আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সাহিদুর রহমান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।মহানগর হাকিম এস এম আশিকুর রহমান বাদীর জবানবন্দি নিয়ে তেজগাঁও থানার পুলিশকে নালিশি আবেদনটি সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করে ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেন। মামলায় আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারা এবং দণ্ডবিধির ১২৪(এ) ও ৫০৫(এ) ধারায় অভিযোগ আনা হয়েছে।আদালত সূত্র জানায়, এ মামলায় ইন্টারনেটে কথা বলার মাধ্যম স্কাইপে ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও বেলজিয়াম-প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে ব্যক্তিগত কথোপকথনের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক পরস্পর যোগসাজশে বিচারপতি নিজামুল হকের গোপন তথ্য প্রকাশ করে ট্রাইব্যুনালের কর্মকাণ্ডে হস্তক্ষেপ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।আইনে যা আছে: ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৬ ধারা অনুসারে অপরাধ প্রমাণিত হলে ১০ বছর ও এক কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। এই আইনের ৫৭ ধারায়ও একই শাস্তির কথা বলা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ১২৪(এ) ধারায় অভিযোগ প্রমাণিত হলে যাবজ্জীবন ও জরিমানার বিধান রয়েছে। দণ্ডবিধির ৫০৫(এ) ধারায় সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।আমার দেশ-এর বিরুদ্ধে হাইকোর্টের রুল: এদিকে বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপকথন ‘হ্যাকিং’ ও তা প্রকাশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার ও গ্রেপ্তারের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।ফৌজদারি কার্যবিধি অনুসারে করা এক আবেদনের শুনানির পর গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্বরাষ্ট্র, আইন, তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আমার দেশ -এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।একই সঙ্গে স্কাইপে আলাপের বিষয়ে আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে মুদ্রণ ও প্রকাশনা আইনের কোনো ধারা লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজন হলে বিষয়টি প্রেস কাউন্সিলের বিবেচনার জন্য পাঠাতে বলা হয়েছে।এ ছাড়া রুল নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় অবৈধভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ধরনের আক্রমণাণত্মক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে-সংক্রান্ত প্রতিবেদন আগামী ৭ জানুয়ারির মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।স্কাইপে কথোপকথন নিয়ে সংবাদ প্রকাশের জন্য আমার দেশ-এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজহার উল্লাহ ভূইয়া গতকাল আবেদনটি করেন। আবেদনের ওপর শুনানিতে অংশ নেন আইনজীবী এ কে এম শফিউদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. শহীদুল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।