও লড়ছে। না লড়ে তাদের কোনো উপায় নেই। সংগ্রাম সহজ নয়, কুসুমাস্তীর্ণ তো নয়ই। সেদিন আমি তাদের মধ্যে ছিলাম, আজও কি তাদের মধ্যে নেই?বৃদ্ধ শ্বশুরালয় এবং পাকিস্তানি কারাগার—এই দুটো কবর থেকে দু-দুবার যাঁরা আমাকে উদ্ধার করেছেন, তাঁদের মুক্তিসংগ্রামে পেছনে পড়ে থাকার মতো অকৃতজ্ঞ কীভাবে আমি হই?সূত্র: ইলা মিত্র, লেখক: মালেকা বেগম