আমার নির্বাচনী এলাকা, তাই ত্রাণ কম
বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, ‘ফেনী যেহেতু আমার নির্বাচনী এলাকা তাই সরকার এখানকার বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদেরকে কোনো বরাদ্দ দেয়নি।’খালেদা জিয়া জনগণকে উদ্দেশ করে বলেন, আপনারা শুনেছেন, তারা খুব অল্প পরিমাণ ত্রাণ বরাদ্দ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করেনি। সরকার বৈষম্যমূলক আচরণ করছে। আজ রোববার দুপুরে ফেনীর পরশুরাম বাজারে স্টেশন সড়কে এক পথসভায় খালেদা জিয়া এসব কথা বলেছেন।বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের দলীয় নেতারা নিয়মনীতি না মেনে বিনা টেন্ডারে কাজ নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করছে। তিনি বলেন, ‘আমি খবর নিয়েছি এখানে বিদ্যুত্ থাকে না। শুধু এখানে নয় দেশের সব জায়গায় বিদ্যুতের কী বেহাল দশা তা আপনারা দেখেছেন। দেশের মানুষ এখন কষ্টে আছে।’খালেদা জিয়া আরও বলেন, অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে আওয়ামী লীগ। যত অবৈধ সরকার আছে—তাদের এবং স্বৈরশাসক এরশাদকেও বৈধতা দিয়েছে আওয়ামী লীগ সরকার।বিরোধীদলীয় নেতা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে না দিলে কঠোর আন্দোলন করা হবে।পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সাংসদ ও চেয়ারপারসনের উপদেষ্টা মোশারফ হোসেন, মহিলা সাংসদ রেহানা আক্তার রানু।পথসভা শেষে খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, পরশুরাম উপজেলায় ৩০ জনকে ১০ হাজার টাকা করে। এ ছাড়া ৫০০ লুঙ্গি, ৫০০ শাড়ি, পাঁচ কেজি করে ২০০ পরিবারকে চাল বিতরণ করা হয়।