দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক গহীনে। লিখেছেন ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। এখানে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। কথা হলো তাঁর সঙ্গে।‘গহীনে’ নাটকে আপনার চেহারাটা খুব ভয়ঙ্কর মনে হয়।আমাকে একবার বাঘ আক্রমণ করেছিল। তখন বাঘের একটা থাবা পড়েছিল মুখের ওপর। ফলে আমার চেহারাটা একেবারে পাল্টে যায়। চোখ নেই, একটা হাতও অকেজো। আমরা তো সাধারণত বসে মেকআপ নিই, কিন্তু এখানে মেকআপ নিতে হয় শুয়ে। অন্তত দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে। মেকআপের কারণে পুরো শুটিংয়ের সময় একটা চোখ একেবারেই বন্ধ থাকে। আর তা ১২-১৪ ঘণ্টা। এ কারণে ওই চোখে একটু সমস্যা হচ্ছে, চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে।আপনি সাধারণত যে ধরনের চরিত্রে অভিনয় করেন, এটি সেগুলো থেকে একেবারেই আলাদা। কেমন লাগছে?চরিত্রটি কিন্তু আমি খুবই উপভোগ করছি। এ কারণেই শারীরিক কোনো কষ্ট অনুভব করি না। পুরো ব্যাপারটি নিয়ে পরিচালকের সঙ্গে বসে, আলোচনা করে, অনেক মহড়া করে তবেই ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই। নাটকটির কোনো ঘটনার কথা মনে পড়ে?আমরা কাজ করেছিলাম সিলেটের পাহাড়ি এলাকায়। নদীও আছে। একদিন নৌকায় শুটিং হচ্ছিল, নৌকাটি তীরের কাছাকাছি আসার সময় হঠাৎ ছইয়া ভেঙে যায়। ছইয়ার ওপর অনেক মানুষ ছিলেন। ছইয়ার নিচে ছিলেন আসাদ ভাইসহ (রাইসুল ইসলাম আসাদ) আরও অনেকে। কোনো বড় দুর্ঘটনা ঘটা অস্বাভাবিক ছিল না। ভাগ্য ভালো, ঘটেনি। আপনি ‘জয়যাত্রা’ ও ‘ছানা ও মুক্তিযুদ্ধ’ নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। নতুন কোনো চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে ভেবেছেন?হ্যাঁ, আমার নতুন চলচ্চিত্র ক্যাম্প। অক্টোবরেই শুটিং হবে। মুহম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস নিয়ে আফসানা মিমি চলচ্চিত্র তৈরি করবেন। এখানে আমি অভিনয় করব রাজাকারের চরিত্রে। আগামী সপ্তাহে ছবির স্ক্রিপ্ট নিয়ে পরিচালক (আফসানা মিমি) এবং আমরা বসব।