১৯৭২ সালের এপ্রিলের শেষের দিকে আমি প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছিলাম। পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট শহরে অবস্থান করে ঢাকাকে অনেক দূরের বলে মনে হয়েছিল আর দীর্ঘযাত্রা আমাকে প্রলুব্ধ করতে পারেনি। দেশভাগের পর আমি দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করতে থাকি এবং সাংবাদিকতায় এমনভাবে নিমগ্ন হই যে ঢাকা পূর্ব পাকিস্তানের রাজধানী—এটুকু ছাড়া শহরটার আর কোনো অর্থ ছিল না আমার কাছে। তার পরও সেই সময়টাতে শুনেছিলাম, আমাদের এখানকার বাংলার চেয়ে ওখানকার বাংলার সংগীত ভালো ছিল।বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাকে অনুপ্রাণিত করেছে। কারণ, দিল্লিতে স্টেটসম্যান-এর সম্পাদক হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাবলির ওপর গভীর দৃষ্টি রাখতাম আর অবাক হয়ে ভাবতাম, এমন একটি শৃঙ্খলিত জাতি কেমন করে পাকিস্তানের মতো এ রকম পরাক্রমশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করল। সত্যি কথা বলতে কি, আমার তখনকার ঢাকা সফর একটা তীর্থযাত্রার মতো ব্যাপার ছিল।বিমান থেকে নামার পর বিমানবন্দরের অবস্থা দেখে হতাশই হয়েছিলাম। একটা মফস্বল শহরের মতো মনে হয়েছিল আমার কাছে। ইমিগ্রেশনের সামনে লম্বা লাইন আর লাগেজ কাউন্টারের সামনে গিয়ে খানিকটা হতাশ হয়েছিলাম। তখনো কানে ভেসে আসছিল ‘জয় বাংলা’ ধ্বনি। তাদের দেখে মনে হচ্ছিল, প্রতিশ্রুত দেশে ফিরে আসছে তারা।ঢাকায় তখন একটিমাত্র রাস্তা আর এক সারি ছোট ছোট বাড়ি, দেশের রাজধানী হিসেবে চিনিয়ে দেয় না; দারিদ্র্য আর অর্থনৈতিক পশ্চাৎপদতায় আমি আহত হয়েছিলাম। তবুও সবার চোখে-মুখে গর্বের ছাপ দেখেছিলাম। সব বাংলাদেশি বলতে ব্যগ্র: দেখো আমরাই এটা সম্ভব করেছি। সবার ভেতর একটা প্রত্যাশা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সমস্যার সমাধান করবেন। নিজের আওতার মধ্যে সীমিত সম্পদ আছে—এ রকম একজন একক মানুষের কাছে এত বড় প্রত্যাশা কখনো কেউ করেনি। অবাক হয়ে ভেবেছিলাম, এত বিপুল জনসংখ্যা আর নিদারুণ দারিদ্র্য নিয়ে দেশটি কি এগোতে পারবে? অন্যদিকে বিমানবন্দর কিংবা শহরের রাস্তায় লোকের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমার প্রত্যয় জন্মায়—না, পারবে তারা।পাকিস্তানি সেনাবাহিনীর নয় মাসের অভিযানের ব্যাপারটি দেখতে পেরেছিলাম, যখন সরকারের সব ধরনের তলা বা টায়ার সাধারণত ভেঙে যায়, অবাধ্যতা আসে আর প্রশাসনযন্ত্রটাও ভেঙে পড়ে। কাজেই মানুষের প্রচণ্ড চাহিদার বিপরীতে সরকারি সাড়াটা ছিল ঢিমেতালের কিন্তু সরকার তখন কী করবে? বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, পাকিস্তানিরা বাঙালিদের মেরে-কেটে দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে।এত বড় আকারের ধ্বংসযজ্ঞ থেকে পরিত্রাণ পেয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা অসম্ভব ছিল। এই বিলম্বের যৌক্তিক ব্যাখ্যা অবশ্যই ছিল; কিন্তু মানুষের কাছে তার প্রভাব সামান্যই ছিল। কেননা তারা খুব বেশি মাত্রায় প্রত্যাশী হয়ে উঠেছিল। একটা অলৌকিক ব্যাপার তারা ঘটতে দেখেছে—তা হচ্ছে দেশের স্বাধীনতা। তারা আরও একটা অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করতে চায়, সেটি দেশের উন্নয়ন।স্বাধীনতাযুদ্ধে যারা অংশ নিয়েছিল, তাদের মোহভঙ্গ ঘটে, নিজেদের ‘মুজিবনগর এলিট’ বলে অভিহিত করত যারা, তারা ক্ষমতায় এসেছিল আর দূর থেকে বন্দুকের ধোঁয়া দেখেছিল। তাদের মধ্যে যারা বেশি প্রগতিবাদী ছিল, বিশ্বাসই করত না যে নেতারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সক্ষম। তারা দ্বিতীয় যে অলৌকিক বিষয়টির কথা ভাবত, তা আসতে পারে বন্দুকের মাধ্যমেই।যদিও সেনাবাহিনীকে এই কৃতিত্বটা দিতে হয় যে অন্যের ব্যাপারে নাক গলানোর গর্হিত কাজটি করার পরও নিজেদের ব্যারাকে আবদ্ধ রেখেছিল। কেয়ারটেকার সরকারকে সমর্থন করতে গিয়ে তারা এটা বুঝেছে যে বাংলাদেশিরা সুশৃঙ্খল হওয়ার জন্য ‘একটু বেশি স্বাধীন’। তার পরও বলতে হয়, তাদের প্রভাব বজায় থাকবেই। কারণ, তৃতীয় বিশ্বের সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায় বটে, তবে শাসকদের বুঝিয়ে দিয়ে যায়, সম্ভাবনাময় শক্তি হিসেবে তারা থেকেই যাবে।আমার প্রথম সফরের সময়, সব ধরনের গোলমালের জন্য ভারতকে ‘যত দোষ নন্দ ঘোষ’ বলে বিবেচনা করা হতো। শহরের যেখানেই আমি গেছি, ভারতের সমালোচনা শুনেছি। সবচেয়ে বেশি মুখর ছিলেন সাংবাদিকেরা। ঢাকা ক্লাবে বসে দিল্লির নিন্দা করা ছাড়া যাঁদের আর কোনো কাজ ছিল না। ভারতের কুৎসা গাওয়ার জন্য এমন সব গল্প ফাঁদা হতো, যার কোনো সত্যতা ছিল না—যেখানে তাঁরা বলতেন, তারা পাকিস্তানের চেয়ে কম শোষণকারী নয়।এসব সমালোচনায় হতাশ হয়ে শেখ সাহেবের সঙ্গে আলাপের সময় আমি ব্যাপারটা নিয়ে তাঁর কাছে অভিযোগ করি। তিনি আমাকে বলেন, ‘কতিপয় স্বার্থান্বেষী মহল ভারত ও বাংলাদেশের মধ্যে বিবাদ সৃষ্টির চেষ্টা করছে। যে তাকে এক গ্লাস পানি দেয়, বাঙালি তাকে কোনো দিন ভোলে না। স্বাধীনতাযুদ্ধের সময় আপনার দেশের মানুষ প্রাণ দিয়েছে। আমরা ভারতকে ভুলব কী করে?’অতীতের দিকে তাকিয়ে দেখতে পেলাম, দিল্লি ও ঢাকার সম্পর্ক বাংলাদেশের অনেক নীতি ও কর্মসূচির ওপর প্রভাব সৃষ্টি করেছে। শেখ মুজিব ও তাঁর কন্যা শেখ হাসিনা উভয়েই দুটি দেশকে ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। গঙ্গার পানি ভাগাভাগি-সংক্রান্ত অসমাধানযোগ্য ইস্যুও শেখ মুজিবের আমলে সমাধান হয়েছে। শেখ হাসিনা তাঁর বর্তমান শাসনামলে উত্তর-পূর্ব ভারতে দ্রুত যাওয়ার জন্য ভারতকে ট্রানজিট সুবিধা দিয়েছেন আর এটাও দেখেছেন, ভারতবিরোধী সন্ত্রাসীরা যেন তাঁর দেশে আশ্রয় নিতে না পারে। কাজেই বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।বিষয়গুলো যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিয়ন্ত্রণে ছিল, তখন দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। সামরিক অভ্যুত্থানে সপরিবারে শেখ মুজিবকে হত্যার দিন থেকে আর পঁচাত্তর-পরবর্তী সময়ে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এলে ঢাকা ও দিল্লির সম্পর্ক খারাপ হতে থাকে। জেনারেল জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া বিশেষত ভারতের ওপর বিদ্বেষপূর্ণ ছিলেন। সবচেয়ে খারাপ ব্যাপার যেটা তিনি করেছেন, তা হচ্ছে জামায়াতে ইসলামীর মাধ্যমে মৌলবাদীদের উৎসাহ জোগানো, শেখ মুজিবের সময় যে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল।জেনারেল এরশাদের শাসনামলের সময়টাও ছিল তথৈবচ; তিনিও একই রকম ভারতবিরোধী পন্থা বেছে নিয়ে ক্রমাগত প্রচারের মাধ্যমে, বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করে গেছেন। মৌলবাদীরা কাজে লেগে যায়। কিন্তু তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের কোনো গুরুতর ক্ষতি সাধন করতে পারেননি, যা কিনা আপন গতিতেই পরিপক্বতা লাভ করছিল ধীরে ধীরে; তবে অব্যাহতভাবে। আসল ক্ষতিটা করেছিলেন বেগম খালেদা জিয়া ও তাঁদের সহযোগী জামায়াতে ইসলামী। তাঁরা সাধারণ বাংলাদেশিদের প্রচারণার মাধ্যমে এটাই বোঝাতে চাইছিলেন যে তাঁদের অসুবিধাগুলো দিল্লির সৃষ্টি। তাঁরা ভারতবিরোধী প্রবণতা ও ধর্মীয় মৌলবাদ দেশবিভাগ-পূর্ব হিন্দু ও মুসলমান দুটি পৃথক সত্তা, দুটি জাতি, একই দেশের নাগরিক হিসেবে বসবাস করতে পারে না—এই তত্ত্বের সঙ্গে খাপে খাপে মিলে গিয়েছিল। একটা ইসলামি রাষ্ট্রে মুসলমানদের প্রাধান্য থাকতে হবে, বাংলাদেশের জন্মের আগে পূর্ব পাকিস্তানের শাসকেরা যে পন্থাটা অবলম্বন করেছিলেন।আমার মনে হয়, বাংলাদেশের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে তার নীতির ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতাকে অন্তর্ভুক্ত করা, যা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন আর শাসনতন্ত্রে অন্তর্ভুক্ত করেছিলেন। মৌলবাদীরা শেখ হাসিনার অনুপস্থিতিতে যে ক্ষেত্রটা দখল করে নিয়েছিল, তিনি এখন তা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। জনগণ তাঁর এই চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে। তবে তারা দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা ও ক্রমবর্ধমান কর্মসংস্থানহীনতার দ্রুত সমাধান চায়।পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশের মুক্তির পর বাংলাদেশের মতো ভারতও তার অর্থনীতিকে নিখুঁত করার পরিকল্পনা নিয়েছিল। কিন্তু একদিকে ঢাকায় সামরিক অভ্যুত্থান, অন্যদিকে পক্ষপাতদুষ্ট আমলাতন্ত্র তা অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। তা না হলে একটা চমৎকার অর্থনৈতিক মিলন সংঘটিত হতে পারত।এই প্রস্তাবটি আর পুনরুজ্জীবিত করা হয়নি। তবে দিল্লি বাংলাদেশকে বড় রকমের অর্থনৈতিক সাহায্য প্রদানের প্রস্তাব দিয়েছে। এর ফলাফল ভারতের সঙ্গে সম্পর্কের ওপর প্রভাব রাখবে। ঢাকার ব্যর্থতাকে শুধু শেখ হাসিনার ব্যর্থতা হিসেবে দেখা হবে না, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ব্যর্থতা হিসেবেও দেখা হবে। কেননা তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বেশি আর বাস্তবে দিচ্ছেন কম।তার পরও একটা ব্যাপার আমাকে উদ্বিগ্ন করে তোলে, তা হচ্ছে গণতন্ত্র হ্রাস পাওয়া আর মতবিরোধ। সংসদে শেখ হাসিনার দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিঃসন্দেহে তাঁকে জটিল মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা লাল ফিতার দৌরাত্ম্য আর সর্বস্তরের দুর্নীতি নির্মূলের নিরঙ্কুশ ক্ষমতা দিয়েছে, কিন্তু এই নিরঙ্কুশ শক্তি তাঁকে ঐকমত্যের প্রতি অবজ্ঞাসূচক করে তুলেছে। যে কারণে কখনো মনে হয়, তিনি ইন্দিরা গান্ধীর মতো কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছেন।যে পন্থায় সম্প্রতি তিনি একটি সংবাদপত্রের পায়ে বেড়ি পরিয়েছেন, তা থেকে বোঝা যায়, সংবাদপত্রের স্বাধীনতা তাঁর কাছে অলঙ্ঘ্য নয়, সম্পাদক ও বুদ্ধিজীবীদের প্রতিবাদ তাঁকে খামখেয়ালিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে। তবে শেষ পর্যন্ত তাঁকে বুঝতেই হবে যে যতই অপ্রীতিকর হোক না কেন, সমালোচকদের ভাষা গণতন্ত্রে তাঁদের পক্ষে কথা বলার মতোই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।আগামীর বাংলাদেশ নিঃসন্দেহে সম্পদের ব্যাপারে এমন চরম সংকটময় মুহূর্তে এসে পৌঁছাবে, যেখানে ধনী আরও ধনী আর গরিব আরও গরিবে পরিণত হবে। তার বড় সমর্থক ভারতও প্রগতিবাদী সমাজ নয়। কাজেই ধনী ও গরিবের মধ্যকার বিভাজন ভারতের মতো বাংলাদেশেও বিরাজ করবে।মৌলবাদীরা এই অবস্থার সুযোগ নেবে আর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য যথাসাধ্য করতে পিছপা হবে না। শেখ হাসিনা ভারতকে যে ট্রানজিট-সুবিধা দিয়েছেন, জনগণ তা মেনে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ যদি তার ভাগ্য পরিবর্তন না করতে পারে, তাহলে তা বুমেরাং হয়ে দাঁড়াবে। ভারত শুধু নিমিত্তের ভাগী হতে পারবে। এখন যেহেতু চীন দৃশ্যপটে এসে পড়েছে, তখন ভারতের সমালোচনা আরও তীব্র হতে পারে।আর একটা যন্ত্রণা আমার চোখে পড়ে, সেটি হচ্ছে ভারতে বাংলাদেশিদের অবৈধ অভিবাসন। কারো মতে ওই অনুপ্রবেশকারীদের সংখ্যা কয়েক কোটিতে ছাড়িয়ে গেছে। দিল্লিতে যদি একটা ডানপন্থী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তারা বাংলাদেশিদের সীমান্ত দিয়ে পুশব্যাক করার চেষ্টা নেবে। ওটা আর একটা নতুন সমস্যার সৃষ্টি করবে, যা ঢাকা ও দিল্লির জন্য ডেকে আনবে অসহায়ত্ব।যে পন্থায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে আর ‘গ্রামীণ’ ধরনের প্রকল্পের মাধ্যমে সাফল্য লাভ করেছে, তা আশা জাগায়। জনগণের ওপর আমার আস্থা আছে, যাদের কারও কারও মধ্যে আমি দৃঢ় সংকল্পতা আর আত্মপ্রত্যয় লক্ষ করেছিলাম ১৯৭২ সালে আমার ঢাকা সফরের সময়। যেকোনো প্রতিকূল অবস্থায় দেশটি সব সময়ই দৃঢ় সংগ্রামী থাকবে। আর সব সময়ই জয়ী হবে। এটা একটা দীর্ঘ টানাপোড়েনের মতো ব্যাপার। কিন্তু আমার কোনো সংশয়ই নেই যে বাংলাদেশ তা অতিক্রম করতে পারবে, যে রকম রক্ত দিয়ে আর প্রবল দুর্ভোগ সহ্য করে তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছিল।ভাষান্তর: দিলওয়ার হাসান কূলদীপ নায়ার: ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক