আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ও ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী দমিনিক স্ত্রস-কান নিউইয়র্কে এক নারী হোটেলকর্মীকে নিয়ে যৌন নির্যাতনের ঘটনায় ফ্রান্সবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। স্ত্রস-কান ওই ঘটনাকে তাঁর ‘নৈতিক স্খলন’ আখ্যা দিয়ে ফ্রান্সের আগামী বছরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যৌন নির্যাতনের ঘটনার পর গতকাল রোববার সন্ধ্যায় স্ত্রস-কান তাঁর প্রথম টেলিভিশন সাক্ষাত্কারে এ কথা বলেন। তিনি বলেন, ‘এটি ছিল আমার নৈতিক স্খলনের বহিঃপ্রকাশ। এ জন্য আমি অনুতপ্ত।’স্ত্রস-কান জানান, এ ঘটনায় তিনি নিজের ওপর ক্ষুব্ধ। কারণ, এটা তাঁর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তাঁর পরিবারকে আঘাত দিয়েছে। এ ঘটনার ফলে তিনি সবকিছু হারিয়েছেন।স্ত্রস-কান বলেন, ‘এ জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে এবং এখনো দিতে হচ্ছে। আমি এ ব্যথা ভুলতে পারছি না, যা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিচ্ছে।’স্ত্রস-কানের বিরুদ্ধে নিউইয়র্কে এক নারী হোটেলকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়। এ ঘটনায় গত ১৪ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিনি আইএমএফের প্রধানের পদ থেকে সরে দাঁড়ান।