আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার ও ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি করেছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকেরা। আজ শনিবার এক যুক্তবিবৃতিতে তাঁরা এ দাবি জানিয়ে বলেন, দৈনিক আমার দেশের প্রকাশনা বাতিল এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের ঘটনা অনাকাঙ্ক্ষিত।এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে সম্পাদকেরা বলেন, সরকারের এ পদক্ষেপ স্বাধীনভাবে তথ্য ও মতপ্রকাশের অধিকারের ওপর বড় ধরনের হুমকি। পত্রিকা বন্ধ করার এ সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের পরমত-সহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি সম্পর্কে নেতিবাচক বার্তা পাঠাবে এবং স্বদেশে গণতন্ত্র চর্চা ও বিকাশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হবে। এতে পত্রিকাটির স্থায়ী ও খণ্ডকালীন ৭০০ সাংবাদিক-কর্মচারীকে কর্মহীন ও তাঁদের পরিবারকে দুর্দশায় ফেলবে।বিবৃতিতে স্বাক্ষর করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফয়েজ আহমদ, আতাউস সামাদ, ইনডিপেন্ডেন্টের সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমদ, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, নিউ এজের সম্পাদক নুরুল কবীর, আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, যুগান্তরের সম্পাদক সালমা ইসলাম, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক রেজোয়ান সিদ্দিকী, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।