আমার দেশের বিরুদ্ধে রাজশাহীর মেয়রের মানহানি মামলা
মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত আলী ও স্থানীয় রিপোর্টারের বিরুদ্ধে মামলা করেছেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।আদালত সূত্রে জানা গেছে, বিচারক মসিউর রহমান চৌধুরী পত্রিকার প্রকাশক হাসমত আলী ও স্থানীয় রিপোর্টার সরদার এম আনিছুর রহমানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। পত্রিকার প্রিন্টার্স লাইনে নাম থাকায় মাহমুদুর রহমানকে আসামি করা হলেও কারাগারে থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি।উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে মেয়র লিটনকে ‘টেন্ডারবাজ’ ও ‘মিস্টার টুয়েন্টি পারসেন্ট’ বলে উল্লেখ করা হয়। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মেয়র মামলার এজাহারে উল্লেখ করেছেন।