আমার দেশের প্রকাশনা বাতিলসংক্রান্ত রিটের আদেশ কাল
আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার বিকেলে দ্বিতীয় দিনের মতো উভয়পক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শেষ হয়। কাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে।বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ শেষে আদেশের এ দিন ধার্য করেন।১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ-এর প্রকাশনা বাতিল করা হয়। পরে ২ জুন ভোররাতে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।প্রকাশনা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার-উর নবী বাদী হয়ে ৭ জুন হাইকোর্টে রিট দায়ের করেন। এর ওপর ৮ ও ৯ জুন শুনানি গ্রহণ করেন আদালত। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানিতে অংশ নেন।রিটকারীর পক্ষের কৌঁসুলি এহসান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, শুনানি শেষ হয়েছে। আদালত কাল বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন।