আমার পরিবারেরই একজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রাবস্থায় প্রচুর সিনেমা দেখতাম। নায়ক-নায়িকার হাসি-কান্না, রাগ-অনুরাগ, অভিমান-উচ্ছ্বাস ছুঁয়ে যেত আমাকে, মনে হতো ওরা আমার পরিবারেরই একজন! প্রথম আলোর ক্রীড়া বিভাগে যোগ দেওয়ার পর গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে প্রথম আমার এক স্বপ্নের নায়িকাকে (কবরী) খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হলো। সম্পাদক মতি ভাই (মতিউর রহমান) যখন বললেন তাঁকে ভালো একটা জায়গায় বসিয়ে দিতে, কাছে গিয়ে কী করব, ভেবে পাচ্ছিলাম না। রোমাঞ্চিত এই আমি আনন্দে প্রায় লাফিয়েই উঠেছিলাম। ভয়ে নয়, আনন্দে গায়ে কাঁটা দিয়েছিল! অতিথিকে বসিয়ে দিতে পারার আনন্দ, তাঁর সঙ্গে কথা বলার আনন্দের রেশ আজও ভুলিনি।বাংলা সিনেমা এখন আর সেভাবে দেখা হয়ে ওঠে না। তবে বিনোদনের আরেকটি পসরা নিত্যই আমাকে টেনে নিয়ে যায় টেলিভিশনের ছোট পর্দায়। রাত জেগে বার্সেলোনার খেলা দেখি, দেখি আর্জেন্টিনার ম্যাচ। দেখি গোলের পর লিওনেল মেসির আনন্দ, গোল না পেয়ে ম্যাচ শেষে খুদে জাদুকরের হতাশা কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়ের অবৈধ ট্যাকলে মাটিতে মুখ থুবড়ে পড়া তাঁর কাতর মুখ। পরদিন এএফপি-রয়টার্সের ছবি ডাউনলোড করার সময় মনে হয়, তিনি আমার পরিবারেরই কেউ। যখন শুনলাম সেই মেসিই বাংলাদেশে খেলতে আসবেন, কেন যেন বিশ্বাস হচ্ছিল না। প্রেসবক্সে বসে যখন চর্মচক্ষে মেসির ড্রিবলিং দেখছি, দেখছি বহু কাঙ্ক্ষিত সেই দৃশ্য, প্রতিপক্ষের ডিফেন্স চিরে এগিয়ে যাওয়া, সত্যি সত্যি চোখ রগড়ে নিতে ইচ্ছে হচ্ছিল। স্বপ্ন দেখছি না তো! আমাকে যখন শুভ্রদা (প্রথম আলোর ক্রীড়া সম্পাদক) রূপসী বাংলা হোটেলে প্রথম দিন অ্যাসাইনমেন্ট দিলেন, মনে মনে ভীষণ খুশি। মেসিকে দেখলাম মাত্র ১০ সেকেন্ডের জন্য! সাধ মিটল না। অনুশীলনেও দেখলাম দূর থেকে। ম্যাচেও। কিন্তু মেসির বিদায় বেলায় আর সুযোগটা হাতছাড়া করিনি। নিঃশ্বাস দূরত্বে দাঁড়িয়ে শরীরী ভাষায় কথা বলেছি। সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে উড়ে আসা স্বপ্নের তারকাকে কখনোই মনে হয়নি দূরের কেউ!