আমার দোষেই এটা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার বিষয়ে সম্প্রতি গঠিত উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে নিজের নাম থাকার দোষ স্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, ‘আমার দোষেই এটা হয়েছে। এত ব্যস্ত ছিলাম এবং এত উদ্বিগ্ন ছিলাম যে, না দেখেই কাগজটিতে সই করে দিয়েছি। আহ্বায়ক এখন অন্য কেউ হবেন।’গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থসচিব মোহাম্মদ তারেক এ সময় উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে তাঁর নাম গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় গত মঙ্গলবার অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পরিষদকে ভুলভাবে পরিবেশন করা হয়েছে। আমি এর চেয়ারম্যান না।’ প্রসঙ্গত, গত রোববার অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে পুঁজিবাজার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ছয় সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে সরকার। উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজনকে রাখার ব্যাপারে অর্থমন্ত্রী কোনো দোষ খুঁজে পাননি বলেও জানান। গতকালের ব্রিফিংয়ে কোন বিবেচনায় পরিষদে সেনাবাহিনীর লোক রাখা হলো—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, তাতে কী হলো! সেনাবাহিনীর প্রচুর লোকের বিনিয়োগ রয়েছে এ বাজারে।’ সাংবাদিকদের উদ্দেশ করে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা বলেন, ৩৩ লাখ বিনিয়োগকারী। এটা ভোগাস তথ্য। ৩৩ লাখ হিসাব (অ্যাকাউন্ট) থাকলেও এর মধ্যে ১১ লাখ কার্যকর। এই ১১ লাখের মধ্যে আবার কতজন প্রকৃতপক্ষে সক্রিয়, আমার জানা নেই।’ অনেক উদ্যোগ নেওয়ার পরও শেয়ারবাজারের অবস্থার উন্নতি ঘটছে না কেন, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘নো কমেন্ট।’উপদেষ্টা পরিষদের আহ্বায়ক কে হবেন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিদ্দিকীর (ফারুক আহমেদ সিদ্দিকী) কথা চিন্তা করেছিলাম। কিন্তু তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। দেখি কে হন। এখনই বলা যাচ্ছে না।’ ব্রিফিংয়ে দেশের অর্থনীতির অবস্থা ভালো বলে দাবি করেছেন অর্থমন্ত্রী। তবে ঝুঁকিও রয়েছে বলে স্বীকার করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ঝুঁকির কথা বাজেটেও বলা হয়েছিল। উত্তরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মূল্যস্ফীতি ও লেনদেনের ভারসাম্য নিয়ে সংবাদমাধ্যম আর সুশীল সমাজ নেতিবাচক ও হতাশাজনক কথাবার্তা বলছে।মূল্যস্ফীতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেল ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণে এখানে মূল্যস্ফীতি হয়েছে। তবে আমার ধারণা, বর্তমান অবস্থা থেকে এটা নিচে নামার সম্ভাবনাই বেশি।’ ভর্তুকিকে একটি বড় ধাক্কা উল্লেখ করে মুহিত বলেন, ‘ভর্তুকি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও বসেছি। সারে যেভাবে ভর্তুকি রয়েছে, তা আপাতত সেভাবেই থাকবে। আর ২০১৪ সালের পর বিদ্যুতে কোনো ভর্তুকি থাকবে না।’অর্থমন্ত্রী বলেন, ‘এখন তো লক্ষণীয় যে, বিদ্যুৎসংকট আমরা দারুণভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। আগামী বছর বিদ্যুতের কোনো সংকট থাকবে না। এ ছাড়া এক হাজার ৩০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের চিন্তা চলছে। এতে অর্থায়নের বেশির ভাগই আসবে বিদেশ থেকে।’ পদ্মা সেতু: পদ্মা সেতুতে বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগের বিষয়ে আজ বৃহস্পতিবার সংস্থাটির কাছে চিঠি পাঠানোর কথা জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে এ বিষয়ে বৃহস্পতিবার একটি সরকারি প্রেসনোট জারি করা হবে বলেও তিনি উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, ‘দাতাদের সঙ্গে একটি সাধারণ সম্পর্ক থাকে। অনেক প্রকল্পই বিলম্বিত হয়। এটা তেমন কিছু না। প্রকল্পের বিষয়ে আগে অনেক তারিখ দেওয়া হয়েছিল। এগুলো মানা যায়নি।’ রাষ্ট্রায়ত্ত শ্রমিকদের মজুরি বাড়ছে: এদিকে রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিকদের মজুরি ৭০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে জাতীয় মজুরি কমিশন গতকাল একটি প্রতিবেদন দিয়েছে অর্থমন্ত্রীর কাছে। প্রতিবেদনে মূল্যস্ফীতির দিক বিবেচনা করে বর্তমান মজুরি দুই হাজার ৪৫০ টাকা থেকে বাড়িয়ে চার হাজার ২৫০ টাকা করার সুপারিশ করা হয়। চলতি বছরের শুরুর দিকে সাবেক সচিব মোহাম্মদ মায়া আলমকে প্রধান করে এ কমিশন গঠন করা হয়। অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সুপারিশটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।