আমার দেশ সম্পর্কে রায় কাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপিতে কথোপকথন নিয়ে প্রতিবেদন ছাপিয়ে বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে ‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কাল মঙ্গলবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়েছে।এদিকে, বিএনপি-জামায়াতে ইসলামীর সমর্থিত আইনজীবীরা সংবাদ সম্মেলনে বিচারপতি নিজামুল হকের পদত্যাগ দাবি করেছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, ৯ ও ১০ ডিসেম্বর ‘আমার দেশ’ পত্রিকার শিরোনাম ও প্রতিবেদন কোনোভাবেই বিচার-প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত নয়। এখানে ট্রাইব্যুনালের বিচারককে উদ্দেশ্যমূলকভাবে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ট্রাইব্যুনালকে হেয়প্রতিপন্ন করতে ও বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এ কাজ করা হয়েছে। যাঁরা এ কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আরজি জানান।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ‘দি ইকোনমিস্ট’-এর দুই সাংবাদিককে ট্রাইব্যুনালের কারণ দর্শানো নোটিশের পর ‘আমার দেশ’ পত্রিকার কাজ একটি শাস্তিযোগ্য অপরাধ। তিনি এই কথোপকথন না ছাপানোর জন্য ‘আমার দেশ’সহ সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞার আরজি জানিয়ে বলেন, তথ্য মন্ত্রণালয়কে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে বলা যেতে পারে।ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করেন।