আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান গ্রেপ্তার
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর চারটার দিকে কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ‘প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্টের’ ৭ ধারা অনুযায়ী পত্রিকাটির প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করা হয়।প্রকাশনা বাতিল হওয়ার পরপরই পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয়ে অভিযান চালায়। কিন্তু পত্রিকার সংবাদকর্মীরা তাঁদের সম্পাদককে গ্রেপ্তারে পুলিশকে বাধা দেন। রাত দুইটা পর্যন্ত কয়েক দফা পুলিশের সংখ্যা বাড়ানো হলেও কর্মীদের অনড় অবস্থানের কারণে পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। তার আগে আমার দেশ পত্রিকার কর্মীরা এর কার্যালয়ে ওঠার লিফট বন্ধ করে দেন। অবশেষে ভোর চারটার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মাহমুদুর রহমান ২০০৮ সালে আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনার দায়িত্ব নেন। ওই সময় থেকেই তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।