আমার দেশ-এর প্রকাশনা বাতিলাদেশ স্থগিতই থাকল
দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিল করে জেলা প্রশাসকের দেওয়া আদেশ স্থগিত রাখতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্টের ওই আদেশের কার্যকরতা আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিত করেছিলেন। গতকাল রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে গঠিত ছয়জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার বিচারপতির ওই স্থগিতাদেশ প্রত্যাহার করেন। ফলে এখন পত্রিকাটি প্রকাশ করতে বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।১ জুন প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ-এর প্রকাশনা বাতিল করা হয়। পরদিন ভোররাতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আর প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উন-নবী ৭ জুন হাইকোর্টে রিট করেন। এ রিটের প্রাথমিক শুনানি শেষে ১০ জুন হাইকোর্ট পত্রিকাটির প্রকাশনা বাতিল করে ঢাকার জেলা প্রশাসকের দেওয়া আদেশের কার্যকরতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পত্রিকাটির প্রকাশক হতে করা আবেদন খারিজ করে জেলা প্রশাসকের দেওয়া আদেশও স্থগিত করা হয়। পত্রিকাটির প্রকাশনা বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য সরকারপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। ১৫ জুন চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে সরকারপক্ষকে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেন। আমার দেশ কর্তৃপক্ষ আপিল বিভাগের চেম্বার বিচারপতির এ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করে। গতকাল আবেদন দুটির ওপর শুনানি শেষে আদালত আদেশ দেন।সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও আমার দেশ-এর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক শুনানি করেন। এ সময় সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং আমার দেশ-এর পক্ষে আইনজীবী টি এইচ খান, রফিক-উল হক, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।প্রতিক্রিয়া: আদেশের পর রফিক-উল হক বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এটি মাহমুদুর রহমানের বিষয় নয়, সংবাদপত্রের স্বাধীনতা ও প্রেসের বিজয়।মওদুদ আহমদ বলেন, পত্রিকাটির প্রকাশনা বিষয়ে সরকারের আবেদন খারিজ করা হয়েছে। চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এটি সংবাদপত্র ও মিডিয়ার বিজয়। এর ফলে আমার দেশ প্রকাশে আর কোনো বাধা নেই।তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আপিল বিভাগের আদেশে পত্রিকা প্রকাশের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ ছাড়া ছাপাখানা আইনের ১২ ধারা অনুসারে, প্রকাশক ছাড়া পত্রিকা প্রকাশ করা যায় না। পত্রিকাটির বর্তমানে কোনো প্রকাশক নেই। তাই প্রকাশক ছাড়া পত্রিকা প্রকাশ করা সংগত হবে না। আদেশ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের লিভ টু আপিল খারিজ করা হয়েছে। পক্ষদ্বয়কে হাইকোর্টে রুল শুনানির উদ্যোগ নিতে বলা হয়েছে।আবদুর রাজ্জাক বলেন, ‘মাহমুদুর রহমান মুক্তি পাবেন, সাংবাদিক নির্যাতন বন্ধ হবে—এটি আশা করছি।’ শুনানি: এর আগে শুনানিতে আমার দেশ-এর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এক বছর আগে প্রকাশক হতে মাহমুদুর রহমান আবেদন করেন। এ বিষয়ে প্রথম পুলিশের প্রতিবেদন মাহমুদুর রহমানের অনুকূলে যায়। কিন্তু এক বছর পর ওই আবেদন খারিজ করা হয়। এটি উদ্দেশ্যপ্রণোদিত। সরকারপক্ষে এম কে রহমান বলেন, হাসমত আলী পত্রিকাটির প্রকাশক পদ ছেড়ে দেন সাত মাস আগে। আইন অনুসারে প্রকাশক ছাড়া পত্রিকা প্রকাশ করা যায় না।