আমার দেখা সেরা ইনিংস
বোলারদের সঙ্গে যুঝার ব্যাপার তো সব সময়ই থাকে, কখনো কখনো উইকেটে গিয়ে ব্যাটসম্যানদের লড়াই করতে হয় আরও অনেক কিছুর সঙ্গেই। মাঠে সরাসরি কিংবা বাসায় টিভিতে তেমনই লড়াই দেখে মোহাম্মদ আশরাফুল সাকিব আল হাসান, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিক ও ইমরুল কায়েস বলেছেন তাঁদের দেখা সেরা ইনিংস নিয়ে। কেন সেরা, সে ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ দলের পাঁচ ব্যাটসম্যানমোহাম্মদ আশরাফুলস্টিভ ওয়াহর সেই সেঞ্চুরিআমি তখন অনূর্ধ্ব-১৭-তে খেলি। টেলিভিশনে সেরা ইনিংসটা দেখে ফেলেছি ওই বয়সেই। মনে আছে, ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়াহ দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার ২৭১ রানের জবাবে সম্ভবত ৫০ রানের (৪৮) মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১২০ রানে অপরাজিত থেকে ওয়াহ এরপর বলতে গেলে একাই ম্যাচ বের করে নেন। তবে শর্ট মিড উইকেটে সম্ভবত হার্শেল গিবস একটা ক্যাচ ছেড়েছিল।ওই ম্যাচটা হারলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ হয়ে যেত, কোয়ার্টার ফাইনালে উঠতে পারত না। স্টিভ ওয়াহর ইনিংসটাই অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিয়েছিল ২ বল বাকি থাকতে। বাজে অবস্থা থেকেও কীভাবে দলকে টেনে তুলতে হয়, অধিনায়ক স্টিভ ওয়াহ যেন সেটারই উদাহরণ হয়ে থাকলেন ওই ম্যাচে। ওখান থেকে টানা সাত ম্যাচ জিতে সেবার অস্ট্রেলিয়াই বিশ্বচ্যাম্পিয়ন। সাকিব আল হাসানওল্ড ট্রাফোর্ডে তামিমের ১০৮সেরা ইনিংসের কথা বললে একটা ইনিংসই চোখে ভাসে—তামিম ইকবালের ১০৮ রান। ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ওর ওই ইনিংসটা সব সময় মনে থাকবে।গত বছর ইংল্যান্ড সফরে লর্ডসেও সেঞ্চুরি করেছিল তামিম। চাইলে আমার দেখা সেরা ইনিংস হিসেবে ওটার কথাও বলা যায়। তবে পর পর দুটো সেঞ্চুরির মধ্যে আমি ওল্ড ট্রাফোর্ডেরটাকেই এগিয়ে রাখব। আমার দেখা সেরা ইনিংস ওটাই।লর্ডসে সেঞ্চুরি করার পর ইংলিশ বোলাররা তামিমকে নিয়ে অনেক কাজ করেছে এবং সেটার প্রমাণ আমরা ওল্ড ট্রাফোর্ডে দেখেছি। এই টেস্টে বোধ হয় তামিমই ওদের প্রথম টার্গেট ছিল। তাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার সব রকম চেষ্টাই তারা করেছে। কিন্তু তামিম সেই সুযোগ দেয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে গিয়ে সেঞ্চুরি সব সময়ই কঠিন, পর পর দুই সেঞ্চুরি তো আরও কঠিন। লর্ডসের অনার্স বোর্ডে নাম ওঠানোর পর ওল্ড ট্রাফোর্ডে তামিম সেই কঠিন কাজটাই করে দেখিয়েছে।ইমরুল কায়েসবিশ্বকাপ ফাইনালে গম্ভীরের ইনিংসএবারের বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের ইনিংসটাই আমার দেখা সেরা ইনিংস। শচীন টেন্ডুলকার আর বীরেন্দর শেবাগ দ্রুত আউট হয়ে যাওয়ার পরও এত লম্বা টার্গেট অতিক্রম করা গেছে আসলে গম্ভীরের ওই ইনিংসটার কারণেই। ৯৭-এ আউট হয়ে গেলেও গম্ভীরের ব্যাটই আসলে ভারতের জয়ের ভিত গড়ে দেয়।এই ৯৭ রান না হলে হয়তো ভারতের বিশ্বকাপ জেতা কঠিন ছিল, হয়তো জিততই না। এখন পর্যন্ত আমার দেখা সেরা ইনিংস তাই ওটাই। গম্ভীর সব সময়ই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খেলে। যখন উইকেটে টিকে থাকা দরকার, সে টিকে থাকে। যখন মারা দরকার, তখন ওটাই করে। সেদিনও উইকেটে টিকে থেকে ও-ই ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দিকে নিয়ে গেছে। ম্যাচটা বিশ্বকাপের ফাইনাল, তার পরও মনে হয়নি গম্ভীর এতটুকু চাপে আছে। মহেন্দ্র সিং ধোনি সমর্থন দিয়ে গেছে, কিন্তু ম্যাচ বের করে নেওয়ায় আসল ভূমিকা ছিল গম্ভীরের ইনিংসটারই।তামিম ইকবালসাকিবের স্বপ্নের মতো ব্যাটিং আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় খেলোয়াড় আছে। অনেকেই অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। বললে অনেকের অনেক ইনিংসের কথাই বলা যায়। কিন্তু বড় ক্রিকেটাররা তো ভালো ইনিংস নিয়মিতই খেলে। আমার দেখা সেরা ইনিংস তাই ওগুলোর কোনোটা নয়, সেটা ২০০৯ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসানের অপরাজিত ৯২। এ রকম ইনিংস ও তো কখনো খেলেইনি, বাংলাদেশের আর কেউ খেলেছেন বলে মনে হয় না।জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে হেরে আমরা প্রচণ্ড চাপে ছিলাম। তার পরও শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে বোনাস পয়েন্ট নিয়ে জেতাটা অনেক বড় অর্জন ছিল। বলতে পারেন সাকিবের ‘ওয়ান ম্যান শো’ ছিল ওই ম্যাচটা। ১০০ ওভারের খেলায় একজনই খেলেছে—সাকিব। এ কথা শুনে টেন্ডুলকারের ডাবল সেঞ্চুরির কথা বলতে পারেন কেউ। কিন্তু ও তো প্রতি ৩-৪ ম্যাচ পরই একটা ভালো ইনিংস খেলে। মানুষও এটা দেখে অভ্যস্ত। কিন্তু আমাদের মতো দলের কেউ এ রকম একটা ইনিংস খেলবে, এটা স্বপ্নের মতো।জুনায়েদ সিদ্দিকলারার ওই ইনিংসটা ছিল অসাধারণব্রায়ান লারার একটা ইনিংস এখনো মনে দাগ কেটে আছে। ইনিংসটা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। মনে আছে, লারা অপরাজিত ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বলতে গেলে একাই টেস্ট জিতিয়েছিলেন। শেষ উইকেটে সম্ভবত কোর্টনি ওয়ালশের সঙ্গে জুটি হয়েছিল। তবে ইনিংসটা কবে (মার্চ ১৯৯৯, ব্রিজটাউন) খেলেছিলেন, সেটা আর মনে নেই। শুধু মনে আছে, রাজশাহীর বাসায় রাত জেগে ম্যাচটা দেখেছিলাম। খুব ছোট ছিলাম তখন, ক্রিকেট খেলাও ভালোভাবে শুরু করিনি। অসাধারণ ইনিংস খেলেছিলেন লারা। এত দিন ধরে খেলছি, খেলা দেখছি, এক দিক ধরে রেখে একাই ম্যাচ বের করে নেওয়া অমন ইনিংস আর দেখিনি। টার্গেট ছিল, তিন শর কিছু বেশি (৩০৮)। লারা একাই জেতালেন, ইনিংসে আর কারও সম্ভবত ফিফটিও (দ্বিতীয় সর্বোচ্চ ছিল ৩৮) ছিল না। আমার চোখে ওই ইনিংসটা সব সময়ই ভাসে। শেষ দিকে ওয়ালশের লাফিয়ে লাফিয়ে করা ব্যাটিং দেখতে মজা লেগেছিল। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ে অবশ্য তাঁর ভূমিকাও কম ছিল না। তবে লারার ইনিংসটা একদমই অন্য রকম। অনেক বড় ইনিংস দেখেছি, ওরকম ইনিংস দেখিনি। অনুলিখন: তারেক মাহমুদ